১৫ মাসেও সাড়া না পেয়ে পুলিশের গুলিতে নিহত

উইন রোজারিওর পরিবার সিটির বিরুদ্ধে মামলা করলেন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১১ পূর্বাহ্ণ

উইন রোজারিওর পরিবার সিটির বিরুদ্ধে মামলা করলেন

গত বছরের ৮ মে সিটি হলের বারান্দায় উইন রোজারিও হত্যাকান্ডের বিচার দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎস রোজারিওকে পাশে নিয়ে উইনের মা নট্যান ইভা কোস্টা কথা বলছেন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

১৫ মাসেও সুবিচারের নাম-নিশানা নেই বাংলাদেশী তরুণ উইন রোজারিও হত্যাকান্ডের। ২০২৪ সালের ২৭ মার্চ ১৯ বছর বয়েসি উইনকে ওজোনপার্কের বাসায় ঢুকে দুই পুলিশ গুলি করে হত্যা করেছে তার মা এবং বড় ভাইয়ের সামনেই। এ নিয়ে কম্যুনিটিতেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। অভিযুক্ত দুই পুলিশ অফিসার স্যালভেটর অ্যালঙ্গি এবং ম্যাথিউ সিয়ানফ্রকো-ও বিরুদ্ধে বিভাগীয় কোন অ্যাকশন গ্রহণ করা হয়নি। গ্রেফতার কিংবা বরখাস্তের উদ্যোগও নেয়নি সিটি মেয়র কিংবা পুলিশ বিভাগ।

এহেন অবস্থায় গত সোমবার উইন রোজারিওর পরিবার আরেকটি মামলা করেছেন। মামলার পাশাপাশি সিটি মেয়র ও পুলিশ প্রশাসনের প্রতিও সর্বশেষ আকুতি জানাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সেখানে স্মারকলিপি প্রসঙ্গে প্রচন্ড ক্ষোভের সাথে পুলিশের গুলিতে নিহত উইনের ভাই উৎস রোজারিও বলেন, অবস্থা দৃষ্টে অনুধাবনে সক্ষম হচ্ছি যে, আমরা ন্যায় বিচার পাবো না। তবুও আমরা উইনের আত্মার শান্তির জন্যে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা অব্যাহত রাখবো। উৎস রোজারিও সিটি মেয়রের উদ্দেশ্যে বলেছেন, আসুন বসুন আমাদের সাথে। ভাই-সন্তান হারানোর কষ্টবোধের কিছুটা হলেও শেয়ার করুন।

উল্লেখ্য, অভিযুক্ত দুই পুলিশ অফিসারের বডি ক্যামেরা থেকেই মানসিক বিকারগ্রস্ত উইনকে নির্দয়ভাবে গুলি করে হত্যার বিবরণী রয়েছে। মাত্র দু’মিটিনের মধ্যেই মা নোট্যান ইভা কোস্টা এবং ভাই উৎস রোজারিওর আকুতির মধ্যেই উইনের প্রাণ সংহার করা হয়েছে। আরো উল্লেখ্য, মানসিকভাবে যন্ত্রণাবোধ করায় উইন নিজেই পুলিশকে ফোন করেছিলেন। এটি জেনেও পুলিশ কেন মানসিক রোগীর চিকিৎসায় নিয়োজিত নার্স-সহ অ্যাম্বুলেন্স নিয়ে আসেনি অকুস্থলে-এ প্রশ্নের জবাবও সিটি প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়নি কখনো।

জানা গেছে, সিটি মেয়র এরিক এডামসের সাথে কম্যুনিটির কিছু দুষ্ট লোকেরও গভীর সম্পর্ক রয়েছে। উইন রোজারিওর হত্যাকান্ড নিয়ে ক্ষোভ চলার সময়েও দুষ্ট প্রকৃতির লোকজনেরা মেয়রকে নিয়ে উৎসব-সমাবেশ করলেও ঘুনাক্ষরে জানতে চাননি উইন হত্যার জন্যে দায়ী অফিসারদের বিচার হবে কিনা।

এদিকে উইন রোজারিওর পিতা ফ্রান্সিস রোজারিও বুধবার রাতে এ সংবাদদাতাকে জানান, আলোর নীচেই অন্ধকারের ন্যায় পরিস্থিতির ভিকটিম আমরা। বিশ্বের রাজধানী খ্যাত এই সিটির পুলিশ আমার ঘরে ঢুকে মানসিকভাবে অসুস্থ আমার ছেলে উইন রোজারিওকে তার মায়ের সামনে গুলি করে হত্যা করেছে। অথচ সেই হত্যাকান্ডের বিচারে ন্যূনতম অগ্রগতি নেই। সিটি মেয়র এরিক এডামস একবারও খোঁজ নেননি আমরা কেমন আছি, কীভাবে দিনাতিপাত করছি। ক্ষুব্ধচিত্তে ফ্রান্সিস আরো জানালেন, ন্যায় বিচারের জন্যে আমরা ক্রিমিনাল কোর্টে এবং ক্ষতিপূরণ আদায়ের জন্যে সিভিল কোর্টে মামলা করেছি। কোনটিরও সুবিচারের পথ সুগম হয়নি মেয়রের নির্লিপ্ততার জন্যে। তাই এখোন আমরা একটি সংস্থার মাধ্যমে সিসিআরবি (সিভিলিয়ান কমপ্লেইন রিভিউ বোর্ড) ’র সাথে বৈঠকে মিলিত হবো। তাদেরকে সবিস্তারে অবহিত করবো এই হত্যাকান্ড নিয়ে সিটি মেয়র ও পুলিশ কমিশনারের সীমাহীন গাফিলতির ব্যাপার। একইসাথে কম্যুনিটি বিবেকসম্পন্ন মানুষদের সহযোগিতাও কামনা করছি আর কোন মায়ের বুক এভাবে যাতে খালি না হয়।

Facebook Comments Box

Posted ৯:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us