অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৪৪ পূর্বাহ্ণ
দেড় লাখ নতুন বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া, আর এতে বাংলাদেশকে দেয়া হবে সর্বোচ্চ অগ্রাধিকার—এমন ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মালয়েশিয়া সফররত আসিফ নজরুল বৃহস্পতিবার (১৫ মে) বিকালে ফেসবুক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
আসিফ নজরুল জানান, আগামী কয়েক মাসের মধ্যেই এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছে মালয়েশিয়া। এ নিয়ে দেশটির তিনজন মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সিকে লোক পাঠানোর সুযোগ দিতে প্রস্তাব দেওয়া হয়েছে, যা মালয়েশিয়া সরকার বিবেচনা করছে।
তিনি আরো বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা সুবিধা চালু করার বিষয়টিও দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তারা।’
আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী গত বছর বাংলাদেশ সফরের সময় যেসব শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি, তাদের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী প্রথম ব্যাচে ৭ হাজার ৯২৬ জন শ্রমিকের তালিকা চূড়ান্ত হয়েছে এবং খুব শিগগিরই তারা মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন।
মালয়েশিয়ায় অবস্থানরত ‘ইরেগুলার’ বা অনিবন্ধিত শ্রমিকদের বৈধতা দিতে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। তবে মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়, ভিসা মেয়াদোত্তীর্ণদের ক্ষেত্রে এই বৈধতা কার্যকর করা সম্ভব নয়।
এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘আমরা তাদের বলেছি, মালিকের গাফিলতির কারণেই অনেক সময় ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সমাধানে মালয়েশিয়া সরকার কাজ করবে বলে আশ্বস্ত করেছে।’ সৌজন্যে: বিজনেসআই২৪
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর