অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৭:১৯ পূর্বাহ্ণ
ফিলিস্তিনের গাজায় নতুন করে হামলা শুরুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটিতে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলের রাস্তায় ১০ হাজারের বেশি মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, গাজায় হামলা অব্যাহত রেখে নেতানিয়াহু রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছেন। বিক্ষোভকারীরা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বন্দিদের ফিরিয়ে আনার দাবি তুলেছেন। জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করে।
ব্রাদার্স ইন আর্মস আন্দোলনের প্রধান নির্বাহী ইতান হার্জেল বলেন, ‘নেতানিয়াহু এখন নিজেকে রক্ষা করার জন্য ইসরায়েলে জনসাধারণকে বিরক্ত করবে, এমন বিষয়গুলো থেকে নজর অন্যদিকে সরানোর জন্য আবারও যুদ্ধ শুরু করেছে। সরকার সম্ভাব্য সব পর্যায়ে সব ধরনের বৈধতা হারিয়েছে। তারা ব্যর্থ হচ্ছে।’
গত বুধবার থেকে হাজার হাজার মানুষ জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের কাছের সড়কগুলোতে অবস্থান নেয়। তাদের অনেকের হাতেই ছিল পতাকা এবং গাজায় এখনো জিম্মি থাকা মানুষদের সমর্থনে লেখা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।
ইসরায়েলি হামলায় মঙ্গলবার (১৮ মার্চ) ভোর থেকে বৃহস্পতিবার (২০ মার্চ) পর্যন্ত ৫০৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ২০০ শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা। যদিও এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-ডাকরানকে উদ্ধৃত করে ৭১০ জনের মৃত্যুর খবর দিয়েছিল সংবাদমাধ্যমটি।
বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় ২০০ শিশুসহ ৫০৬ জন নিহত হয়েছেন। এই হামলায় ৯০৯ জন আহত হয়েছেন।
Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর