পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনা ও ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে তদন্ত কমিশন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ০৮ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:২৩ পূর্বাহ্ণ

পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনা ও ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করবে তদন্ত কমিশন

জাতীয় স্বাধীন তদন্ত কমিশন দেশের আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ১৫ জনকে সাক্ষ্য দেয়ার জন্য তলব করেছে।

শনিবার (৮ মার্চ) কমিশন থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত দিনের মধ্যে কমিশনের কার্যালয়ে অথবা অনলাইনে সাক্ষ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আহ্বান জানানো হয়েছে।

সাক্ষ্য দেয়ার জন্য তলব করা অন্যান্য ব্যক্তির মধ্যে রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক (অব.), সাবেক সংসদ সদস্য শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, বাহাউদ্দিন নাছিম, বিডিআরের ৪৪ ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শামসুল আলম (অব.), সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর (অব.), সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ (অব.), সাবেক র‍্যাব প্রধান হাসান মাহমুদ খন্দকার, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, সাবেক পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ এবং সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষ্য প্রদানের জন্য উল্লিখিত ব্যক্তিরা সরাসরি কমিশনের কার্যালয়ে উপস্থিত হতে পারবেন অথবা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন। কমিশন জানায়, আগামী ৩১ মার্চের মধ্যে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সাক্ষীরা তাদের প্রস্তাবিত সময়সূচি ফোন, ই-মেইল বা চিঠির মাধ্যমে কমিশনকে জানাতে পারবেন।

কমিশন আরো সতর্ক করে দিয়ে জানায়, অসহযোগিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, গত ৫ মার্চ পিলখানা হত্যাকাণ্ডবিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটে তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য প্রদান করার জন্য জনগণকে উৎসাহিত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ক্যাম্পে ঘটে যাওয়া ওই নারকীয় হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন, যা দেশবাসীকে শোকস্তব্ধ করে।

Facebook Comments Box

Posted ১০:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us