বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ০৭ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:৫১ পূর্বাহ্ণ
হোয়াইট হাউজে মধুচন্দ্রিমার সময় ট্রাম্পের পাশে ইলোন মাস্ক। ছবি-সংগ্রহ।
গত নির্বাচনে ট্র্রাম্পের বিজয়ে বিপুল অর্থ ঢালা ইলোন মাস্কের সাথে সম্পর্কের অবনতির পর মাস্ক কর্তৃক শনিবার ‘আমেরিকা পার্টি’ গঠনের আনুষ্ঠানিক ঘোষনার পরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ ট্রাম্প লিখেছেন, এটা ‘বিধ্বস্ত ট্রেনের ধ্বংসস্তুপ’। ‘এটা দিয়ে কাজ হবে না, কারণ আমেরিকায় কখনোই তৃতীয় পার্টির জন্যে প্রস্তুত নয়। এর আগেও তৃতীয় পার্টি হিসেবে অনেকে মাঠে নেমেছেন কিন্তু কখনোই সফলতা পায়নি। এটা শুধু নানাভাবে প্রতিবন্ধকতা এবং দ্বন্দ্ব-সংঘাত তৈরী করবে’-মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের। নিউজার্সির মরিসটাউন থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে উঠার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প উল্লেখ করেন, “আমার দৃষ্টিতে তৃতীয় কোনো দল খোলা হাস্যকর। রিপাবলিকান পার্টিতে আমাদের অসাধারণ সফলতা আছে। ডেমোক্র্যাটরা পথ হারিয়ে ফেলেছে, কিন্তু এটা সবসময় দ্বিদলীয় ব্যবস্থাতেই সীমাবদ্ধ থেকেছে, আমার মনে হয় তৃতীয় একটি দল খোলায় কেবল বিভ্রান্তিই যোগ হবে”। “মনে হচ্ছে, আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা দুই দলকে মাথায় রেখেই তৈরি হয়েছে। তৃতীয় দল কোনোদিনই সফল হয়নি, কাজেই মাস্ক চাইলে এটা নিয়ে মজা করতেই পারেন, কিন্তু আমার দৃষ্টিতে ব্যাপারটা হাস্যকর,” বলেছেন ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প টেসলা প্রধানকে নিয়ে আরও বলেছেন, “ইলোন যে পুরোপুরি পথভ্রষ্ট হয়ে পড়েছেন, গত ৫ সপ্তাহে তিনি যে বিপর্যস্ত অবস্থায় চলে গেছেন তা দেখে আমি মর্মাহত”।
শুক্রবার কর কমানো ও বিপুল ব্যয়ের ‘বিগ, বিউটিফুল বিলে’ স্বাক্ষর করে একে আইনে পরিণত করেন ট্রাম্প। পরদিনই মাস্ক এর প্রতিক্রিয়ায় ‘আমেরিকা পার্টি’ নামে তৃতীয় একটি দল খোলার ঘোষণা দেন। ট্রাম্পের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে বলেও মাস্ক সতর্ক করেছেন।
“তিনি যদি ঋণ ৫ ট্রিলিয়ন ডলার বাড়াবেনই, তাহলে ডিওজিই-র দরকার কি ছিল?” রোববার এক্সে এমনটাই লিখেছেন। ডিওজিই বলতে তিনি বুঝিয়েছেন ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সিকে’। ট্রাম্প এ দফায় ক্ষমতায় আসার পর সরকারি কর্মীবাহিনীর আকার ছোট করতে এ বিভাগটি খুলেছিলেন, শুরু থেকে কয়েক মাস এর নেতৃত্বে ছিলেন মাস্ক।
উল্লেখ্য, ট্রাম্পের কথিত ‘বিগ বিউটিফুল বিল’টি আইনে পরিণত হবার পরই মাস্ক এটাকে আমেরিকার জন্যে ভয়ংকর একটি ক্ষত হিসেবে অভিহিত করে এই বিল পাশে যেসব রিপাবলিকান সহযোগিতা করেছেন তাদেরকে সামনের বছরের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ধরাশায়ী করতে নয়া রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আবির্ভূত ইলোন মাস্ক। এ অভিপ্রায়ে তিনি সোস্যাল মিডিয়ায় সমর্থকদের মধ্যে পরিচালিত এক জরিপে দেখতে পান যে, বিকল্প নেতৃত্ব তৈরীর জন্যে নয়া পার্টি গঠনে ৬৫.৪% সমর্থন দিয়েছেন। ঐ জরিপে অংশ নেন সাড়ে ১২ লাখ আমেরিকান।
মাস্কের এই নয়া রাজনৈতিক দল গঠনকে অনেকে ইতিবাচক হিসেবে দেখে মন্তব্য করেছেন যে, এর ফলে রিপাবলিকানরা নিজেদের ঢেলে সাজানোর উদ্দিপনা পাবে এবং আমেরিকার রাজনৈতিক ক্ষমতা শুধু দুটি বড় পার্টির কবল থেকে মুক্তি পাবার পথও খুঁজে পেতে পারে।
দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারি মাস্ক ২০০২ সালে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পেয়েছেন। এরপর ব্যবসা-বাণিজ্যে ব্যাপক সফলতা অর্জনের পথ বেয়ে গত নির্বাচনে ট্রাম্পকে অর্থ প্রদান ছাড়াও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ একজনে পরিণত হয়েছিলেন। তবে এই সম্পর্কে টানাপোড়ে দেখা দেয় হোয়াইট হাউজে অধিষ্ঠিত হবার কয়েক সপ্তাহের মধ্যেই।
২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে জেতাতে বিপুল অর্থ খরচ করা মাস্ককে নতুন প্রশাসনের প্রথম কয়েক মাসে নিয়মিতই ওভাল অফিস ও অন্যত্র প্রেসিডেন্টের সঙ্গে দেখা গেছে।
এই ‘বিগ, বিউটিফুল বিল’ নিয়েই দুইজনের মধ্যে মতপার্থক্য ও বিভেদ তৈরি হয় বলে মনে করা হচ্ছে। মাস্ক পরে এ বিভেদ কমিয়ে আনার চেষ্টা করেছিলেন, লাভ হয়নি। ট্রাম্প বলছেন, নতুন আইনে টেসলার বৈদ্যুতিক গাড়ির জন্য বরাদ্দকৃত সবুজ জ্বালানি ভর্তুকি বা কর-ছাড় তুলে নেওয়া হয়েছে। এতেই মাস্ক অসন্তুষ্ট হয়েছেন। এদিকে সমালোচকরা বলছেন, ট্রাম্পের নতুন এই আইন ফেডারেল বাজেটে ঘাটতি বাড়িয়ে দিয়ে মার্কিন অর্থনীতির মারাত্মক ক্ষতি করবে।
টেসলা প্রধান মাস্ক বলেছেন, তার নতুন পার্টির লক্ষ্য হবে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান সেইসব আইনপ্রণেতাদের হারানো, যারা ট্রাম্পের এই ‘বিগ, বিউটিফুল বিলে’ সমর্থন দিয়েছেন। মাস্কের সমালোচনার পাল্টায় ট্রাম্পও টেসলা ও স্পেসএক্স যে সরকারি চুক্তি ও ভর্তুকির মাধ্যমে কয়েক বিলিয়ন ডলার পায়, তা প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছেন। প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বলেছেন, নাসার সঙ্গে মাস্কের ব্যবসা থাকায় মহাশূন্য গবেষণা সংস্থাটির প্রশাসক হিসেকে মাস্কঘনিষ্ঠ জ্যারেড আইজ্যাকম্যানের নাম ঘোষণা হতো ‘অনুপযুক্ত’।
নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প নাসার নতুন প্রধান হিসেবে বিলিয়নের নভোচারী আইজ্যাকম্যানকে মনোনীত করেছিলেন, কিন্তু তাকে নিয়ে সিনেটে ভোটের আগে কোনো ব্যাখ্যা ছাড়াই ৩১ মে ওই মনোনয়ন তুলে নেন তিনি। ট্রাম্প এখনও নাসার শীর্ষ পদে তার নতুন পছন্দ কে তা জানাননি। গণমাধ্যমগুলো এর আগে জানিয়েছিল, ডেমোক্র্যাট রাজনীতিকদের প্রতি আইজ্যাকের আগের সমর্থন নিয়ে ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন, তাই তার মনোনয়ন তুলে নেওয়া হয়।“মহাকাশ ব্যবসার সঙ্গে জড়িত ইলনের ঘনিষ্ঠ বন্ধু নাসার দায়িত্বে থাকবেন, আমি এটাকেও অনুপযুক্ত মনে করেছি, বিশেষ করে যখন নাসা ইলোনের কর্পোরেট জীবনের এত বড় একটি অংশ,” ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমনটাই লিখেছেন।
“আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমেরিকার জনগণের সুরক্ষা নিশ্চিত করা,” বলেন ট্রাম্প।
Posted ৮:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর