এনওয়াইভয়েস২৪ডটকম
প্রিন্ট
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৯:৪৮ অপরাহ্ণ
![]()
(এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম)
৩৫ হাজার সদস্যের বাংলাদেশ সোসাইটি ৩১ ডিসেম্বরের পর আর প্রবাসের সর্ববৃহৎ সংগঠনের অহংকার অটুট রাখতে পারবে না। কারণ, বর্তমানের সাধারণ সদস্যগণের মেয়াদ ফুরিয়ে যাবে আসছে ৩১ ডিসেম্বর। বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হবার কথা ৩১ অক্টোবরের মধ্যে। কিন্তু মাননীয় আদালতের স্থগিতাদেশের কারণে সেই নির্বাচন ঝুলে গেছে। ১৭ ডিসেম্বর মামলার নথিপত্র জমাদানের তারিখ। এরপর মাননীয় বিচারক উভয় পক্ষের নথি-পত্র পর্যবেক্ষণের পর স্থগিতাদের উঠিয়ে নেয়ার প্রক্রিয়া অবলম্বন করবেন। অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যেও নির্বাচনের কোন সম্ভাবনা নেই। এ অবস্থায় আইনী জটিলতা কাটিয়ে উঠা সম্ভব হলেও নতুন বছরে নির্বাচন করতে হলে আজীবন সদস্য ছাড়া আবারো সদস্য ফি দিয়ে সাধারণ সদস্যগণকে ভোটার হিসেবে সক্রিয় হতে হবে। কারণ, এমন জটিলতায় নিপতিত হলে বিদায়ী কমিটির করণীয় স্পষ্ট করা হয়নি কিংবা সদস্যের মেয়াদ ফুরিয়ে গেলে কীভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করা হবে-তেমন দিক-নির্দেশনাও নেই। আর এজন্যেই মামলার অজুহাতে বিদায়ী কমিটি দায়িত্ব অব্যাহত রাখার পথ খুঁজে পেয়েছে আগেও। এ অবস্থায় সুধীজনে গুঞ্জন উঠেছে যে, দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে ওসমান চৌধুরী বারবার নোটিশ দেয়া সত্বেও সংশ্লিষ্টরা কর্ণপাত করেননি। উল্লেখ্য, নির্বাচনী প্রক্রিয়ায় অনেক অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগে সোসাইটির সাবেক সহকারি সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী মামলা করেছেন এবং অভিযোগের পক্ষে যথেষ্ঠ তথ্য-উপাত্ত সাবমিট করা হয়েছে আদালতে। বিশেষ করে সদস্য ফি নেয়ার পরও কেন তাকে সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হয়নি, কেন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সমস্যা তৈরী করা হয়েছে, ওসমান চৌধুরীকে সদস্য করা না হলেও সন্ত্রাসী হিসেবে চিহ্নিতরাও ভোটার তালিকায় রয়েছেন, একই ঠিকানায় শতাধিক এবং একটি টেলিফোন নম্বরের বিপরীতে শতশত মানুষ ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন বলে আদালতকে অবহিত করা হয়েছে। মাননীয় আদালত উদ্ভূত পরিস্থিতির অবসানে উভয় পক্ষকে সমঝোতার অনুরোধ জানিয়েছেন। কিন্তু সেই সমঝোতা বৈঠকের নামেও তামশা করা হয়েছে বলে ওসমান চৌধুরী অভিযোগ করেছেন। শুধু তাই নয়, গত বছরের ডিসেম্বরে সোসাইটির বার্ষিক সাধারণ সভাস্থল ছিল সর্বোচ্চ ২৬০ আসনের একটি মিলনায়তন। অথচ সে সময় আজীবন সদস্য ছিল এক হাজারের মত এবং সাধারণ সদস্য ছিল ৩৩৭ জন। অর্থাৎ সকলেই উপস্থিত হলে ঐ মিলনায়তনে বসা দূরের কথা বাংলাদেশের কারাগারের মত নাজুক পরিস্থিতি তৈরী হতো। তার পরিবর্তে ঐ সভায় শ’ দেড়েক সদস্যের সমাগম ঘটেছিল-যা কোরামের পরিপূরক ছিল না বলে অভিযোগ রয়েছে। এমন একটি সভার সম্প্রসারিত রূপ হিসেবে পরবর্তিতে তলবি সভার নামে সোসাইটির অফিসে সাধারণ সভার নাটক করা হয়েছে এবং ঐ নাটকের মধ্যদিয়ে কার্যকরি কমিটির মেয়াদ দু’বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। একইসময়ে বোর্ড অব ট্রাস্টিতে কার্যকরি কমিটির সাধারণ সম্পাদককেও পদাধিকার বলে সদস্য করার বিধি যুক্ত করা হয়েছে। এ নিয়ে হাসি-তামশা রয়েছে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাগণের মধ্যে।
তবে সাবেক আরেকজন কর্মকর্তার মতে, নির্বাচনের বিরুদ্ধে স্থগিতাদেশ আসায় গঠনতন্ত্রও স্থগিত হয়ে পড়েছে। তাই মাননীয় আদালত যখোন আবারো নির্বাচনের নির্দেশ দেবেন তখোন বর্তমানের সদস্যরাই ভোটার হিসেবে গণ্য হবেন।
Posted ৯:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24