আনিসুর রহমান
প্রিন্ট
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:১০ পূর্বাহ্ণ
প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দিচ্ছেন আব্দুল লতিফ সম্রাট। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ অগাস্ট নিউইয়র্কে এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট বলেন, গত বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর সারা বাংলাদেশে যে একটি নবজাগরণ সৃষ্টি হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কুচক্রি মহল বিএনপির অতুলনীয় আকাশচুম্বি জনপ্রিয়তায় ভীত হয়ে নানারকম অপপ্রচার-কুমন্ত্রণা-কুচক্র করে চলেছে। এ অবস্থায় আমরা সবার প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি যে সবাই একত্রে সংগ্রাম করেছি, একত্রে দেশ গড়বো। তাই আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তাকে সুষ্ঠুভাবে অনুষ্ঠানে একযোগে কাজ করি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে নির্বাচন নিরপেক্ষভাবে হলে যে দলই ক্ষমতায় আসুক তাকেই শ্রদ্ধার সাথে মেনে নেব। সম্রাট উল্লেখ করেন, কিন্তু নির্বাচনকে বানচাল করার চেষ্টা যারা করবে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের জাগ্রত গণতান্ত্রিক জনতা আপনাদেরকে প্রতিরোধ করবে। সম্রাট বলেন, আমরাও সংস্কার চাই। আমরাও বিচার চাই। কিন্তু এটাকে ১৫ মাস, দুই বছর সময় দিয়ে ব্যাকেটবন্দি করা যাবে না। এটা চলমান প্রক্রিয়া। সংস্কারের প্রক্রিয়া চলতেই থাকবে। আমাদের মহান নেতা তারেক রহমান বলেছেন যে আমরা যদি সরকারে যাই, জনগণ আমাদের নির্বাচিত করে তবে আমরা সংস্কার-বিচার সবকিছু একইভাবে চালিয়ে যাবে।
নিউইয়র্ক সিটির জ্যাকশন হাইটসে ডাইভারসিটি প্লাজায় স্বেচ্ছাসেবক দলের নিউইয়র্ক শাখা আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ চৌধুরী। সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর রহমান হারুন।
প্র্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল লতিফ সম্রাট। সমাট আরো বলেন, বাংলাদেশকে সঠিক ট্র্যাকে পরিচালনার স্বার্থেই নির্বাচিত একটি সরকারের প্রয়োজন। তা নিয়ে কালক্ষেপণের সুযোগ থাকতে পারে না। সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিউইয়র্ক সিটি বিএনপির (উত্তর) সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক ফয়েজ চৌধুরী, ষ্টেট বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক দেওয়ান কাউসার, এবাদ চৌধুরী, শেখ তারেক হাসান, আসিব খান, সিটি (দক্ষিন)বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খুলকুর রহমান, জামান উদ্দিন, উত্তরের সাবেক যুগ্ম আহব্বায়ক এজি এম জাহাংগীর হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কর্ম কর্তা রাশেদ রহমান, হারুন মিয়া, সাকিব ইসলাম অর্ক, অদূদ উদ্দিন, শওকত রাজিব হাসান, যুবদলের মনিরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্যে দোয়া-মোনাজাত করাও হয়।
Posted ৯:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর