দেশের সমস্যা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই: আমীর খসরু

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ৩০ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:১২ পূর্বাহ্ণ

দেশের সমস্যা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই: আমীর খসরু

দেশের সমস্যার কথা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সমাধান বাংলাদেশের মানুষের কাছে। তাই এখানেই কথা বলতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এ কথা বলেন।

বক্তব্যে কারও নাম উল্লেখ না করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কোনো কথা বললে, তা দেশের মধ্যে বললে ভালো। দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে দেশের ভেতরে বললে ভালো, এটা তো বাংলাদেশের সমস্যা। এই সমস্যা বাইরে গিয়ে বলে তো কোনো লাভ নেই। আমাকে বাংলাদেশের মধ্যে বলে এখানে সমাধান করতে হবে, তাই না? আমরা যদি বারবার বাইরে গিয়ে এসব কথা বলতে থাকি, তাহলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে? হবে না। এইখানে বলতে হবে, এইখানে সমাধান। বাংলাদেশের মানুষই সমাধান।’

সব সমস্যার সমাধান বাংলাদেশের জনগণ উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘দিন শেষে সংস্কার বলেন, বিচার বলেন, যত কিছু বলেন, সমাধান বাংলাদেশের মানুষ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নেই। একটাই মাত্র অস্ত্র, বাংলাদেশের জনগণ।’

নির্বাচনের অপেক্ষায় থাকার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিছু বাস্তবায়ন করা সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। এটা কোনো দল চায় না চায়, এটা বড় কথা না। গণতন্ত্রের প্রত্যাশায় বাংলাদেশের মানুষ আছে।

নেতা–কর্মীদের ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, বাংলাদেশকে সঠিকভাবে, সঠিক জায়গায়—দেশনেত্রী খালেদা জিয়ার চিন্তায়, জিয়াউর রহমানের চিন্তায় গড়তে হলে নেতা–কর্মীদের মধ্যে স্পিড (গতি) থাকতে হবে। স্পিড চলে গেলে হবে না। নিজেদের মধ্যে ছোটখাটো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেতে হবে।

চট্টগ্রাম নগর বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আবদুল আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম প্রমুখ।

এর আগে সকালে বৃষ্টি উপেক্ষা করে রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

Facebook Comments Box

Posted ১১:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us