অজিৎ ভৌমিক
প্রিন্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৬:৪৯ পূর্বাহ্ণ
জেল হত্যা দিবস-স্মরণ সমাবেশে বক্তব্য দিচ্ছেন আমিনুল ইসলাম আমিন। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
অজিৎ ভৌমিক
পঁচাত্তরের ৩ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা-সহ পরবর্তীতে আওয়ামী লীগের নেতা-কর্মীগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞের নিন্দা ও প্রতিবাদে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক স্মরণ-সমাবেশ হয় ৩ নভেম্বর সন্ধ্যায়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
সমাবেশে বর্তমান বাংলাদেশের ভয়ংকর পরিস্থিতির আলোকপাতকালে বক্তারা উল্লেখ করেন, একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারিরা দেশী-বিদেশী চক্রের নীল-নকশা অনুযায়ী শেখ হাসিনা ও তার সরকারকে ক্ষমতাচ্যুত করার পরই লাল-সবুজের দেশটি জামাত-শিবির আর সন্ত্রাসীদের অভয়ারন্যে পরিণত হয়েছে। এহেন অবস্থা থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং আমরা হবো তার প্রহরী।
বক্তারা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতীয় চার নেতা —বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে। তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে একাত্তরে বাঙালির মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার পাশাপাশি পাকিদের কারাগার থেকে সদ্য-স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে সসম্মানে ফিরিয়ে আনার ক্ষেত্রে জাতীয় এই চার নেতার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের কথা বলেন সকলে।
আলোচনায় অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুখপাত্র ডা. মাসুদুল হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল মিয়া এবং সেক্রেটারি মিজানুর রহমান চৌধুরী, ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি হৃদয় মিয়া, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর চৌধুরী এবং সেক্রেটারি জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল এবং সেক্রেটারি সৈয়দ কিবরিয়া জামান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, পেনসিলভেনিয়া আওয়ামী লীগের নেতা জন শিকদার জনি প্রমুখ। বেশ কজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন সমাবেশে।
Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24