ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি

বাঙালি সংস্কৃতির ফল্গুধারা বহুজাতিক এ সমাজে প্রবাহিত রাখার সংকল্প

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৭:০০ পূর্বাহ্ণ

অ্যাপ্রিসিয়েশন পার্টিতে অতিথিসহ বাইটপোর কর্মকর্তারা।

ডিসি প্রতিনিধি
আড্ডা, স্মৃতিচারণ ও মেজবানি খাবারের মধ্য দিয়ে ‘বাংলাদেশি আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন’ (বাইটপো)’র সদস্য, স্পনসর, শুভাকাঙ্ক্ষী এবং গত ২৩ আগস্ট মেজবান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপনের লক্ষ্যে গত রোববার (২০ সেপ্টেম্বর)ভার্জিনিয়ার উডব্রিজে এক ‘অ্যাপ্রিসিয়েশন পার্টি’ অনুষ্ঠিত হয়। এসময় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানকে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মাঝে তুলে ধরার উদ্যোগ এবং সফল আয়োজনের নেপথ্যে থাকা কর্মী, স্পনসর ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি উদাত্ত আহবান উচ্চারিত হয় সামনের দিনগুলোতেও বাঙালি সংস্কৃতির ফল্গুধারা বহুজাতিক এ সমাজে প্রবাহিত রাখার।
প্রাণের আমেজ আর সম্প্রীতির বন্ধনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ। চ্যান্সেলর আবুবকর হানিফ সফলভাবে মেজবান আয়োজনের জন্য বাইটপো টিমের সদস্যদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে মেজবান আয়োজনের ক্ষেত্রে সংগঠনটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
খ্যাতনামা অর্থনীতিবিদ এবং নিরব সমাজকর্মী ড. ফায়জুল ইসলাম বলেন, গত ২৩ আগস্ট ডিএমভি এলাকায় স্মরণকালের অন্যতম বৃহৎ মেজবান অনুষ্ঠিত হয়েছে। এতে কিংবদন্তি সংগীতশিল্পী নকীব খান সংগীত পরিবেশন করেন। তিনি মেজবান আয়োজনের বিভিন্ন দিক ও সাফল্যের কথাও তুলে ধরেন। ড. ফাইজুল বলেন, বড় ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করতে গেলে নানা সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে যারা একটি আয়োজন সফল করেন, তাদের পরিশ্রম ও ইতিবাচক দিকগুলো তুলে ধরা প্রয়োজন। এতে আয়োজকেরা ভবিষ্যতে আরও ভালো অনুষ্ঠান করতে উৎসাহিত হবেন।

অ্যাপ্রিসিয়েশন পার্টিতে মেজবানের নেপথ্য কর্মীগণের কয়েকজন। ছবি-বাংলা গেজেট।

বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ বলেন, প্রত্যাশার চেয়ে বেশি লোকসমাগম এবং নিবন্ধন ছাড়াই বিপুলসংখ্যক অতিথির উপস্থিতির কারণে খাবার ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা সৃষ্টি হয়। নির্ধারিত খাবার পরিবেশনের সময় অতিক্রান্ত হওয়ার পর কিছু অতিথি খাবার না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। আগামী মেজবান আরও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বেশ কিছু নতুন পরিকল্পনার কথাও জানান বাইটপো সভাপতি। তিনি বলেন, ভবিষ্যতে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে। এ বছর যারা নিবন্ধন করেছেন, তাদের আগামী বছরের আয়োজনে ফ্রি-রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। খাবার বিতরণ আরও দ্রুত ও সুশৃঙ্খল করতে চারটি পৃথক লাইন চালুর পাশাপাশি খাবার পরিবহনের সক্ষমতা তিন গুণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
আগামী মেজবানে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বাইটপো সভাপতি বলেন, পরবর্তী আয়োজনের প্রস্তুতি এমনভাবে নেওয়া হবে, যাতে কোনো অতিথিকে খাবার না খেয়ে ফিরে যেতে হয়।

অনুষ্ঠানে বাইটপোর সহ-সভাপতি সাইফুল্লাহ খালেদ এবং ইভেন্ট কো-অর্ডিনেটর স্যাম রিয়াসহ সংগঠনের আরও অনেকে বক্তব্য রাখেন। আলোচনা ও স্মৃতিচারণের পাশাপাশি অ্যাপ্রিসিয়েশন পার্টিতেও ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের আয়োজন।

Facebook Comments Box

Posted ৭:০০ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us