লসএঞ্জেলেসে ৪২ বর্গমাইলে আগুনের লেলিহান শিখা, মৃত্যু ৫, প্রবাসী বাংলাদেশিরাও সন্ত্রস্ত

তপন দেবনাথ   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:১৫ পূর্বাহ্ণ

লসএঞ্জেলেসে ৪২ বর্গমাইলে আগুনের লেলিহান শিখা, মৃত্যু ৫, প্রবাসী বাংলাদেশিরাও সন্ত্রস্ত

নিয়ন্ত্রণহীনভাবে বিস্তৃতি ঘটা ভয়াবহ দাবানলে সন্ত্রস্ত লসএঞ্জেলেসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। বুধবার রাতে (স্থানীয় সময়) সে দাবানলের বিস্তৃতি ঘটেছে বিশ্বখ্যাত পর্যটন এলাকায় হলিউড হীলস এবং স্টুডিয়ো সিটিতেও। খ্যাতিমান চলচ্চিত্র তারকা ম্যান্ডি মোর, ক্যারি উল্যুজ, প্যারিস হিল্টনের বিলাসবহুল বাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে চোখের নিমিষে। প্রশান্ত মহাসাগরীয় উপক’লীয় এলাকা থেকে প্যাসাডিনা পর্যন্ত এলাকায় আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই স্কুল-ব্যবসা-বাড়িঘর এবং সবুজে ঘেরা গোটা জনপদ। দমকল বাহিনী, সিটি ও স্টেট প্রশাসনের পাশাপাশি ফেডারেল প্রশাসনের সর্বস্তরে গভীর উদ্বেগ বিরাজ করছে এই আগুণ নিয়ন্ত্রণে অপারগতা নিয়ে। ৩ হাজারের অধিক দমকল কর্মী মঙ্গলবার বিকেল থেকে বিরামহীনভাবে কাজ করছেন। এখোন আশে পাশের ৫টি স্টেটের দমকল বাহিনী এবং ন্যাশনাল গার্ড-কে ডাকা হয়েছে। সানফ্রান্সিসকো সিটির সমপরিমাণ অর্থাৎ ৪২ বর্গমাইলে বিস্তৃত এই আগুণ ঝড়ের গতিতে লোকালয়ে ছড়িয়ে পড়ছে বলে এলাকার মানুষ জানিয়েছেন। ইতিমধ্যেই ৫ জনের দগ্ধ লাশ উদ্ধারের সংবাদ দিয়েছে সিটি কর্র্তৃপক্ষ। এক লাখ ৩৭ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিয়েছে পানি সরবরাহে সংকট পরিলক্ষিত হওয়ায়। কারণ, গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রেসিডেন্ট জো বাইডেন লসএঞ্জেলেস সফর করেছেন বুধবার। এরপরই তিনি সে এলাকায় ফেডারেল জরুরী অবস্থা ঘোষণা করেছেন। স্থানীয় প্রশাসন জারি করেছে কার্ফ্যু। শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যকেন্দ্র এবং বড় ধরনের অবকাঠামোসহ দুই হাজারের অধিক স্থাপনা চোখের সামনে পৃুড়েছে বুধবার সন্ধ্যা নাগাদ।

লসএঞ্জেলেসের সংবাদদাতা জানান, লসএঞ্জেলেস সিটির ডাউন টাউন তথা লিটল বাংলাদেশ নামক স্থান থেকে আগুণের লেলিহান শিখা ৩০/৩২ মাইল দূরে হলেও ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। চোখ ঝলসে যাচ্ছে ঘরের বাইরে গেলেই। মানুষ-জন আতংকে রয়েছে। এখোন পর্যন্ত বাংলাদেশী অধ্যুষিত তথা অভিবাসীদের এলাকায় আগুনের বিস্তৃতি ঘটেনি। তবে যেভাবে ছড়িয়ে পড়ছে তা থেকে পরিত্রাণে যথাযথ প্রস্তুতি সম্পন্ন না হলে শুক্রবারের মধ্যে আমরাও আক্রান্ত হবো। দাবানলের মোকাবেলা করতে গিয়ে ব্যবহারযোগ্য সম্পদের ওপর চাপ পড়ছে এবং পানি সরবরাহ শেষ সীমায় গিয়ে ঠেকছে।

জানা গেছে, মঙ্গলবার শুষ্ক আবহাওয়ার মধ্যে ক্যালিফোর্নিয়ায় দাবানল শুরু হওয়ার পর থেকে প্রায় বাধাহীনভাবে ছড়িয়েছে। এখন পর্যন্ত অন্তত পাঁচটি দাবানলের মধ্যে বড় দু’টি লস অ্যাঞ্জেলেস শহরকে প্রায় ঘিরে ধরেছে। এর একটিতে মৃত্যু হয়েছে অন্তত পাঁচজনের। হারিকেনের শক্তি নিয়ে বইতে থাকা জলীয়বাষ্পহীন বাতাসের তোড়ে আগুন আরও প্রবল হয়ে উঠছে। এসব দাবানল ঠেকানো ক্যালিফোর্নিয়ার দমকল ও জরুরি বিভাগের কর্মীদের জন্য অসম্ভব হয়ে উঠেছে। তাদের প্রচেষ্টা জোরদার করতে আশাপাশের ছয়টি অঙ্গরাজ্যের দমকল ও জরুরি বিভাগের কর্মীরা ক্যালিফোর্নিয়ার গিয়ে জড়ো হচ্ছেন। পাঁচটি দাবানলের মধ্যে তিনটি পুরোপুরি বাধাহীনভাবে ছড়াচ্ছে।

এদিকে, নিয়ন্ত্রণহীন দাবানলে পুড়তে থাকায় প্রেসিডেন্ট জো বাইডেন তার ইতালি সফর বাতিল করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। ইতালি সফরের বদলে প্রেসিডেন্ট বাইডেন ক্যালিফোর্নিয়ার দাবানলগুলোর বিষয়ে ফেডারেল কর্তৃপক্ষের পূর্ণ সাড়ার দিকটিতে মনোযোগ দিতে চান। ইতালিতে বাইডেনের এই সফরের ঘোষণা ডিসেম্বরেই দেয়া হয়েছিল হোয়াইট হাউজ থেকে। তখন তারা জানিয়েছিল, বাইডেন ৯ থেকে ১২ জানুয়ারি ইতালি সফর করবেন, আর এ সময় তিনি পোপ ফ্রান্সিস, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। কিন্তু বুধবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, আজ সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে আসার পরে প্রেসিডেন্ট বাইডেন সামনের দিনগুলোতে পূর্ণ ফেডারেল রেসপন্স তদারকির দিকে মনোযোগ দিতে তার আসন্ন ইতালি সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার সকালে বাইডেন ক্যালিফোর্নিয়া গিয়ে ওই এলাকায় ছড়িয়ে পড়া ঐতিহাসিক দাবানলের বিরুদ্ধে লড়াইরাত পুলিশ, দমকল ও জরুরি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং স্টেটে একটি ‘বড় ধরনের বিপর্যয় চলছে’, এমন ঘোষণার অনুমোদন দিয়েছেন-জানিয়েছে হোয়াইট হাউজ।

Facebook Comments Box

Posted ৮:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us