দেশ দখলের `ভাঁড়ের রাজনীতি’ দুই বাংলায়

দীপক কুমার আচার্য   প্রিন্ট
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৪:৫৩ অপরাহ্ণ

দেশ দখলের `ভাঁড়ের রাজনীতি’ দুই বাংলায়

দীপক কুমার আচার্য

রাজনীতির ময়দানে কথার ফুলঝুরি কিংবা উত্তাপ ছড়ানো বক্তৃতা নতুন কোনো ঘটনা নয়। উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে মঞ্চে দাঁড়িয়ে গলার রগ ফুলিয়ে আকাশ-পাতাল এক করে ফেলাকে অনেকেই বাগ্মিতার চূড়ান্ত নিদর্শন বলে মনে করেন। তবে ইদানীং দুই বাংলার কিছু নেতার বক্তব্য শুনলে মনে হয়, ভূগোল, ইতিহাস আর আন্তর্জাতিক আইন সবকিছুই যেন পাড়ার চায়ের দোকানের অলস বিকেলের আড্ডার বিষয়ে পরিণত হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের সামনে বিজেপি নেতা ও রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার এক অদ্ভুত ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে তিনি রীতিমতো দিনক্ষণ ঠিক করে প্রতিশোধ নেওয়ার হুঙ্কার ছেড়েছেন। এর জবাবে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাঁরা বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না এবং কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে।

দুই বাংলার এই মাইক্রোফোন যুদ্ধ' দেখে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে `দেশ দখল করা কি তবে লুডু খেলার ঘুঁটি চালার মতোই সহজ কোনো ব্যাপার’ হয়ে গেছে? নাকি মোবাইলের ভিডিও গেমের মতো বাটন চাপলেই এক দেশ আরেক দেশের মানচিত্রে ঢুকে পড়ে?

ভারতের সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোর প্রাথমিক পাঠ যাঁদের জানা আছে, তাঁরা সবাই জানেন যে পররাষ্ট্রনীতি, সীমান্ত সুরক্ষা কিংবা প্রতিরক্ষা কোনো রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত বিষয় নয়। এটি সম্পূর্ণভাবে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকার অর্থাৎ পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিষয়। অথচ পশ্চিমবঙ্গের একজন পরিবহনমন্ত্রী নিজ রাজ্যের ভগ্নপ্রায় রাস্তাঘাট, বাস-মিনিবাসের রুট পারমিট, নিত্যদিনের অসহনীয় যানজট আর পরিবহন শ্রমিকদের সমস্যা সামলানোর চেয়ে প্রতিবেশী একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র দখলের দিনক্ষণ ঠিক করতেই বেশি উৎসাহী হয়ে উঠলেন!

তাঁর কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছিল, ভাটপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত নতুন কোনো বাসের রুট চালু করার চেয়ে ঢাকা দখল করাটা বুঝি অনেক বেশি সহজ কাজ। কূটনৈতিক শিষ্টাচার বা আন্তর্জাতিক সম্পর্কের সংবেদনশীলতা যে একজন দায়িত্বশীল মন্ত্রীর কথাবার্তায় থাকা উচিত, সেই ন্যূনতম বোধটুকুও যেন বক্তৃতার উত্তেজনায় উবে গেছে। আসলে নিজ এলাকার মানুষের মৌলিক সমস্যাগুলোর সমাধান দিতে না পারলে বা রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়লে অনেক নেতাই এমন সব অবাস্তব ও আবেগী স্লোগানের আশ্রয় নেন, যাতে করতালি জোটে ঠিকই, কিন্তু বাস্তবের মাটিতে তার কোনো ভিত্তি থাকে না।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের এক নেতার এমন দায়িত্বজ্ঞানহীন কথার জবাবে বাংলাদেশের ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতারাও মোটেও পিছিয়ে থাকেননি। তাঁরা বরং এক ধাপ এগিয়ে সরাসরি সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদ কাঁপিয়ে দেওয়ার সামরিক ও ভূরাজনৈতিক নকশা এঁকে ফেলেছেন।

তাঁদের বিবৃতিতে আঞ্চলিক ভূরাজনীতি, ঐতিহাসিক ক্ষোভ থেকে শুরু করে আন্তর্জাতিক সামরিক শক্তির সমীকরণ পর্যন্ত টেনে আনা হয়েছে।

এক পক্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে সীমান্ত পেরিয়ে ঢাকা দখলের দিবাস্বপ্ন দেখছে, তো অন্য পক্ষ পাল্টা আঘাতে দিল্লি অভিমুখে যাত্রার হুঙ্কার ছাড়ছে। এক পক্ষের অতিকথন অন্য পক্ষকে আরও বড় অতিকথনের সুযোগ করে দিচ্ছে। মজার ব্যাপার হলো, যাঁরা এই যুদ্ধংদেহী বিবৃতি দিচ্ছেন বা বক্তৃতা ঝাড়ছেন, তাঁদের কারোরই হাতে না আছে রাষ্ট্রীয় প্রতিরক্ষা বাহিনীর চাবিকাঠি, না আছে আন্তর্জাতিক যুদ্ধ পরিচালনার কোনো বাস্তব এখতিয়ার। তবু কথার লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। যেন যে যত বড় হুমকি দিতে পারবেন, ইতিহাসের পাতায় তাঁর নাম তত বড় হরফে লেখা থাকবে!

 

এই পুরো `দেশ দখল’ নাটকের আসল রসিকতাটা লুকিয়ে আছে দুই বাংলার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের রূঢ় বাস্তবতায়। নেতাদের কল্পনায় সীমান্তের মানচিত্র বদলে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের পকেটের ভাঁজ আর খুলছে না।

যে মুহূর্তে ভাটপাড়ার মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ দখলের রণহুঙ্কার ছাড়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে হয়তো উত্তর চব্বিশ পরগনারই কোনো মধ্যবিত্ত নাগরিক শিয়ালদহ-বনগাঁ লোকাল ট্রেনের প্রচণ্ড ভিড়ে চিঁড়ে চ্যাপ্টা হতে হতে ভাবছেন, এ মাসে আলু, পেঁয়াজ আর সরষের তেলের দামটা আর কত বাড়বে!

পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত বেকার তরুণ যখন চাকরির পরীক্ষার ফলাফলের অপেক্ষায় দিন গুনছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে যখন নিম্নবিত্ত পরিবারগুলোর নাভিশ্বাস উঠছে, তখন তাঁদের রাজ্যের মন্ত্রী ব্যস্ত অন্য দেশ দখলের ক্যালেন্ডার বানাতে।

আবার একই চিত্র ঢাকার বুকেও। যে মুহূর্তে ঢাকা থেকে দিল্লির মসনদ কাঁপানোর গরম বিবৃতি গণমাধ্যমে পাঠানো হচ্ছে, ঠিক তখন ঢাকার কারওয়ান বাজার কিংবা যাত্রাবাড়ীর কাঁচাবাজারে কোনো বেসরকারি চাকরিজীবী মাছ-সবজির দরদাম শুনে দীর্ঘশ্বাস ফেলে ভাবছেন, মাস শেষে বাসাভাড়া, গ্যাস-বিদ্যুতের বিল আর বাচ্চার স্কুলের বেতনটা কীভাবে জোগাড় হবে!

মিরপুর থেকে মতিঝিলগামী বাসের ঝুলন্ত যাত্রী কিংবা হাওড়া থেকে ধর্মতলাগামী বাসের নিত্যযাত্রী `কারোরই দৈনন্দিন জীবনসংগ্রামে দেশ দখলে’ কোনো স্থান নেই। তাঁদের কাছে আসল যুদ্ধ হলো প্রতিদিনের অসহনীয় যানজট ঠেলে সময়মতো কর্মস্থলে পৌঁছানো, সরকারি হাসপাতালের বারান্দায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে একটু চিকিৎসা পাওয়া, সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করা এবং দিনশেষে বাজারের থলেটা অন্তত অর্ধেক ভরে বাড়ি ফেরা। অথচ রাজনীতির কারবারিরা মানুষের এই পেটের ক্ষুধা, বেকারত্ব আর নাগরিক ভোগান্তির চিরচেনা গল্পগুলো আড়াল করতেই সীমান্তপারের কাল্পনিক যুদ্ধের দামামা বাজিয়ে চলেন।

একবিংশ শতাব্দীর এই আধুনিক ও আন্তঃনির্ভরশীল বিশ্বে দাঁড়িয়ে এমন বক্তব্য কেবল হাস্যকরই নয়, বরং চরম দায়িত্বজ্ঞানহীনও বটে। আজকের দুনিয়ায় কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র দখল করা কোনো সস্তা বাণিজ্যিক সিনেমার চিত্রনাট্য নয় যে নায়ক এক সংলাপে সব বাধা পেরিয়ে প্রতিপক্ষের দুর্গ জয় করে নেবেন। একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ, আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সম্পর্ক এবং কোটি কোটি মানুষের জীবন-জীবিকার প্রশ্নগুলো এখানে ওতপ্রোতভাবে জড়িত।

বাংলাদেশ কোনো ভুঁইফোড় জনপদ নয়; এটি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তেমনি ভারতও একটি বিশাল গণতান্ত্রিক রাষ্ট্র, যার নিজস্ব সাংবিধানিক ও কূটনৈতিক কাঠামো রয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য, কূটনৈতিক টানাপোড়েন কিংবা অমীমাংসিত ইস্যু থাকতে পারে-তা সমাধানের জন্য রয়েছে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক টেবিল। সেখানে কোনো আঞ্চলিক নেতা বা অরাজনৈতিক সংগঠনের নেতাদের এমন বালখিল্য উক্তি কেবল দুই দেশের সাধারণ মানুষের মধ্যে অহেতুক সন্দেহ, বিদ্বেষ ও উত্তেজনাই বাড়ায়।

এই `ভাঁড়ের রাজনীতি’র সবচেয়ে বড় শিকার ও একই সঙ্গে ভোক্তা হলো সামাজিক যোগাযোগমাধ্যম।

অর্জুন সিংয়ের বক্তব্য আর হেফাজতের পাল্টা বিবৃতি প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুক, ইউটিউব আর এক্স (সাবেক টুইটার) জুড়ে শুরু হয়েছে এক অদ্ভুত সার্কাস। দুই পাড়ের এক শ্রেণির অতি-উৎসাহী নেটিজেন কিবোর্ডের বাটনে ঝড় তুলে রীতিমতো ভার্চুয়াল যুদ্ধ শুরু করে দিয়েছেন। কেউ মিম বানাচ্ছেন, কেউ ট্রল করছেন, আবার কেউ উত্তেজনায় টগবগ করে ফুটছেন।

তবে সচেতন ও সাধারণ মানুষ এই পুরো বিষয়টিকে দেখছেন চরম বিরক্তি ও হাস্যরসের চোখে। চায়ের দোকান থেকে শুরু করে অফিসের লাঞ্চ আওয়ার-সবখানেই এখন এই নেতাদের বক্তব্য নিয়ে হাসাহাসি চলছে। মানুষ বুঝতে পারছে, যখনই অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো সংকট তৈরি হয় বা জনগণের মূল দাবিগুলো সামনে চলে আসে, তখনই দৃশ্যপটে এমন কিছু `ভাঁড়’ চরিত্রের আবির্ভাব ঘটে, যাঁরা উদ্ভট সব কথাবার্তা বলে পুরো জাতির মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেন। এতে সংবাদমাধ্যমের শিরোনাম তৈরি হয়, ইউটিউবারদের ভিউ বাড়ে, রাজনৈতিক মঞ্চে হাততালি পড়ে কিন্তু আখেরে সাধারণ মানুষের কোনো লাভই হয় না।

ইতিহাস সাক্ষী, উগ্র জাতীয়তাবাদ আর দায়িত্বহীন বাগাড়ম্বর কখনোই কোনো জাতির কল্যাণ বয়ে আনেনি। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, কর্মসংস্থান ও সুশাসনের মতো অসংখ্য বাস্তব চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলা করতে হলে প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখা জরুরি। সেখানে দায়িত্বশীল পদে বসে বা সমাজের নেতৃত্বস্থানীয় অবস্থানে থেকে যা খুশি তাই বলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

সব মিলিয়ে দুই বাংলায় এখন যেন `ভাঁড়ের রাজনীতি’ জেঁকে বসেছে। এক পক্ষের অতিকথন অন্যপক্ষকে আরও বড় অতিকথনের জ্বালানি জোগাচ্ছে। দিনশেষে সীমান্তের কাঁটাতার যেখানে ছিল সেখানেই থাকে, মানচিত্রের রেখাও এক চুল নড়ে না; কেবল মাঝখান থেকে সাধারণ মানুষের সুস্থচিন্তা, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশটাই ক্ষতিগ্রস্ত হয়।

তাই দুই বাংলার সচেতন মানুষেরই এখন একটাই প্রত্যাশা `আকাশ-কুসুম’ দেশ দখলের এই হাস্যকর দিবাস্বপ্ন ছেড়ে নেতারা বরং মাটিতে পা রাখুন। নিজের দেশের, নিজের এলাকার রাস্তাঘাট, বাজারদর, চিকিৎসা আর সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তির দিকে একটু মন দিন। সীমান্ত দখলের আগে মানুষের মন জয় করার ও তাঁদের পেটের ক্ষুধা মেটানোর রাজনীতি করুন। তাতে অন্তত ভাঁড়ামির বদলে জনগণের প্রকৃত উপকার হবে।

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us