বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ০৩ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:১১ পূর্বাহ্ণ
গণ-বরখাস্তের প্রতিবাদে ‘আমেরিকান ফেডারেশন অব গভর্ণমেন্টঅ্যামপ্লয়ি’র ক্যাপিটল হিলের বাইরে তুমুল বিক্ষোভ। ছবি-সংগ্রহ।
দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসে যৌথ অধিবেশনে ৪ মার্চ মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যায় প্রথম ভাষণের সময়টিও উত্তেজনায় পরিপূর্ণতা পাবে। কারণ, ভেতরে ডেমক্র্যাটরা আমন্ত্রণ জানিয়েছেন ইলোন মাস্ক কর্তৃক ছাটাইকৃত কয়েকজন কর্মকর্তাকে। এ ছাড়াও শপথ গ্রহণের পর থেকে এ যাবত জারিকৃত বিশেষ নির্বাহী আদেশের বলি হওয়া আরো কিছু দপ্তরের কর্মকর্তা ছাড়াও আসবেন অভিবাসন-সমাজের মেধাবিরা। ক্যাপিটল হিলের বাইরেও জড়ো হবেন শতশত কর্মচারি-যারা আকস্মিক এই বরখাস্তের ভিকটিম হয়েছেন। এরমধ্যে বেসামরিক ও সামরিক বাহিনীর লোকজনও থাকবেন বলে জানা গেছে। প্রসঙ্গত: উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর গভর্ণমেন্ট অ্যাফিয়েন্সি ডিপার্টমেন্টের দায়িত্ব প্রাপ্ত ধনকুবের ইলোন মাস্কের নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই ফেডারেল কোর্টে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় অধিকাংশের কার্যকারিতা থামিয়ে দেয়া হলেও প্রতিদিনই জারি করা হচ্ছে বিভিন্ন আদেশ-যা সমগ্র জনগোষ্ঠিকে আতংকে নিপতিত করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, যৌথ অধিবেশন তথা ট্রাম্পের ভাষণ বর্জনের পরিবর্তে কংগ্রেসের অনেক সদস্য একে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কোন যুক্তি ছাড়াই বরখাস্তের ভিকটিম কয়েকজনকে ভেতরে বক্তব্য প্রদানের সুযোগ দাবি করছেন। এমন কর্মসূচি সফল করতে নিজ এলাকায় ডেমক্র্যাট কংগ্রেসম্যানরা টাউন হল মিটিং ছাড়াও ফোন ব্যাংকিং করছেন। ইলিনয়ের কংগ্রেসম্যান ব্র্যাড স্নাইডার এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেছেন, ইলোন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে চরমভাবে ক্ষুব্ধ আমেরিকানদের আমরা যৌথ অধিবেশনে আমন্ত্রণ জানিয়ে অতিথিগণকে দেখাতে চাই যে, তারা (মাস্ক ও ট্রাম্প) কতটা বেপরোয়া-স্বৈরশান্ত্রিক আচরণে লিপ্ত হয়েছেন। ব্র্যাড স্নাইডার আরো উল্লেখ করেছেন যে তিনি ঐ অধিবেশন বর্জনের পক্ষে নন। উপস্থিত হয়ে প্রতিবাদ দেখাতে চান। উল্লেখ্য, কানেকটিকাটের ইউএস সিনেটর (ডেমক্র্যাট)ক্রিস মারফি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন ট্রাম্পের ভাষণ বর্জনের। তিনি বলেছেন, প্রেসিডেন্টকে দেখাতে চাই যে তিনি সবকিছুর অনুমোদন সহজে পাবেন না। কারণ, তার প্রশাসনের কিছু পদক্ষেপে আমেরিকার জনসাধারণ অসন্তুষ্ট। এহেন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউজ রোববার উল্লেখ করেছে যে, রাজনৈতিক ফায়দা হাসিলের অভিপ্রায়ে ডেমক্র্যাটরা সহজ-সরল আমেরিকানদের ব্যবহার করতে চাচ্ছেন। যদিও এমন যুক্তি ধোপে টেকে না। বিদেশে যুক্তরাষ্ট্রের সাহায্য পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা ইউএসএআইডিকে দুর্বল করে দিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টায় অপ্রয়োজনীয় মৃত্যু বাড়বে- এমন সতর্কবার্তা দেওয়ার আধঘণ্টারও কম সময়ের মধ্যে সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নোটিস পেয়েছেন।
উল্লেখ্য, কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট তার কর্ম-পরিকল্পনা উপস্থাপন করেন। জাতীয়ভাবে এ ভাষণের গুরুত্ব অপরিসীম। কিন্তু এবারের ভাষণে অধিকাংশ আমেরিকানের আগ্রহ-কৌতুহল উভয়েই ভাটা পড়েছে। কারণ, ‘ইলোন মাস্কের কানকথায় প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে স্থির রাখতে সক্ষম হচ্ছেন না। মাস্কের ব্যবসায়িক স্বার্থের কাছে ট্রাম্প তার প্রেসিডেন্সিকে বিকিয়ে দিয়েছেন’-বলে গুঞ্জন উঠেছে শীর্ষস্থানীয় গণমাধ্যমেও।
জানা গেছে, কংগ্রেসম্যান স্নাইডারের অতিথি হয়ে অধিবেশনে যাবেন নর্থ শিকাগোর হেল্্থ সেন্টারের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে কর্মরত এডাম মালভেই। তাকে গত মাসে বরখাস্ত করা হয়েছে। আরো জানা গেছে, মার্কিন সেনাবাহিনীতে ২০ বছর চাকরির পর স্বাস্থ্য দফতরে কাজ করছিলেন। কানেকটিকাট স্টেটের গ্যাব্রিয়েল ডি’এলাট্রিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। মার্কিন নৌ-বাহিনীতে বেশ ক’বছর সার্ভিসের পর যোগদান করেছিলেন আইআরএস-এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে। গ্যাব্রিয়েলকেও বরখাস্ত করা হয়েছে ৬ দিন আগে। কর্মজীবনে কোন ক্রুটি ছিল না। কিন্তু মাস্ক-ট্রাম্পের গণছাটাইয়ের কবলে নিপতিত হয়েছেন। গ্যাব্রিয়েল বলেছেন, এমন অঅকস্মিক আদেশে পরিবারসহ আমি হতবাক হয়েছি। অনিশ্চিত জীবনে নিপতিত হলাম। অথচ গত নির্বাচনে আমি ট্রাম্পকে ভোট দিয়েছি। তাকে আমন্ত্রণ জানিয়েছেন কানেকটিকাটের কংগ্রেসম্যান যো কোর্টনি।
ইউএস সিনেটে বিরোধী দলীয় নেতা (নিউইয়র্ক থেকে ডেমক্র্যাট) সিনেটর চাক শ্যুমার বলেছেন, আফগানিস্তানে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়া মার্কিন সেনা আলিশা ইলম্যান চাকরি করছিলেন বাফেলোতে অবস্থিত অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সম্পর্কিত ডিপার্টমেন্টে। সম্প্রতি তিনিও বরখাস্তের চিঠি পেয়েছেন। এভাবে আমাদের অবসরপ্রাপ্ত সৈনিকদের অনিশ্চিত জীবনে ঠেলে দেয়ার পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না। এটা অ-আমেরিকান আচরণ।
পেনসিলভেনিয়ার ডেমক্র্যাট কংগ্রেসম্যান ক্রিসি হোলাহ্যান আমন্ত্রণ জানিয়েছেন জেসিকা মালারিক ফেয়ারকে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে পেনসিলভেনিয়ার ভ্যালি ফোর্জ ন্যাশনাল পার্কে জর্জ ওয়াশিংটনের অফিসকে সংস্কারের পর গোছ-গাছ করার কাজে নিয়োজিত ছিলেন। তাকেও আচমকা বরখাস্তের নোটিশ দেয়া হয়েছে। কংগ্রেসম্যান ক্রিসি হোলাহ্যান বলেন, আমি আশা করছি জনসাধারণের বোধোদয় ঘটবে যে, কর্মজীবীরাও মানুষ। আবর্জনার স্তুপ নন যে, ঝাড়ু দিয়ে সরিয়ে দিলাম। এবং তারা নিজ নিজ মেধা দিয়ে আমেরিকার কল্যাণে নিয়োজিত ছিলেন।
ট্রাম্প প্রশাসনের অযৌক্তিক বরখাস্ত প্রক্রিয়ার মধ্যে কংগ্রেসকে পাশ কাটিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়ো ৪ বিলিয়ন ডলারের অস্ত্র পাঠিয়েছেন ইসরায়েলে। কংগ্রেসের অনুমোদন ব্যতিত ইসরায়েলে অস্ত্র প্রেরণে এটি হচ্ছে বর্তমান ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় কার্যক্রম। জরুরী কারণে এসব অস্ত্র পাঠানো হয় বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের নিরাপত্তায় আমেরিকার অঙ্গিকারের পরিপূরক হিসেবে জরুরী এ ব্যবস্থা অবলম্বন করতে হয় বলে শনিবার গণমাধ্যমে বলেছেন মার্কো রোবিয়ো।
এভাবেই হরিবল অবস্থা চলছে গোটা প্রশাসনে। তবে ন্যায়ের শাসনের স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্পের এহেন গণবিরোধী এবং সংবিধানের পরিপন্থি কর্মকান্ডে দ্বি-মত পোষণের ঘটনা ঘটছে আদালতে। ট্রাম্পের প্রশাসনিক আইনজীবীরা আদালতে ছুটছেন। শ’খানেক মামলার জবাব দিতে। একদিকে আইনী লড়াই, আরেকদিকে বিচারপতিগণকে হুমকি-ধমকির গুরুতর অভিযোগও পাওয়া যাচ্ছে।
Posted ৯:১১ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর