নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ১১:৫১ পূর্বাহ্ণ
ইংরেজী নতুন বছর ২০২৫ কে বরণের আমেজে আবিষ্ট লোকজনের ওপর পিকআপ ভ্যান চালিয়ে হতাহতের ঘটনার সংবাদে হতচকিত হয়ে বছরের প্রথম দিনটি শুরু হলো লুঝিয়ানা স্টেটের নিউঅর্লিন্স সিটির প্রবাসীদের। তবে সকাল ১১টায় এ সংবাদ লেখা পর্যন্ত সময়ে হতাহতদের মধ্যে কোন বাংলাদেশী আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সেখানকার প্রবাসীরা জানান যে, ঐ এলাকার হোটেল-রেস্টুরেন্ট সমূহে কিছু প্রবাসী কাজ করেন। উল্লেখ্য, মিসিসিপি নদীর ওপর ও পাড় ঘেষে বারবোন স্ট্রিট বরাবরই লোকে লোকারণ্য থাকে। বিশেষ করে বর্ষবরণ উপলক্ষে ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকেই হাজার হাজার আমেরিকানের উচ্ছ্বল উপস্থিতি ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকাকে সরগরম রাখে, এবারও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু নতুন বছরের ভোরে বারবোন স্ট্রিটের যেস্থান দিয়ে পুননির্মাণের কাজ চলছিল, ঠিক ঐ স্থানের ব্যারিকেড (বারবোন ও ক্যানেল স্ট্রিটের ইন্টারসেকশন) ভেঙ্গে দ্রুতবেড়ে পিকআপ ভ্যান চালানো হয় জড়ো হওয়া মানুষের ওপর দিয়ে।
নিউ অর্লিন্স পুলিশ ডিপার্টমেন্টের সুপারিন্টেন্ডেন্ট অ্যানি কারপ্যাট্রিক বুধবার সকালে গণমাধ্যমে বলেছেন, অধিকসংখ্যক মানুষ হত্যার মতলবেই লোকটি খুব দ্রুতবেগে গাড়ি চালাচ্ছিল এবং এক পর্যায়ে সে গাড়ি থেকে নেমে পুলিশের প্রতি গুলি বর্ষণ করে। এতে দু’জন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছেন। গাড়ি চাপায় অকুস্থলেই ১০ জন নিহত এবং ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ পুৃলিশ অফিসারদেরকেও নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের সাথে গুলি বিনিময়ের সময়েই কথিত ড্রাইভার নিহত হয়েছে বলেও অকস্থিলে তদন্তরত এফবিআই কর্মকর্তারা সিভিএস টিভিকে জানিয়েছেন। এফবিআই ধারণা করছে যে, এটি একটি সন্ত্রাসী আক্রমণ। নিউ অর্লিন্স সিটি মেয়র লাটোয়া ক্যান্ট্রেল জানান যে, তারও ধারণা এটি সন্ত্রাসী হামলা। লুইঝিয়ানা স্টেটের গভর্ণর জেফ ল্যান্ড্রি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং নিহতদের স্বজনের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
হোয়াইট হাউজ থেকে জানা গেছে যে, প্রেসিডেন্ট বাইডেনকে ইতিমধ্যেই এটর্নী জেনারেল সবকিছু অবহিত করেছেন। বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন হতাহতদের জন্যে সমবেদনা জানিয়ে বলেছেন যে, সব ধরনের সহযোগিতা লুইঝিয়ানা স্টেটকে প্রদান করা হবে।
নিউঅর্লিন্সের সন্নিকটে বসবাসরত এবং সেখানকার একটি ইউনিভার্সিটির শিক্ষক ড. শিবলী স্থানীয় সময় সকাল ১০টায় এ সংবাদদাতাকে জানান, বিভিন্ন টিভি সংবাদে আমরাও হতবাক। যে এলাকায় পিকআপ ভ্যানটি হামলে পড়েছিল সেখানে বহু মানুষ জড়ো হোন বর্ষবরণ উপলক্ষে। আশেপাশের হোটেল-মোটেল এবং রেস্টুরেন্টে বিভিন্ন দেশের মানুষের সাথে বাংলাদেশীরাও কাজ করেন। এজন্যে চেষ্টা করছি সে সব প্রবাসীর অবস্থা জানতে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সকলেই যেন নিরাপদে থাকেন।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর