‘পতিদেব’ সম্বোধন করে ছবি পোস্ট, ভক্তদের কৌতূহলের অবসান

চার বছর লুকিয়ে রাখা সম্পর্ক, অবশেষে প্রকাশ্যে বাদশাহ-ইশার বিয়ে

এজাজ আহম্মেদ   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ১১:৫৭ পূর্বাহ্ণ

চার বছর লুকিয়ে রাখা সম্পর্ক, অবশেষে প্রকাশ্যে বাদশাহ-ইশার বিয়ে

Badshah gets married to Isha Rikhi. (Photo: Instagram

চার বছরের প্রেমের পর অবশেষে প্রকাশ্যে এসেছে ভারতের জনপ্রিয় র‌্যাপার ও গায়ক বাদশাহর ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি নিজেই জানিয়েছেন, তিনি বিবাহিত এবং বাদশাহই তাঁর স্বামী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পতিদেব’ সম্বোধন করে বাদশাহর সঙ্গে একটি ছবি শেয়ার করেন ইশা। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। যদিও এই তারকা জুটি এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেননি, তবে ইশার মন্তব্যেই বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে গেছে।

১৯৯৩ সালে ভারতের চণ্ডীগড়ে জন্ম নেওয়া ইশা রিখি মূলত মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন। পরবর্তীতে অভিনয়ে পা রেখে পাঞ্জাবি চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ‘জাট অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। পরে ‘জাট বয়েজ পুত জাট দে’, ‘হ্যাপি গো লাকি’, ‘হোয়াট দ্য জ্যাট!!’, ‘দেশি মুন্ডে’ ও ‘আরদাস’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

পাঞ্জাবি চলচ্চিত্রে সফলতার পর ২০১৮ সালে ‘নওয়াবজাদে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইশার। এরপর বিভিন্ন মিউজিক ভিডিও ও অভিনয় প্রকল্পে কাজ করে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে একটি পার্টিতে প্রথম পরিচয় হয় বাদশাহ ও ইশা রিখির। বন্ধুত্ব থেকে শুরু হওয়া সেই সম্পর্ক ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। তবে শুরু থেকেই তাঁরা নিজেদের সম্পর্ক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার বাইরে রেখেছিলেন।

চলতি বছরের মার্চ মাসে ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করলে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। সেখানে বিয়ের পোশাকে দেখা যায় বাদশাহ ও ইশাকে। যদিও তখন বিষয়টি নিয়ে কেউ আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে এক ভক্তের প্রশ্নের জবাবে ইশা জানান, তিনি বিবাহিত। একই সঙ্গে মজার ছলে বলেন, “আমরা একে অপরকে ফলো করি না কেন, এই প্রশ্নের উত্তর আমার স্বামীকেই দিতে হবে।” এরপর থেকেই তাঁদের বিয়ের খবর কার্যত নিশ্চিত বলে ধরে নিচ্ছেন ভক্তরা।

উল্লেখ্য, এটি বাদশাহর দ্বিতীয় বিয়ে। এর আগে জেসমিন ম্যাসিহর সঙ্গে তাঁর বিবাহ হয়েছিল। ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। সাবেক এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে, যার দায়িত্ব দুজনই যৌথভাবে পালন করছেন।

এদিকে বাদশাহ ও ইশা রিখির সম্পর্ক প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে। যদিও বাদশাহ এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবু ইশার স্বীকারোক্তির পর তাঁদের বিয়ে নিয়ে আর তেমন কোনো রহস্য অবশিষ্ট নেই।

Facebook Comments Box

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us