বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ১৯ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩১ পূর্বাহ্ণ
আইসের গণগ্রেফতার। ছবি-সংগ্রহ।
অবৈধ অভিবাসী গ্রেফতারের পরই যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের চলমান কার্যক্রমকে আরো বেগবান করার অভিপ্রায়ে ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) থেকে অবসর গ্রহণকারি কর্মকর্তাদেরকে পুনরায় চাকরিতে নিয়োগের জন্যে প্রেসিডেন্ট ট্রাম্প-প্রশাসন অভিনব একটি কর্মসূচি ঘোষণা করেছে। গত ৫ বছরের মধ্যে যারা অবসর নিয়েছেন তার মধ্যে যারা এখনো কাজ করতে উপযোগী তাদের কাছে প্রেরিত ই-মেলে (এমনকি আইসের ওয়েবসাইটের নিয়োগ বিজ্ঞপ্তিতে) উল্লেখ করা হয়েছে, ১ আগস্টের মধ্যে যারা আবেদন করবেন তারা নগদ ৫০ হাজার ডলারের বোনাস পাবেন। এছাড়া অবসরভাতা (পেনশন)’র পাশাপাশি পুনরায় যোগদানের বেতন-ভাতাও পাবেন। অবৈধভাবে বসবাসরতদের গ্রেফতারের অভিযান ত্বরান্বিত করতে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তার বিকল্প নেই-এমন প্রত্যাশায় এ নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এ মাসেই কংগ্রেসে পাশ হওয়া একটি বিল অনুযায়ী আইসের বাজেট তিনগুণেরও বেশী হয়েছে। এজন্যে আরো ১০ হাজার অফিসার নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরো উল্লেখ্য, নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী অবৈধ অভিবাসীদের গ্রেফতারের লক্ষ্য অর্জিত হয়নি গত ৬ মাসে। এজন্যেই যোগ্যতাসম্পন্ন অফিসার নিয়োগের পন্থা অবলম্বন করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা রোবার্ট জে হ্যামার মনে করছেন, অভিজ্ঞতাসম্পন্ন অফিসার ছাড়া গ্রেফতার ও বহিষ্কারের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। গত ৫ বছরের মধ্যে অবসরগ্রহণকারি কর্মকর্তাগণের উদ্দেশ্যে আইসের ওয়েবসাইটে লিখা হয়েছে, ‘এটি আমাদের দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, এবং আপনার অভিজ্ঞতা ও দক্ষতার খুবই প্রয়োজন। একটি কৃতজ্ঞ জাতির পক্ষে আমরা গর্বের সাথে আপনাকে আপনার দেশের সেবা করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।’ ফেডারেল নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই কথা উল্লেখ করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা রোবার্ট জে হ্যামার আরো জানান, ‘আমরা আইসের সাবেক অফিসারগণের প্রতি একটি জরুরী আহবান জানাচ্ছি ‘অপারেশন রিটার্ন টু মিশন’এ অংশগ্রহণের জন্যে।’ এতে স্পষ্টভাবে আরো উল্লেখ করা হয়েছে যে, গত ৫ বছরের মধ্যে আইস থেকে স্বাভাবিক নিয়মে অবসর গ্রহণকারিগণের মধ্যে যারা চাকরি করতে সক্ষম তারা ১ আগস্টের মধ্যে সাড়া দিলেই ৫০ হাজার ডলারের বোনাস পাবেন। এছাড়া অবসর ভাতার সাথে পুনরায় চাকরির বেতন-ভাতাও পাবেন।
প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের দৈনিক গ্রেফতারের টার্গেট ৩ হাজার করলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্যে ক্ষমতা গ্রহণের দিন থেকে ১৩ জুলাই পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০৪২৯৭ জন অবৈধ অভিবাসীকে। এ সংখ্যা অনুযায়ী দৈনিক গ্রেফতারের ঘটনা ঘটেছে গড়ে ১১ জন। গ্রেফতারকৃতদের মধ্যে বহিস্কার করা হয়েছে দেড় লাখের মত। যে সংখ্যা প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের একই সময়ের চেয়েও কম। এ অবস্থায় বিব্রত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহবানে রিপাবলিকান শাসিত কংগ্রেসে আইনের বাজেট বৃদ্ধির বিল পাশ হয়েছে। যদিও অভিনব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তেমন কোন সাড়া পাওয়ার তথ্য ১৯ জুলাই এ সংবাদ লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কারণ, নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী কেবলমাত্র গুরুতর অপরাধী অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হচ্ছে না। গ্রেফতারকৃতদের তথ্য পর্যালোচনার পর মানবাধিকার নিয়ে কর্মরত একাধিক সংস্থা ও থিঙ্ক ট্যাংক জানিয়েছে যে, ৬৫% এর বিরুদ্ধে অপরাধের কোন অভিযোগ নেই। তারা শুধুমাত্র অভিবাসনের আইন লংঘন করেছেন, যা ফৌজদারি কোন অপরাধ নয়। এ অবস্থায় সাধারণ আমেরিকানের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ার তথ্যও সর্বশেষ কয়েকটি জনমত জরিপে উদঘাটিত হয়েছে। তাই অভিবাসীগণের কঠোর শ্রমে বিশ্বের সেরা দেশ আমেরিকায় কঠোর পরিশ্রমী অভিবাসীদের সাথে নির্দয় আচরণকে আমেরিকার নীতি-নৈতিকতার পরিপন্থি বলেও মনে করছেন অধিকাংশ মানুষ।
Posted ৯:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর