এনওয়াইভয়েস২৪ডটকম
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ২:১২ অপরাহ্ণ
![]()
(এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম)
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেমক্র্যাসি, হিউম্যান রাইটস অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইসিডিএইচআরএস) এবং দ্য নেক্সট থিংকার্স'(টিএনটি)-এর যৌথ উদ্যোগে ২৪ নভেম্বর দুপুরে নিউইয়র্কের চার্চ সেন্টার ফর দ্য ইউনাইটেড নেশন্সে'(৭৭৭ ইউনাইটেড নেশনস প্লাজা) `বাংলাদেশের ভবিষ্যৎ: গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং দলমত নির্বিশেষে সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। শেখ হাসিনা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ের কথিত আন্দোলন তাঁর সরকারকে উৎখাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছিল এবং পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। তিনি রাজনৈতিক বন্দিদের মুক্তি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সুষ্ঠু বিচার এবং জাতীয়
পুনর্মিলনের ওপর জোর দেন।
সেমিনারে সভাপতিত্ব করেন আইসিডিএইচআরএসÕর বোর্ড চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নূরুন নবী।
সেমিনারে অংশ নেন সাবেক সরকার প্রধান, কূটনীতিক, জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তা, আইনপ্রণেতা, নীতি গবেষক, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা।
![]()
আলোচনায় ২০২৪ সালের আগস্ট-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সাংবিধানিক শাসন ও মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো উঠে আসে। এক মার্কিন সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, তিনি ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। ওই দিন সম্ভব না হলে ডিসেম্বরের অন্য কোন দিনেও ফিরতে প্রস্তুত বলে জানান তিনি। পাসপোর্ট ও পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করে শেখ হাসিনা জানান, দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে এখনো কোন জবাব পাইনি। তাঁকে দেশে ফিরিয়ে নিতে সরকারকে বিমান পাঠানোর অনুরোধ করেছেন বলেও তিনি জানান।
সেমিনারে মূল বক্তব্য দেন মিডল ইস্ট ফোরামের নীতি বিশ্লেষণ-পরিচালক ও আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ড. মাইকেল রুবিন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে।
আওয়ামী লীগকে বাদ দিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনকে তিনি একতরফা বলে অভিহিত করেন। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের ওপর হামলার ঘটনাবলি তুলে ধরে তিনি অর্থনীতি, তৈরি পোশাক খাত ও কর্মসংস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
চলমান অস্থিরতার আঞ্চলিক নিরাপত্তা প্রভাব নিয়ে সতর্ক করে রুবিন বিশ্বনেতা ও জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মাইকেল রুবিন চারটি দাবি তুলে ধরেন: ১. সব রাজনৈতিক দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, ২. রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সকল মামলা প্রত্যাহার, ৩. বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা এবং ক্যাঙ্গারু কোর্ট’র রায় বাতিল ও ৪. দেশে ফেরার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
![]()
মাইকেল রুবিন বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা প্রত্যাবর্তনকারীদের কারো এক চুল ক্ষতি হলে দায় বাংলাদেশ সকার এবং বর্তমান সরকার প্রধান তারেক রহমানের ।
বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে. টমাস জুনিয়র বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখার সংস্কৃতির অবসান কামনা করে দলমত নির্বিশেষে সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত এবং সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের গুরুত্ব তুলে ধরেন। এমন আয়োজনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও রাষ্ট্রদূত হ্যারি জানান।
রোড আইল্যান্ড স্টেটের সাবেক আইনপ্রণেতা ও মার্কিন নৌবাহিনীর সাবেক চ্যাপলিন রেভারেন্ড ড. রবার্ট ল্যান্সিয়া বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র
রক্ষায় সাহসী নেতৃত্বের প্রয়োজন। দেশে ফিরে জনগণের সেবা করার ইচ্ছা প্রকাশ করায় তিনি শেখ হাসিনার সাহসের প্রশংসা করেন। শান্তি প্রতিষ্ঠায় গণতন্ত্র, মানবাধিকার, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণ ও আইনের
শাসনের ওপর জোর দিয়ে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নাগরিকরা নির্ভয়ে মত প্রকাশ করতে ও ভোট দিতে পারবেন এবং সাংবাদিকরা নিরাপদে কাজ করতে পারবেন।
বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন গণতান্ত্রিক বৈধতা পুনরুদ্ধারে কূটনৈতিক সংলাপের গুরুত্ব তুলে ধরেন। মৌলিক অধিকার ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা রক্ষায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সম্পৃক্ততার ওপর জোর দেন।
বিশ্বব্যাংকের সাবেক বিকল্প পরিচালক ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সাংবিধানিক শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, ২০০৭-২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের মতো ২০২৪ সালের অন্তর্বর্তী সরকারও সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছে। তিনি সংখ্যালঘুদের ওপর হামলা, শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের ভয়-ভীতি প্রদর্শন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িসহ সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের তথ্য তুলে ধরেন। আওয়ামী লীগ ও তার বিপুলসংখ্যক সমর্থককে বাদ দিয়ে অনুষ্ঠিত কোন নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক ম্যান্ডেটের দাবি করতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
সেমিনারে সভাপতির বক্তব্যে ড. নূরুন নবী মব সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার নিন্দা জানান। ২০২৪ সালের আগস্ট-পরবর্তী পরিস্থিতিকে ‘মব শাসন’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, আইনহীনতা দেশের স্থিতিশীলতা ও
গণতান্ত্রিক ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।
এরপর আইসিডিএইচআরএসের মহাসচিব এম. জাহাঙ্গীর মজুমদার থ্যাংকসগিভিং ছুটির ব্যস্ত সপ্তাহেও সেমিনারে অংশগ্রহণ ও সমর্থনের জন্য অতিথি, সাংবাদিক, কূটনীতিক ও উপস্থিত সুধীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ
জানান। তিনি সবাইকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।
সেমিনারে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী জিনাত নবী, কম্যুনিটি লিডার মো. আমিনুল ইসলাম, আর্তমানবতার সেবায় বিশেষ খ্যাতি অর্জনকারি নিউইয়র্কের নির্মাণ ব্যবসায়ী মো. কাদের মিয়া, মূলধারার রাজনীতিক জুনায়েদ আকতার, সমাজ-কর্মী ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, মো. জাফরউল্লাহ, আলিম খান আকাশ, সাখাওয়াত আলী, জাকারিয়া চৌধুরী, স্বীকৃতি বড়ুয়া, জিনাত নবী, সেলিনা মোমেন, মিসেস কায়কাউস,, আসলাম খান, ইফজাল চৌধুরী প্রমুখ।
Posted ২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24