এজাজ আহম্মেদ
প্রিন্ট
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ সর্বশেষ আপডেট : ১০:৪৩ পূর্বাহ্ণ
সংগৃহীত ছবি
চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলকে পরিবেশবান্ধব ও টেকসই শিল্পাঞ্চলে রূপ দিতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’ অনুমোদনের সময় তিনি এ নির্দেশনা দেন। পরিবেশ সুরক্ষা ও টেকসই জ্বালানি ব্যবহারের শর্তেই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, শিল্পায়নের গতি বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে প্রায় ৪ হাজার ১৮৯ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে ১ হাজার ৭২২ কোটি ১৯ লাখ ৮৫ হাজার টাকা। বাকি ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ ১২ হাজার টাকা আসবে প্রকল্প ঋণ ও অনুদান থেকে।
প্রকল্প প্রস্তাব পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি শিল্পবর্জ্য ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক মানসম্মত একটি পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন।
এ ছাড়া একটি আধুনিক বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করে পরিশোধিত পানি পুনর্ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দেন তিনি। প্রকল্পের নকশায় পরিবেশগত কোনো ঘাটতি না থাকে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন প্রধানমন্ত্রী।
পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে পুরো শিল্পাঞ্চলে সৌর প্যানেল স্থাপন এবং সৌরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের মতে, এতে একদিকে যেমন পরিবেশের ওপর চাপ কমবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে শিল্পাঞ্চলের জ্বালানি ব্যয়ও হ্রাস পাবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত পানি শোধন ও পুনর্ব্যবহার সুবিধা এবং নবায়নযোগ্য জ্বালানির সংযুক্তিসহ প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো বাস্তবায়নের শর্তেই প্রকল্পটি অনুমোদন পেয়েছে। চূড়ান্ত বাস্তবায়ন পরিকল্পনায় এসব পরিবেশবান্ধব পদক্ষেপের প্রতিফলন নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, আনোয়ারার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে আধুনিক ও সবুজ অবকাঠামো গড়ে উঠলে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি টেকসই শিল্পায়নের নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর