সাকলায়েন আহমেদ
প্রিন্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ২:০৪ অপরাহ্ণ
![]()
আহমেদ সাকলায়েন
বন্ধুত্ব, পারিবারিক বন্ধন, সামাজিক মিলমিশ ও রাষ্ট্রীয় সহাবস্থান সব সময় সমান সুন্দর অটুট থাকে না। দুই বন্ধুর মধ্যে চরম ভুল বুঝাবুঝির নজির আছে। পরিবারে আপন ভাইয়ের মধ্যে সম্পর্কহানীর নজির আমরা প্রতিনিয়তই দেখি। সমাজে বিভিন্ন গোষ্ঠী ও পরিবারের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের ঘটনাও অদেখা কোনো বিষয় নয়। আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক দ্বন্দ্বও চিরকালের। অর্থাৎ এ ক্ষেত্রগুলোতে স্বার্থের দ্বন্দ্ব অনিবার্য ও অনস্বিকার্য। এসব যে কোনো ক্ষেত্রে সংঘাত বা দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে গেলে তা নিশ্চিত বিপর্যয় ডেকে আনে। ফলে ন্যুনতম প্রয়োজনীয় বন্ধন, মিলমিশ ও সহাবস্থান নিশ্চিত করার জন্য কখনো কখনো প্রয়োজন পড়ে রিকনসিলিয়েশন-মিমাংসার। তবে প্রকৃত মিমাংসার পূর্বশর্ত হলো একজন দক্ষ, নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও সৎ মানসিকতার একজন মধ্যস্থতাকারী বা বিচারক। তা না হলে বিচার যেমন প্রশ্নবিদ্ধ হয়, মিমাংসা তেমনি টেকসই বা দীর্ঘমেয়াদী হয় না।
আমাদের জাতীয় জীবনে এমন কিছু মিমাংসার সময় বা সুযোগ এসেছিলো– ১৯৯০, ১৯৯৬, ২০০১, ২০০৬ ও ২০২৪-এ। এই সুযোগগুলোর মধ্যে ২০২৪ ছিলো বিশেষ ব্যতিক্রম। ব্যতিক্রম এই কারণে যে, অন্যান্য সময়গুলোর মূল উদ্দেশ্য ছিলো জাতীয় নির্বাচন অনুষ্ঠান। এসব ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কেউ একজন ও তাঁর পরিষদ কেবল নির্বাচনের দায়িত্ব পালন করেছেন। ২০০৬ ও ২০২৪ ছিলো অপেক্ষাকৃত সামগ্রিক পরিবর্তনের সমূহ সম্ভাবনাময়। প্রত্যেকটি সময় ও সুযোগ নিয়ে আলাদা আলাদা আলোচনার দাবি রাখে। তবে এই লেখায় ২০২৪ এর প্রেক্ষাপট, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা ও অবধারিত ফল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো।
প্রেক্ষাপট
২০০৮ এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে গড়া মহাজোট বিশাল বিজয় অর্জন করে এবং সরকার গঠন করে। ভূমিকায় যে কথা বলেছি- ক্ষমতায় টিকে থাকা ও ক্ষমতায় যাওয়ার দ্বন্দ্ব চিরকালের। সেই দ্বন্দ্ব-সংঘাতের মধ্যে টানা প্রায় সাড়ে পনের বছর ক্ষমতায় থেকেছে তারা ও তাদের জোট সঙ্গীরা। বিপরীতক্রমে ক্ষমতার বাইরে থেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোটসঙ্গীরা। এই সময়ের মধ্যে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৩, ২০১৮ ও ২০২৪ সনে। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত এসব নির্বাচনের প্রথম ও শেষেরটিতে বিএনপি ও সমমনা দলগুলো অংশ নেয়নি। দ্বিতীয়টিতে অংশ নিলেও খুব অল্প আসনে বিজয়লাভ করে।
বিশ্বের যে কোনো দেশে, যে কোনো সরকারের টানা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার যে সাধারণ চরিত্র- ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, স্বজনপ্রীতি, অপশাসন; বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে তাঁর খুব বেশি ব্যত্যয় ঘটেছে সে কথা বলা যাবে না। হয়তো অতীতের সরকারগুলোর সময়ে ঘটা এসব বিষয়ের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করে কমবেশির হিসাব করা যায়, কিন্তু দায় এড়ানো যায় না। এ সময়ে সরকারের বিরুদ্ধে বিরোধী দলের অভিযোগ ছিলো পাহাড়সম। যৌক্তিক কিংবা অযৌক্তিক সে হিসাব ভিন্ন। কিন্তু সময়ের সাথে সাথে সেসব অভিযোগের পক্ষে যতটা না প্রকাশ্য তার চেয়ে ঢের বেশি অপ্রকাশ্য জনমত তৈরি হয়। ফলে সরকারের বিদায় এক প্রকার অনিবার্য হয়ে ওঠে।
বিদায় অনিবার্য হয়ে উঠলেও ২০২৪-এর নির্বাচনের পরপরই সরকারি চাকরিতে কোটা আন্দোলনই যে তাঁদের অপসারনের আন্দোলনে রূপ নিতে পারে, সেরকম ধারণা সরকার তো দূরের কথা, আন্দোলনকারীদের মধ্যেও যে সে বিশ্বাস ছিলো না তা যথেষ্ট পরিস্কার। কিন্তু বিধির বিধানে যা ঘটে তা সাধারণের চিন্তার বাইরে বলেই হয়তো তা বিধির বিধান বলে মূল্যায়িত হয়। হঠাৎ সংঘটিত আন্দোলন ছিলো যেমনি প্রচলিত ধারণার বাইরে, তা মোকাবেলার ধরণও ছিলো অনেকাংশেই অনাকাঙ্খিত। আন্দোলন মোকাবেলায় সরকারের সর্বশেষ ভরসা সেনাবাহিনী থেকে কাঙ্খিত সহযোগিতা না পাওয়ায় সরকারের পক্ষে আর টিকে থাকা সম্ভব হয়নি। আগস্টের ৫ তারিখে সেনাবাহিনীরই একটি হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন, কি করেননি সে বিষয়টি এখনও পরিষ্কার না হলেও, ৫ তারিখ থেকে কার্যত সরকার বলে আর কিছু কার্যকর থাকেনি। এ সময়ে বিদেশে থাকার ফলে তিনদিন অপেক্ষার পর ৮ আগস্ট তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মুহম্মদ ইউনুস।
প্রচারণা বনাম কার্যক্রম
দীর্ঘ সময় ধরে বিএনপি ও অন্যান্য দলসমূহের আন্দোলনের প্রধান ইস্যু ছিলো নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। সেসব আন্দোলনে প্রকাশ্যে যারা ছিলেন তাঁদের বেশিরভাগ ছিলেন রাজনৈতিকভাবে পরিচিত। তাঁদের মাধ্যমে নিজনিজ দলের যে এজেন্ডা, চাওয়া, বিভিন্ন সময়ে সংস্কারচিন্তা, ভবিষ্যৎ করণীয় উপস্থাপিত হয়েছে সেগুলো মানুষকে যে খুব বেশি আশান্বিত করেছিলো তা জোর দিয়ে বলা যায় না। ২০২৪ এর কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে সামনের সারির কুশিলবরা ছিলেন ভিন্ন, বয়সে তরুণ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া। এদের অনেকেই আবার ছিলেন এক সময়ে সরকার দলের সাথে সংশ্লিষ্ট। সংক্ষিপ্ত সময়ে তাঁরা রাষ্ট্রসংস্কারের যে ধারণা জাতির সামনে উপস্থাপন করতে চেয়েছিলেন, তার আদ্যপান্ত সকলে সবিস্তার বুঝতে সক্ষম না হলেও, আন্দোলনে উচ্চারিত অন্তত দুটি বিষয় মানুষের কাছে পৌঁছেছিলো। তার একটি হলো বৈষম্যহীন সমাজ, আর দ্বিতীয়টি হলো নতুন বন্দোবস্ত।
আওয়ামী লীগ ও সমমনা ছাড়া সবাই এসব চটকদার আকাঙ্খায় যেমন নিজেরা ভেসেছেন, সাধ্যমত অন্যদেরও সেই আশার জোয়ারে সামিল করার চেষ্টা করেছেন অনলাইন-অফলাইনে। নতুন বন্দোবস্তের বিষয়টি কিছুটা আপেক্ষিক মনে হলেও বৈষম্যহীন সমাজ, রাষ্ট্র সবাই চায়। এমন কি ক্ষমতাচ্যুৎ হওয়ার পর আওয়ামী লীগেরও সেটি না চাওয়ার কথা নয়। কিন্তু ঘটনার ২ বছরের বেশি সময় অতিবাহিত হওয়ারও পর সে আকাঙ্খা যে বিন্দুমাত্রও পূরণ হয়নি, তা বলার অপেক্ষা রাখে না। বরং যা হয়েছে, তা কেবলই একটি সরকার পরিবর্তন, একটি দলীয় সরকার, তৃতীয় বিশ্বের যে কোনো ক্ষমতাসীনদের চিরায়ত রূপের আবির্ভাব, আর ১৯৭১-এর পরাজিত শক্তির প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসার সুযোগ। সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে কথিত মেটিকুলাস ডিজাইনে হোক আর যে কারণেই হোক, একটি সরকারকে এক ধাক্কায় ফেলে দিতে পরাশক্তি যে আকাঙ্খার প্রচারণা চালিয়েছিলো, তার বাস্তবায়ন সম্ভব হলো না কেন?
এই প্রশ্নের সম্ভাব্য দুটি উত্তর হলো– যাঁরা দায়িত্ব পেয়েছিলেন তাঁদের সদিচ্ছার অভাব ছিলো, অথবা যাঁরা এটি প্রচার করেছিলেন তাঁরা লোক ভোলানোর উদ্দেশ্য নিয়েই করেছিলেন। কেউ কেউ হয়তো বলবেন– অন্তর্বর্তিকালীন সরকার তো সংস্কার প্রস্তাব করে গেছেন, বাস্তবায়নের জন্য গনভোট করে গেছেন, এখন এটি বাস্তবায়নের দায়িত্ব বর্তমান ক্ষমতাসীন সরকারের। মূলতঃ এই ভাবনা যদি কেউ করে থাকেন তা অনেকাংশেই অবিবেচনাপ্রসূত, অত্যন্ত অলীক বলেই বেশি বিবেচিত হতে পারে। কারণ এই প্রক্রিয়ার পরতে পরতে ছিলো প্রতারণা, দম্ভ, ক্ষমতা প্রদর্শন ও অনমনীয় আচরণ। ফলে সংস্কারের নামে পুরো আয়োজনটি জুড়েই ছিলো বিশ্বস্বিকৃত একটি সংবিধানকে ছুড়ে ফেলার হুমকি; নানা অজুহাতে গৌরবময় মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে হেয় করে, কলঙ্কিত করে, তার ইতিহাসকে মুছে ফেলে নতুন সংবিধানের দাবিকে সামনে আনার আকাঙ্খা, আর দেশের মোট ভোটের প্রায় অর্ধেকের মালিক আওয়ামী লীগকে সমূলে ধ্বংস করার পরিকল্পনা।
অন্তর্বর্তিকালীন সরকার যা করতে পারতো
পৃথিবীর যে কোনো সমস্যা তা ছোট হোক বড় হোক; ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের হোক; তা সমাধান করতে চাইলে প্রথম ও প্রধানতম কাজটি হলো সমস্যাকে প্রকৃত অর্থে চিহ্নিত করা। বাংলদেশে রাজনীতির দিকে নির্মোহ দৃষ্টিপাত করলে আমরা স্পষ্টতই দেখতে পাই- বিভিন্ন সময়ে যে দল বা জোট ক্ষমতায় থেকেছে, দেশ চলেছে তাদের মর্জি মতো। বিরোধী দল দমন, ব্যক্তি ও বাক স্বাধীনতা ক্ষুন্ন করা, গণতন্ত্রকে স্বাভাবিকভাবে চলতে না দেয়া, বিচারবহির্ভুত হত্যা, গুম, নিজস্ব বাহিনীর প্রভাব, সর্বোপরি নির্বাচন মেনিপুলেশন করা -এসব অপকর্মের কালিমা প্রত্যেকে সরকারের গায়েই স্পষ্ট। পরিমানে বা ধরনে সামান্য পার্থক্য বা কমবেশি হলেও এটি বলার সুযোগ নেই যে, কোনো একটি দল এসবের বাইরে থেকেছে। উপরন্তু একটি দল ঠান্ডা মাথায় আমাদের মহান মুক্তিযুদ্ধের কেবল বিরোধিতাই করেনি, পাকিস্তানী বর্বর হানাদার বাহিনীর সহযোগি বাহিনী হিসেবে এদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে।
অত্যন্ত পরিতাপের বিষয় যে, বাংলাদেশের জাতীয় সমস্যা চিহ্নিতকরণে ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার সম্পূর্ণ ব্যক্তি ও তাঁদের নিজনিজ দলীয় স্বার্থচিন্তা থেকে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের পথে হেঁটেছেন। মানুষের কাছে সে সময় স্পষ্টতঃই মনে হচ্ছিল যে, সরকার চলছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ইশারায়। তাদের কাছে বাংলাদেশের জাতীয় সমস্যা মনে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা। তারা স্পষ্টতই যুদ্ধ ঘোষণা করেছিলেন এই দুই বিষয়ের বিরুদ্ধে। একদিকে তথাকথিত বিচারের নামে দলের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, অন্যদিকে নিজেদের বাহিনী দিয়ে ভেঙ্গে চুরমার করেছেন স্বাধীনতা ও বিজয়ের সব স্মৃতিচিহ্ন। এর পাশাপাশি মুহম্মদ ইউনুস ব্যস্ত থেকেছেন তাঁর ব্যক্তিগত চাওয়া-পাওয়া হাসিল করতে। অথচ জাতীয় যে দুর্যোগ মুহূর্তে তিনি দায়িত্ব নিয়েছিলেন, সে মুহূর্তে সবচেয়ে যেটি বেশি প্রয়োজন ছিলো সেটি হলো দেশের প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলগুলোকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের অংশ করা। সব দলকে সাথে নিয়ে বসা, এমন কি আওয়ামী লীগকেও।
এখন কী হবে?
কেউ স্বীকার করা না করা তাঁর ব্যক্তিগত বা দলীয় বিষয়, কিন্তু বাংলাদেশের জন্ম ইতিহাসের সাথে ওতোপ্রতভাবে জড়িত দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দলকে বাদ দিয়ে এ দেশের রাষ্ট্রীয় যে কোন সিদ্ধান্ত, সংস্কার ও রাজনীতি যে সম্ভব নয়, তা দিনে দিনে স্পষ্ট হচ্ছে। শত বাধা-বিপত্তি, এমন কি সমূহ বিপদ তুচ্ছ করে নিষিদ্ধের বাধ ভাঙতে জেলায় জেলায় দানা বাধছে আন্দোলন। ভবিষ্যতে এই অবস্থা যে আরো ব্যাপক হবে তা অতীতের যে কোন ইতিহাস থেকেই অনুমান করা যায়। নিঃসন্দেহে এতে জাতীয় অগ্রগতি কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয়। অথচ অন্তর্বর্তিকালীন সরকার মিমাংসার ক্ষেত্রে আন্তরিক হলে, সৎ হলে, প্রকৃত মিমাংসার মানসিকতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো। এখন যা অবধারিত হয়ে উঠছে তা মোকাবেলা করতে সরকারকে বেগ পেতে হবে নিঃসন্দেহে। ততক্ষণে প্রতিশোধ, পাল্টাপ্রতিশোদের আগুনে পুড়ে অনেকটাই মলিন হতে পারে বাংলার মুখ, যে আগুনের সূত্রপাত করে গেছেন মূলতঃ ব্যক্তিস্বার্থকে সবার ওপরে রাখা একজন মধ্যস্থতাকারীই। অথচ চাইলে তিনি হয়তো পারতেন জাতীয় উত্তরণের সম্ভাবনার দুয়ার খুলতে!
( লেখক:আহমেদ সাকলায়েন, সাউথ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র)
Posted ২:০৪ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24