লন্ডন প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ২১ মে ২০২৫ সর্বশেষ আপডেট : ১:৪১ অপরাহ্ণ
অমর একুশের গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”র রচয়িতা, কিংবদন্তি সাংবাদিক কলামিষ্ট, “আব্দুল গাফফার চৌধুরী”-র তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে ১৯মে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আব্দুল গাফফার চৌধুরীর সন্তান অনুপম রেজা চৌধুরী, তানিমা চৌধুরী, চিন্ময়ী চৌধুরী ও ইন্দিরা চৌধুরী পিতার মৃত্যু বার্ষিকীতে তাঁর অনুরাগীদের সাথে নিয়ে এই স্মরণ সভার আয়জন করেন। লন্ডন সময় বাদ মাগরিব ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই মাহফিলে কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সাংবাদিক, কাউন্সিলর সহ বিপুলসংখ্যক ব্রিটিশ বাঙ্গালী অংশ নেন।
এই মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ও ব্রিকলেন মসজিদের প্রাক্তন সভাপতি শফিকুর রহমান চৌধুরী, রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আ.স.ম. মিসবাহ সাদাত, আব্দুল আহাদ চৌধুরী, আনসার আহমেদ উল্লাহ, কমিউনিটি সংগঠক জামাল খান, শাহ বেলাল, শাহেদ আহমেদ সাদ, মোহাম্মদ মিরন, আহবাব আহমদ, মাহমুদ আলী, সৈয়দ গোলাব আলী, আব্দুল বাছির ফজলে রাব্বি স্মরন প্রমুখ।
শফিকুর রহমান চৌধুরী এ সময় বলেন, বাঙ্গালীর মনে যতো দিন “একুশ” থাকবে, বাঙ্গালীর সংস্কৃতি যতদিন পৃথিবীর বুকে থাকবে, ততোদিন বাঙ্গালী “আব্দুল গাফফার চৌধুরী” কে চাইলেও ভুলতে পারবে না। আমরা চাই তিনি আমাদের অন্তরে বেচেঁ থাকুক হাজার বছর। সব শেষে তার সন্তানেরা তাদের বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থণা করেন। এরপরে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিল ও তার রুহের মাগফেরাত কামনা করে মহান স্রষ্টার দরবারে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
Posted ১:৪১ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর