দেশের ৬ জেলায় বন্যার আভাস

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০০ পূর্বাহ্ণ

দেশের ৬ জেলায় বন্যার আভাস

ফাইল ছবি

দেশের ছয়টি জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সংশ্লিষ্ট নদ-নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পাবে। এর মধ্যে মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা ফেনী জেলার সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এছাড়া, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ছয়টি নদী—সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরীর পানি আগামী তিন দিন পর্যন্ত বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ কারণে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলও বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে জানানো হয়েছে।

এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদ-নদীতে আগামী দুদিন স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার দেখা দিতে পারে।

অন্যদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বর্তমানে কিছুটা কমছে। তবে আগামী তিনদিন তা আবার বাড়তে পারে, যদিও তা বিপৎসীমার নিচে থাকবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, `ছয় জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে বৃষ্টিপাত কমে গেলে পানি দ্রুত নেমে যাবে।’ সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us