বাংলাদেশী শিক্ষার্থী অঞ্জন রায়

আইনী লড়াইয়ে ফিরে পেলেন ‘স্টুডেন্ট ভিসা’ 

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৪২ পূর্বাহ্ণ

আইনী লড়াইয়ে ফিরে পেলেন ‘স্টুডেন্ট ভিসা’ 

আইনী লড়াইয়ের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা অব্যাহত রাখার সুযোগ পুনরুদ্ধার করলেন বাংলাদেশী অঞ্জন রায় (২৩)। জানা গেছে, মিজৌরি স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অঞ্জন রায়ের ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা’ বাতিল করা হয়েছিল আরো অনেকের সাথে। কম্পিউটার সায়েন্সের এই শিক্ষার্থীকে ভিসা বাতিলের তথ্য জানানো হয় ইমেলে। কেন বাতিল করা হয়েছে তার উল্লেখ ছিল না। বিস্ময়ে হতবাক অঞ্জন রায় আইনের আশ্রয় নিলেন এবং এক পর্যায়ে আটলান্টাস্থ আদালত তার ভিসা বাতিলের নির্দেশ অকার্যকর করেছেন বলে ২৩ এপ্রিল তার নিয়োজিত এটর্নী গণমাধ্যমে জানিয়েছেন। ভিসা বাতিল করার মত কোন ধরনের তৎপরতায় লিপ্ত হননি অঞ্জন রায়। এমন তথ্য-উপাত্ত উপস্থাপনের পর আরো কয়েকজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ভিসা বাতিলের নির্দেশকেও আইনসম্মত হয়নি বলে মাননীয় আদালত উল্লেখ করেছেন। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের অভিবাসন-বিরোধী চলমান অভিযানে যোগ করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি কোন কার্যক্রম বা আন্দোলন-মিছিল-সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীর ভিসা বাতিলের প্রক্রিয়া। চলতি বছরের মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ১৮৩ কলেজ বা ভার্সিটির ১১৯০ শিক্ষার্থীকে এমন বিপর্যয়কর পরিস্থিতিতে ঠেলে দেয়ার অভিযোগ উঠেছে। গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ-সমাবেশে নেতৃত্ব প্রদানকারি কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে, যার মধ্যে গ্রীণকার্ডধারীও আছেন। ১০ এপ্রিল ভিসা বাতিলের ইমেল নোটিশ পাবার পরই মানসিকভাবে ভেঙ্গে পড়েন অঞ্জন রায়। এরপর তিনি গত সোমবার আদালতের আশ্রয় নেন। তার পক্ষে ভিসা বাতিল-প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেন এটর্নী চার্লস কাক। এর বিপরীতে মাননীয় আদালতে ট্রাম্প প্রশাসনের গৃহিত পদক্ষেপের প্রতি যুক্তি অবতারণাকালে এটর্নী ডেভিড পাওয়েল উল্লেখ করেছিলেন, ঐসব শিক্ষার্থী স্বেচ্ছায় অন্য কোন দেশে গিয়ে তাদের লেখাপড়া অব্যাহত রাখতে পারবেন। তারা যেহেতু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছেন তাই তারা আর শিক্ষার্থী হিসেবে অবস্থানের যোগ্য নন।

দীর্ঘ যুক্তি-তর্কের পর মাননীয় আদালত অঞ্জন রায়-সহ চারজনের ভিসা পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, গত বছর আগস্টে অঞ্জন রায় এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন আন্ডার গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্সে। নিয়মিতভাবে ক্লাস করছেন এবং খেলাধূলাতেও মনোনিবেশ করেছেন। ডিসেম্বরে তার গ্র্যাজুয়েশন সম্পন্নের পর জানুয়ারিতে ক্লাস শুরু করেছেন মাস্টার্স ডিগ্রির জন্যে। সামনের বছর মে মাসে এই ডিগ্রি পাবার কথা। এমনি অবস্থায় বিপর্যয়কর পরিস্থিতিতে নিপতিত অঞ্জন রায়সহ অন্যেরা হাল ছাড়েননি। কারণ তারা কেউই শিক্ষার বাইরে কোন অপতৎপরতায় লিপ্ত হননি। মাননীয় আদালতের সাময়িক স্থগিতাদেশের পরও তারা কেউই স্বস্তিতে নেই বলে বৃহস্প্রতিবার প্রাপ্ত সংবাদে প্রকাশ। অঞ্জন রায় এবং অন্য শিক্ষার্থীরা এখোনও ভীত-সন্ত্রস্ত জীবন-যাপনে বাধ্য হচ্ছেন বলে তাদের এটর্নী জানান। এভাবে যুক্তরাষ্ট্রের সামাজিক স্বস্তি আর সম্প্রীতির বন্ধনে চিড় ধরানো হচ্ছে বলে মানবাধিকার ও অভিবাসন নিয়ে কর্মরত সংস্থাসমূহ অভিযোগ করেছে। বিভিন্ন আদালতে চলমান মামলাগুলোর অন্যতম সহযোগী আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনজীবীরাও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসাধারীদেরকে সতর্কতার সাথে চলাফেলার পরামর্শ দিয়েছে। তারা জানায়, যুক্তরাষ্ট্রের সংবিধানই সকলের কথা বলার অধিকার দিয়েছে। বিবেকের কাছে অন্যায় বলে মনে হলেই নাগরিকেরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে সক্ষম বলে সংবিধানে লিপিবদ্ধ রয়েছে। তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন পদক্ষেপকে স্থায়ীভাবে রুখে দেয়ার আইনী লড়াই চলছে বিভিন্ন ফেডারেল কোর্টে। উল্লেখ্য, অবৈধ অভিবাসীর মধ্যে যারা গুরুতর অপরাধী এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি-কেবলমাত্র তাদেরকেই গ্রেফতার ও বহিষ্কারের অঙ্গিকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গত জানুয়ারি থেকে গ্রেফতার ও বহিষ্কারের যে প্রক্রিয়া চলছে তাতে ভিসাধারী, এমনকি গ্রীণকার্ডধারীরাও নাজেহাল হচ্ছেন।

ঢাকার সন্তান অঞ্জন রায় কানাডা এবং অস্ট্রেলিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষার পথ বেছে নিয়েছেন কারণ, আমেরিকায় গবেষণার সুযোগ অনেক বেশী। এছাড়াও উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগও অবারিত। মেধাবি এই শিক্ষার্থীর ভবিষ্যত পরিকল্পনায় রয়েছে আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার। কিন্তু ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপের পরিপ্রেক্ষিতে লাখ লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের স্বপ্ন ধুলিসাত হবার উপক্রম হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৭:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us