নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:০৫ পূর্বাহ্ণ
উদ্বোধনের পরই আবেদনকারিগণকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। ছবি-এনওয়াইভয়েস২৪।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র দূতাবাসে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্ণেল মোঃ আনোয়ার-উল-আলম, এসজিপি, বিজিবিএম। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত ঢাকা হতে আগত প্রজেক্ট ইঞ্জিনিয়ার, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও ব্রাসিলিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্ণেল মোঃ আনোয়ার-উল-আলম তাঁর বক্তব্যে ই-পাসপোর্ট কার্যক্রম ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ‘ই-পাসপোর্ট’ আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশীদের বিস্তারিত ব্যাখ্যা করেন। উদ্বোধনের আগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের টেকনিক্যাল টিম দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান তাঁর বক্তব্যে সঠিক তথ্যসমৃদ্ধ পাসপোর্ট ইস্যুর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।
ব্রাসিলিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা প্রধান অতিথির বক্তব্যে ২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং গৌরবান্বিত মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। রাষ্ট্রদূত ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনের এই দিনটিকে দক্ষিণ আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের জন্য একটি আনন্দের ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন। তিনি প্রবাসী বাংলাদেশীদের সম্মিলিত প্রচেষ্টা ও কর্মের মাধ্যমে বাংলাদেশের সুনাম ও সম্মান বৃদ্ধির আহ্বান জানান।
বাংলাদেশ ও বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়ার ফলে দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলায় বসবাসরত কয়েক হাজার প্রবাসী বাংলাদেশীর জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াসমূহ সহজতর ও নিরাপদ হবে। রাষ্ট্রদূত বলেন, ই-পাসপোর্ট প্রক্রিয়ায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে এবং বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সাথে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে যা বহির্বিশ্বে বাংলাদেশের পাসপোর্টের মান ও মর্যাদা বৃদ্ধি করবে। তিনি বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়ায় ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এই সেবা কার্যক্রম চালু করার ফলে এখন থেকে দক্ষিণ আমেরিকার উল্লেখিত দেশসমূহে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা দূতাবাসে এসে ই-পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও দূতাবাস বিভিন্ন শহরে কনস্যুলার পরিষেবার মাধ্যমে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করতে পারবে। আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদী পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বক্তব্য শেষে রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়াতে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং আবেদনকারীদের ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন।
Posted ৯:০১ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর