সরকারি সংস্থায় ট্রাম্পের গণছাঁটাই আটকালেন মার্কিন বিচারক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৪:৩৭ পূর্বাহ্ণ

সরকারি সংস্থায় ট্রাম্পের গণছাঁটাই আটকালেন মার্কিন বিচারক

শিক্ষানবীস কর্মীসহ ফেডারেল সংস্থাগুলোর কাউকে ছাঁটাইয়ে আদেশ দেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের (ওপিএম) নেই, বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য ফেডারেল সংস্থাকে তাদের সম্প্রতি নিয়োগ দেওয়া হাজার হাজার কর্মীকে গণহারে ছাঁটাইয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের আদেশ সাময়িকভাবে আটকে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারক উইলিয়াম আলসাপ । বৃহস্পতিবার স্যান ফ্রান্সিসকোতে হওয়া শুনানিতে ডিস্ট্রিক্ট বিচারক উইলিয়াম আলসাপ বলেন, শিক্ষানবীস কর্মীসহ ফেডারেল সংস্থাগুলোর কাউকে ছাঁটাইয়ে আদেশ দেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের (ওপিএম) নেই।
শিক্ষানবীস কর্মীদের কাজের অভিজ্ঞতা সাধারণত এক বছরের কম হয়, যে কারণে তাদের চাকরির নিরাপত্তাও খুব বেশি থাকে না।
কোনো গুরুত্বপূর্ণ কাজে জরুরি হিসেবে বিবেচিত হচ্ছে না এমন শিক্ষানবীস কর্মীদের শনাক্ত ও তাদের চাকরিচ্যুত করার নির্দেশনা দিয়ে ওপিএম ২০ জানুয়ারি যে মেমো এবং ১৪ ফেব্রুয়ারি যে ইমেইল পাঠিয়েছে আলসাপ সেগুলো বাতিলের আদেশ দিয়েছেন।
মার্কিন এ বিচারক বলছেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থাকে সরাসরি ছাঁটাই বন্ধে আদেশ দিতে পারেন না, কেননা একাধিক ইউনিয়ন ও অলাভজনক গোষ্ঠীর মামলায় তারা বিবাদী নয়।
দিনকয়েক আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষানবীস কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে। আলসাপের ধারণা, দুই সপ্তাহ আগে থেকে ন্যাশনাল পার্ক, বৈজ্ঞানিক গবেষণা, অবসরপ্রাপ্ত সেনাদের সেবা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত সংস্থাসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মীদের গণহারে ছাঁটাইয়ের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা বিস্তৃত ক্ষতির কারণ হবে।
“শিক্ষানবীস কর্মীরা আমাদের সরকারের প্রাণ। তারা নিচের স্তরে কাজ করতে আসে এবং কাজের মাধ্যমে উপরে ওঠে। এভাবেই আমরা নিজেদের নবায়ন করি,” বলেছেন সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে নিয়োগ পাওয়া আলসাপ।
তার আদেশ বা মন্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজ বা মার্কিন আইন মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৮:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us