নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উৎসব ২ নভেম্বর

আনিসুর রহমান   প্রিন্ট
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:১৯ পূর্বাহ্ণ

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উৎসব ২ নভেম্বর

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাগণ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

উত্তর আমেরিকায় প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন নিউইয়র্কস্থ ‘বাংলাদেশ সোসাইটি’র অর্ধশতাব্দীর ঐতিহাসিক মাইলফলক উদযাপনের বর্নাঢ্য সমাবেশ হবে আসছে ২ নভেম্বর। বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই অনন্য আয়োজন, যেখানে মিলিত হবে বাঙালির ইতিহাস, সংস্কৃতি, আবেগ, কৃতজ্ঞতা ও ভবিষ্যতের প্রতিশ্রুতি। সুবর্ণ জয়ন্তি উদযাপনের জন্যে সাবেক সভাপতি ডা. মইনুল ইসলাম মিয়াকে চেয়ারপার্সন, বর্তমান কার্যকরী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ানকে আহবায়ক, সাবেক সভাপতি ডা. হামিদুজ্জামান খানকে প্রধান উপদেষ্টা করে একটি কমিটি গঠিত হয়েছে।

এ উপলক্ষে ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয় যে, সাবেক কর্মকর্তাদের সংবর্ধনা ও দীর্ঘ পথ-পরিক্রমার স্মৃতিচারণ অনুষ্ঠান, যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, বিশেষ আলোচনা সভা, ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের ছেলেমেয়েদের বিশেষ পরিবেশনা ও সম্মাননা প্রদান, কমিউনিটিতে অবদান রাখা বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান ছাড়াও থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় আরো জানানো হয় যে, প্রায় লাখ ডলারের বাজেটে ‘সুবর্ণ জয়ন্তি’র এ উৎসব হবে কুইন্সে টেরেস অন্য দ্য পার্ক’র মিলনায়তনে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং আয়োজনের প্রেক্ষাপট উপস্থাপন শেষে গণমাধ্যমকর্মীগণের অব্যাহত সহযোগিতা কামনা করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম। শুরুতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়ংকর সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ-শ্রদ্ধার আগে তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা মাসুমের নেতৃত্বে।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ সোসাইটি কেবল একটি সংগঠন নয়-এটি প্রবাসী বাংলাদেশিদের ঐক্যের প্রতীক, পরিবারের বন্ধন, এবং আমাদের বাঙালি সংস্কৃতি ও সামাজিক পরিচয়ের ভিত্তি। ১৯৭৫ সালে যাত্রা শুরু করা এই সংগঠন আজ অর্ধশতাব্দী পেরিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে একটি স্বনির্ভর, প্রভাবশালী ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, আমরা কৃতজ্ঞ তাঁদের প্রতি যাঁরা এই সংগঠনকে গড়ে তুলেছেন। বাংলাদেশ সোসাইটির এই সাফল্যময় অর্ধশতাব্দীতে প্রতিষ্ঠাকালীন সদস্যরা বিশাল একটি স্বপ্নের বীজ বপন করে গেছেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে এই সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন তার কাঙ্খিত লক্ষ্যে। আজ বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্রের মাটিতে একটি স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডা. হামিদুজ্জামান খান। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

বলা হয়, ৫০ বছরের এই দীর্ঘ যাত্রা কেবল উৎসবের নয়, এটি আবেগ, দায়িত্ব ও স্মৃতিরও যাত্রা। তাই মূল অনুষ্ঠানের আগে আমরা আয়োজন করব কয়েকটি ছোট কিন্তু অর্থবহ কর্মসূচি। যাতে রয়েছে, স্মরণ সভা ও দোয়া মাহফিল:- আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো তাঁদের, যাঁরা বাংলাদেশ সোসাইটির নেতৃত্ব দিয়েছেন, শ্রম দিয়েছেন, সেবা করেছেন কিন্তু আজ আমাদের মাঝে নেই। তাঁদের অবদানই বাংলাদেশ সোসাইটিকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করতে আমরা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করব। থাকবে রক্তদান কর্মসূচি:- জীবন বাঁচানোর চেয়ে মহৎ কাজ আর নেই। সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা আয়োজন করব একটি Blood Donation উৎসব, যাতে প্রবাসী বাংলাদেশিরা মানবতার সেবায় এগিয়ে আসতে পারেন। এই মহাআয়োজন সফল করতে আমরা কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবো। প্রবাসের সকল আঞ্চলিক, সামাজিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক, ক্রীড়া, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতামত, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমেই এই সুবর্ণজয়ন্তীকে সফলভাবে উদযাপন করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ আলী। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

আরো উল্লেখ করা হয়, সুবর্ণজয়ন্তী উপলক্ষো একটি স্মারকগ্রন্থ (স্মরণিকা) প্রকাশ করা হবে। এটি কেবল একটি বই হবে না; বরং হবে আমাদের অর্ধশতাব্দীর যাত্রাপথের একটি জীবন্ত দলিল। এতে লিপিবদ্ধ হবে বাংলাদেশ সোসাইটির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ইতিহাস, অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য, এবং প্রবাসীদের গল্প। আমরা বিশেষভাবে প্রাক্তন কর্মকর্তাদের, বিশেষত যাঁরা সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময়ে ভূমিকা রেখেছেন, তাঁদের আহ্বান জানাচ্ছি যেন তাঁরা তাঁদের অভিজ্ঞতা, সংগ্রাম, স্বপ্ন ও কৃতজ্ঞতার কথা লিখে দেন। তাঁদের কলমেই ধরা পড়বে বাংলাদেশ সোসাইটির প্রকৃত ইতিহাস ও হৃদয়ের গল্প। একইসঙ্গে প্রবাসী সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের চোখে দেখা সোসাইটির অভিজ্ঞতা ও মতামত তুলে ধরতে। আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যারা লেখা দিতে আগ্রহী তাঁরা অবশ্যই আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ই-মেলে (pr.bdsociety@gmail.com) লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

সংবাদ সম্মেলনে সুবর্ণ জয়ন্তি উৎসবের প্রস্তুতি আলোকে কথা বলেছেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহনেওয়াজ, সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভূঁইয়া, ডা. হামিদুজ্জামান খান এবং ডা. মইনুল ইসলাম মিয়া, এম আজিজ এবং আজমল হোসেন কুনু, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম এবং মোহাম্মদ হোসেন খান। জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে আরো ছিলেন সোসাইটির কার্যকরী কমিটির কর্মকর্তা ছাড়াও বোর্ড অব ট্রাস্টির সদস্যরা।

Facebook Comments Box

Posted ৮:১০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us