নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:৩৮ পূর্বাহ্ণ
আফগানিস্তান, ইরান, হাইতি, লিবিয়া-সহ ১৯ দেশের নাগরিকদের জন্যে ইতিপূর্বে ইস্যুকৃত গ্রীণকার্ড খতিয়ে দেখার পাশাপাশি এসব দেশের নাগরিকদের গ্রীণকার্ড প্রদানের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়। হোয়াইট হাউজের সন্নিকটে কর্মরত ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলিবিদ্ধ করার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইউএসসিআইএস বৃহস্প্রতিবার অপরাহ্নে উল্লেখ করেছে যে, ২৬ নভেম্বর চালানো ঐ সন্ত্রাসী হামলায় আহত দুজনের মধ্যে সারাহ বেকস্টর্ম (২০) ২৭ নভেম্বর মারা গেছেন। অপরজন সার্জেন্ট এ্যান্ড্রু ওল্ফ (২৪) হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেনন বলে ২৮ নভেম্বর ভোরে প্রাপ্ত সর্বশেষ সংবাদে জানা গেছে। এই হামলার সাথে জড়িত সন্দেহে আফগান নাগরিক রহমানউল্লাহ ল্যাকানওয়াল (২৯)কে পুলিশ গ্রেফতার করেছে। রাহমানউল্লাহ ২০২১ সালে রিফ্যুজি হিসেবে যুক্তরাষ্ট্রে আসার একবছর পর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এবং চলতি বছর তার গ্রীণকার্ড মঞ্জুর হয়েছে। তবে এখনো হাতে পাননি গ্রীণকার্ড।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানায় যে, তালেবান আফগানিস্তানের প্রশাসনিক ক্ষমতা দখলের জন্যে লড়াইকালে মার্কিন সৈন্যদের সহযোগি হিসেবে আরো অনেকের মত রহমানউল্লাহও সশস্ত্র সহযোগী ছিলেন। এজন্য মার্কিন বাহিনী আফগান ত্যাগের পর ঐসব সহযোগীরা নিরাপত্তাহীন পড়ায় তদানিন্তন প্রেসিডেন্ট বাইডেনের এক ঘোষণায় ২০২১ সালে ৭৬ হাজার আফগানকে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। এদের মধ্যে রহমান উল্লাহ-ও ছিলেন। ইউএসসিআইএস (ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস)’র পরিচালক যোসেফ বি এডলো বৃহস্প্রতিবার এক নির্দেশে জাতীয় নিরপাত্তার স্বার্থে সকল কন্স্যুলেট, ন্যাশনাল ভিসা সেন্টার এবং গ্রীণকার্ড ইস্যুকারি কর্তৃপক্ষকে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের জন্যে স্বস্তিদায়ক নয় এমন সকল দেশের নাগরিকের গ্রীণকার্ড পুঙ্খাপুঙ্খভাবে খতিয়ে দেখতে হবে। ইস্যুর ক্ষেত্রে সবধরনের রীতি অনুসরণ করা না হয়ে থাকলে সেই গ্রীণকার্ড অবিলম্বে বাতিল বলে গণ্য হবে। শুধু তাই নয়, ঐসব দেশের নাগরিকদের গ্রীণকার্ডের সকল আবেদন স্থগিত থাকবে। সংশ্লিষ্ট সকলের ব্যাক গ্রাউন্ড চেক করার এই প্রক্রিয়া সম্পন্ন হবার পর কর্তৃপক্ষ নয়া নির্দেশ জারি করার পরই কেবলমাত্র ইমিগ্র্যান্ট ভিসা/এসাইলাম/রিফ্যুজি হিসেবে স্থায়ীভাবে বসবাসের আবেদন পুনরায় বিবেচনার আওতায় আসবে। উল্লেখ্য, ২৭ নভেম্বর ছিল থ্যাঙ্কসগীভিং ডে। এ উপলক্ষে মার্কিন সেনাবাহিনীর সদস্যগণের উদ্দেশ্যে বক্তব্যের সময় প্রেসিডেন্ট ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেন। ট্রাম্প বলেছেন, বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের মানবিকতার অপব্যবহার করেছেন। দক্ষিণের সীমান্ত দিয়ে লাখ লাখ সন্ত্রাসীকে স্বাগত জানিয়েছেন। রিফ্যুজি হিসেবে আশ্রয় দানের সুযোগ অবারিত করার মধ্যদিয়ে চিহ্নিত দুর্বৃত্তদের স্বাগত জানানো হয়েছে। এহেন অবস্থা চলতে দেয়া হবে না।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সাথে কোন ধরনের আপসকামিতা চলবে না। ট্রাম্পের আহবানের পর ইউএসসিআইএস’র পরিচালক যোসেফ বি এডলো সোস্যাল মিডিয়া ‘এক্স’-এ উল্লেখ করেছেন, এই দেশের এবং জনগণের নিরাপত্তাকে সবসময় প্রাধান্য দিতে হবে। সাবেক প্রশাসনের কান্ডজ্ঞানহীন কোন সিদ্ধান্তের ভিকটিম কোনভাবেই নাগরিকদের হতে দেব না। আমেরিকার নিরাপত্তাকে কখনোই ঝুঁকিতে ফেলা যাবে না। এখোন থেকে চিহ্নিত দেশসমূহের নাগরিকদের গ্রীণকার্ড যথাযথভাবে খতিয়ে দেখা হবে। পেন্ডিং আবেদনও বিস্তারিতভাবে যাচাই করা হবে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সবকিছু পেন্ডিং থাকবে।
ইউএসসিআইএস কিংবা হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় সুনির্দিষ্টভাবে ‘চিহ্নিত রাষ্ট্র’গুলোর তালিকা প্রকাশ না করলেও উভয় দফতরের পদস্থ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, গত ৯ জুনে যে ১৯ দেশের নাগরিকের ভিসা ইস্যুর ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে সেসব দেশের ক্ষেত্রেই সর্বশেষ এই স্থগিতাদেশ কার্যকর হলো। পুরোপুরি নিষিদ্ধ দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বার্মা, চাদ, কঙ্গো, গীনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন। ভিসা ইস্যুর ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা রয়েছে বুরুন্ডি, কিউবা, লাউস, সিয়েরা লিওন, টগো, তুর্কেমেনিস্তান এবং ভেনিজুয়েলা।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর