কম্যুনিটির কল্যাণে একযোগে কাজের সংকল্পে

আমেরিকা প্রেসক্লাবের থ্যাঙ্কসগিভিং ডে পালন

এনওয়াইভয়েস২৪ডটকম   প্রিন্ট
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৫:২১ অপরাহ্ণ

আমেরিকা প্রেসক্লাবের থ্যাঙ্কসগিভিং ডে পালন

ক্লাবের কর্মকর্তাগণকে পাশে নিয়ে টার্কি কাটেন অতিথি সিফা আমিন ও মঈন চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

আনিসুর রহমান/ অজিৎ ভৌমিক
সাংবাদিক, রাজনীতিকসহ কমিউনিটি নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে  টার্কি, পিঠাপুলি পরিবেশন ও হারানো দিনের গানের আমেজে ২৬ নভেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবপিসি)’র উদ্যোগে পালিত হলো ‘থ্যাঙ্কসগীভিং ডে’।  নিউইয়র্ক অঞ্চলে কর্মরত সাংবাদিকগণের সংগঠন ‘এবিপিসি’র উদ্যোগে প্রতি বছরই সৃষ্টিকর্তার শোকরিয়া আদায় এবং মানবিকতায় উজ্জীবিত হয়ে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে এমন আয়োজন হয়ে আসছে। দিনভর ঝড়-বৃষ্টির কারণে ‘জরুরী অবস্থা’ জারি সত্বেও বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটেছিল। প্রধান অতিথি ছিলেন প্রবীন ও অসুস্থ মানুষের সেবা-কার্যক্রমে অনন্য ভূমিকায় থাকা ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র চেয়ারপার্সন সিফা আমিন। তিনি তাঁর বক্তব্যে ‘থ্যাঙ্কসগীভিং ডে’র আমেজে গণমাধ্যমের কর্মীরাও নিরন্তরভাবে নিজ নিজ দায়িত্ব করছেন এবং আজকের এ আয়োজনেও তা দৃশ্যমান হলো বলে মন্তব্য করেন। তিনি বাংলাদেশী গণমাধ্যমকর্মীগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, থ্যাঙ্কসগীভিং ডে একটি বিশেষ উৎসব নয়, এটি হচ্ছে মানবতার জয়গানে উজ্জীবিত হবার সংকল্প গ্রহণের দিন।

ক্লাবের কর্মকর্তাসহ অতিথিগণকে পাশে নিয়ে কথা বলছেন প্রধান অতিথি সিফা আমিন। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

বিশেষ সম্মানীত অতিথি ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের পরিচালক ও ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার্ এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী। মঈন চৌধুরী বলেন, চলার পথে উপকার করেছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাতে অথবা কৃতজ্ঞতা জ্ঞাপনে যাতে আমরা ভুলে না যাই, সেজন্যেই দিবসটি নির্ধারণ করা হয়েছে। মঈন চৌধুরী বিশেষভাবে আমেরিকার উদারতার প্রসঙ্গ টেনে বলেন, আমরা যারা এদেশে এসেছি, নানা পেশায় জীবিকার অবলম্বন খুঁজে পেয়েছি, সেই কথাটি ভুলে গেলে চলবে না। এটর্নী মঈন বলেন, আমি বাংলাদেশী রাজনীতির ধারেকাছেও নেই। আমেরিকান রাজনীতির সাথে রয়েছি। এতদসত্বেও আটলান্টিকের ওপর পাড়ের সবদেশে, অর্থাৎ যেখানে বাংলাদেশী আছেন-সকলেই আমাকে চেনেন। এটা সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশী মিডিয়ার ভাই-বোনদের কারণে। এজন্যে আমি সবসময় কৃতজ্ঞ গণমাধ্যমের পরিশ্রমী ভাই-বোনদের কাছে।

এবিপিসির সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় আরো অংশ নেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান এবং বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

সুধীজনের একাংশ। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

বক্তারা বলেন, বাংলাদেশি অভিবাসীরা আমেরিকার অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রবাসে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে হলে পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং নতুন প্রজন্মের সঙ্গে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তোলা প্রয়োজন। সাংবাদিকদেরও কমিউনিটির ইতিবাচক কর্মকাণ্ড, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার পালিত হয়। ১৬২১ সালে ম্যাসাচুসেটসের প্লাইমাউথে ইংরেজ বসতি স্থাপনকারী ও স্থানীয় ওয়াম্পানোগ জনগোষ্ঠীর মধ্যে ফসল ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটি ঐতিহাসিক আয়োজনকে এ উৎসবের প্রাথমিক ঐতিহাসিক সূত্র হিসেবে বিবেচনা করা হয়। তবে এর ইতিহাস ও স্থানীয় আদিবাসীদের অভিজ্ঞতা বহুমাত্রিক। ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গৃহযুদ্ধের সময় জাতীয়ভাবে থ্যাঙ্কসগিভিং পালনের ঘোষণা দেন। পরবর্তীতে ১৯৪১ সালে মার্কিন কংগ্রেস নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারকে ফেডারেল থ্যাঙ্কসগিভিং দিবস হিসেবে নির্ধারণ করে। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় ছুটির দিন। এদিন পরিবার-পরিজন একত্রিত হওয়া, বিশেষ খাবার পরিবেশন, কৃতজ্ঞতা প্রকাশ এবং মানবিক সহমর্মিতা চর্চার মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়।

সুধীজনের একাংশ। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন সাবেক প্রেস মিনিস্টার ও সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন সবুজ, রফিকুল ইসলাম, ম্যানহাটান বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল হোসাইন বাদল, কম্যুনিটি লিডার সৈয়দা মাহমুদা শিরিন, মো. জসিম উদ্দিন, মো. সাইদুর রহমান, দেওয়ান কাউসার, নাজিমউদ্দিন, সাঈদ আহমেদ,  মিনা ইসলাম, আসমা আহমেদ প্রমুখ।

আয়োজক ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’র নেতৃবৃন্দের মধ্যে ছিলেন  সহ-সভাপতি আলীম খান আকাশ, নির্বাচিত সাধারণ সম্পাদক অনিক রাজ, যুগ্ম সম্পাদক নুরুন্নাহার খান নিশা, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এবং সদস্য অজিৎ ভৌমিক, সমীক আহম্মেদ, তপন চৌধুরী, মাইনুল ইসলাম. শাহীন হাওলাদার। আরো ছিলেন কানু দত্ত, উত্তম সাহা, মোহাম্মদ হোসেন দীপু প্রমুখ।

অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীতের মূর্ছনায় উপস্থিত সকলে মুগ্ধ করেন  নিউইয়র্কের নন্দিত সংগীতশিল্পী ও মাটির গানের সিইও শাহীন হোসেন। পুরো আয়োজনে তবলায় সহযোগিতা করেন বরেণ্য তবলা বাদক তপন মোদক।

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us