ঈদযাত্রায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ২৪৯ মৃত্যু

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৬ পূর্বাহ্ণ

ঈদযাত্রায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ২৪৯ মৃত্যু

এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে গড়ে প্রতিদিন ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

সোমবার (৭ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত, ঈদুল ফিতরের আগে ও পরে মোট ১১ দিনে ২৫৭টি সড়ক দুর্ঘটনায় ২৪৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৫৩ জন, তবে বাস্তবে আহতের সংখ্যা ২ হাজারের বেশি বলে জানানো হয়। শুধু ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালেই ঈদের ২ দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫৭১ জন ভর্তি হয়েছেন, যার অধিকাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্ত।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, এই সময়ে মোট ১১৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৬ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪২ দশমিক ৫৭ শতাংশ। দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন ৩৯ জন, যা মোট নিহতের ১৫ দশমিক ৬৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৩২ জন, যা মোট নিহতের ১২ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া, ৬টি নৌ-দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন এবং ১৭টি রেলপথ দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

এছাড়া, দুর্ঘটনাগুলোর মধ্যে ৮৭টি (৩৩ দশমিক ৮৫ শতাংশ) জাতীয় মহাসড়কে, ৯৮টি (৩৮ দশমিক ১৩ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৪৩টি (১৬ দশমিক ৭৩ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ২৯টি (১১ দশমিক ২৮ শতাংশ) শহরের সড়কে ঘটেছে।

রোড সেফটি ফাউন্ডেশন আরও জানায়, মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪ দশমিক ৩৫ শতাংশ, এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর পরিসংখ্যানে মোটরসাইকেল চালক ও আরোহী ৪২ দশমিক ৫৭ শতাংশ, বাস যাত্রী ৫ দশমিক ৬২ শতাংশ, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৩ দশমিক ৬১ শতাংশ, প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ৭ দশমিক ২২ শতাংশ, থ্রি-হুইলার যাত্রী ১৯ দশমিক ৬৭ শতাংশ, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ৪ শতাংশ এবং বাইসাইকেল আরোহী ১ দশমিক ৬০ শতাংশ নিহত হয়েছেন।

এই প্রতিবেদনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং রোড সেফটি ফাউন্ডেশনের নিজস্ব তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us