শাড়ির নাম কে রাখে ! জেনে নিন শাড়ির ১০০নাম

সঞ্জীব চট্টোপাধ্যায়   প্রিন্ট
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ১:১২ অপরাহ্ণ

 

সঞ্জীব চট্টোপাধ্যায়

আচ্ছা একটা কথা জানতে চাই; এই যে মেয়েদের শাড়ির নাম হয় বিভিন্ন; এই নাম কে রাখে কেউ জানেন?
মানে বলতে চাইছি; সেই লোকটিকে আমার দরকার। আমি জানতে চাই এইসব নাম আসে কোথা থেকে; এবং কেন আসে; এই নামগুলো না এলেই বা এই মহাবিশ্বের কি ক্ষতি বৃদ্ধি হতো?

বিষয়টা খুলেই বলি। আমার বউ এমনিতে ঠিকই আছে; খাচ্ছে দাচ্ছে লাফাচ্ছে ; ছেলের পেছনে চ্যাঁচাচ্ছে; আমার ওপরে খবরদারি করছে….সে করুক। কিন্তু; যত পুজো এগিয়ে আসে; আমার বউয়ের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে। একটা ক্রূর জিঘাংসাবৃত্তি জেগে ওঠে; কিরকম যেন একটা আমজাদীয় মনোভাব ফুটে ওঠে। বেশ কয়েক বছর আগে; এক সন্ধ্যায় হঠাৎ এক গব্বর সিং টাইপ্স হিহিহাহাহাহাহা দিয়ে বলল সে নাকি সম্বলপুরী সিল্ক কিনবে এইবার।

আমি ঢোক গিললাম; জল খেলাম; নাকের ডগা কুরকুর করে চুলকে বললাম ……. সম্বলপুরী? আমি সহায় সম্বলহীন মানুষ; আবার ওসব কেন? তার চেয়ে আসন্ন শীত উপলক্ষে চলো দুটি মোটা কম্বল কিনি; কাজে দেবে। এরপরে টানা তিনদিন যে মানসিক ও পৈটিক অত্যাচার আমি সহ্য করেছি; তা বিশদে শুনলে আপনারা চোখের জলে ঘর ভাসিয়ে ন্যাতা দিয়ে ঘর মুছে ফেলবেন। স্রেফ সাদা আলুর তরকারি আর রুটি খেয়ে ক্ষুন্নিবৃত্তি সেরেছি….

আর একবার; ঠিক সেইরকমই একটা হাসির সাথে বজ্রনির্ঘোষ এসেছিল…….বোমকাই!!

বোমকাইয়ের নাম শুনে আমি একপ্রকারের চমকাই। মাথা চুলকে বলেছিলাম……পুলিশ ধরে যদি? ওসব বোম টোম কিনো না ; ছাপার শাড়ি কেনো বরং…….আধখানা ডিমও দেয়নি পরের তিনদিন……

আর একবার……বিচিত্রপুরী। আমি দোষের মধ্যে বলেছিলাম……এই বাড়িটাই তো একটা বিচিত্রপুরী……বাকিটা আর শুনে কি করবেন? প্রাণ কেঁদে উঠবে; কারবালার প্রান্তরে হাসান হোসেনের ওপরেও এই পাশবিক অত্যাচার হয়নি।

তবে কেলো অফ অল কেলোস হয়েছিলো যেবার কলমকারি শাড়ির কথা বলেছিলো। আমি মা শীতলার দিব্যি বুঝিনি। খুব গম্ভীরভাবে বলেছি……দেখো মামণি; আজ পর্যন্ত তুমি বহু কেলেঙ্কারি করেছো; আর ওই কেলেঙ্কারি শাড়ি কিনতে হবে না। তারপরে কি হয়েছিলো? থাক…..

পুজো আবার আসছে। ওই শাড়ির নাম রাখে যে লোকটা; তাকে আমার দরকার। কেউ জানলে জানাবেন দয়া করে……

শাড়ি লিস্ট  এখানে দিলাম: ইক্কত, কাঞ্জিভরম, বালুচরি, ঢাকাই জামদানি, মুর্শিদাবাদ সিল্ক, বিষ্ণুপুর সিল্ক, বেনারসি, পৈঠানি, মাহেশ্বরী, আর্নি সিল্ক, জর্জেট, গাদোয়াল, মাইশোর সিল্ক, বোমকাই, গামছা শাড়ি, মশারি শাড়ি, অসম সিল্ক, স্বর্ণ কাতান, বেগমপুরি, ধনেখালী, শিফন্ জর্জেট, কাতান বেনারসি, পচমপল্লী, করদানি ঢাকাই, গাছি তসর, সম্বলপুরি সিল্ক, মোডাল সিল্ক, গরদ, কোড়িয়াল সিল্ক, মধুবনী, কাঁথা স্টিচ, অরগেঞ্জা, ঢাকাই মসলিন, স্বর্ণচুড়ী, গুজরাটি কাঁথা, কাশ্মীরি কাঁথা, পশমিনা সিল্ক, আর্ট সিল্ক, নারায়ন পেট, তাঞ্চই, চান্দেরি,  লক্ষ্ণৌ চিকন, কলাখেত্র, পিওর সিল্ক, বাংলার তাঁতের শাড়ি, সাউথ ইন্ডিয়া, টাঙ্গাইল, বালিকা বধূ, কাঁচ কাটা হিরে, আজরাখ, ওপারা শাড়ি, পাটোলা, বান্ধনি, দোলা সিল্ক, লেহেরিয়া, নেট শাড়ি, কোটা ডোরিয়া, কাশ্মীরি সিল্ক, উপ্পাদা, মঙ্গলগিরি, কুর্গি, ভেঙ্কটগিরি, ইলকাল, বাপটা শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, কটকি, এপ্লিক শাড়ি, কোটা সিল্ক, জারদৌসি, বাহা শাড়ি, সাউথ সিল্ক, তাঁত সিল্ক
৭৩)গিছা শাড়ি, কলমকারি, বাটার সিল্ক, খাদি কটন, শান্তিপুরি, ব্যাঙ্গালোর সিল্ক, সুতির ছাপা শাড়ি, কোসা সিল্ক, বাটিক, কোটা দরিয়া, সঙ্গনারী, রাজকোট, বেগমপুরি, মটকা, মনিপুরী সিল্ক, ভাগলপুরি সিল্ক, কোরা সিল্ক, মুগা সিল্ক, পেপার সিল্ক, ফুলকারি, কাসাভা, কাঠিতাওয়ার, ধুপিয়ান সিল্ক, রেশম কোটা, হাকোবা শাড়ি, রাজস্থানী কটন, ববি শাড়ি এবং বাংলাদেশী ঢাকাই।

Facebook Comments Box

Posted ১:১২ অপরাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us