নিউইয়র্কের কমিউনিটি মিডিয়া দপ্তরের নেতৃত্বে মাজিন সিদাহমেদ

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৮:০৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কোয়ামে মামদানি তাঁর কার্যালয়ের নির্বাহী পরিচালক( অ্যাথনিক ও  কমিউনিটি মিডিয়া) হিসেবে সাংবাদিক ও মিডিয়া উদ্যোক্তা মাজিন সিদাহমেদকে নিয়োগ দিয়েছেন। প্রায় ১৫ বছরের সাংবাদিকতা ও কমিউনিটি মিডিয়ায় কাজের অভিজ্ঞতাসম্পন্ন সিদাহমেদ নতুন দায়িত্বে সিটির বিভিন্ন সংস্থার পেইড মিডিয়া, বিজ্ঞাপন ও বিপণন কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

নিয়োগের মূল লক্ষ্য হলো ভাষা, জাতিগত পরিচয় বা কমিউনিটির ভিন্নতা যেন কোনো নিউইয়র্কারের সিটি সরকারের সেবা ও কর্মসূচি সম্পর্কে জানার পথে বাধা না হয়। বিশেষ করে অভিবাসী, বহুভাষিক ও কর্মজীবী জনগোষ্ঠীর কাছে তাদের পরিচিত সংবাদমাধ্যম ও যোগাযোগ প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

মেয়রের জাতিগত ও কমিউনিটি গণমাধ্যম দপ্তর নিউইয়র্কের পাঁচ বরোর এথনিক ও কমিউনিটি সংবাদমাধ্যম, কমিউনিটিভিত্তিক সংগঠন এবং অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সিটির বিভিন্ন সেবা ও কর্মসূচি সম্পর্কে তথ্য প্রচার করে। ২০২১ সালের লোকাল ল’ ৮৩-এর অধীনে প্রতিষ্ঠিত দপ্তরটি যুক্তরাষ্ট্রের প্রথম মেয়রাল অফিস। আইন অনুযায়ী, মেয়রের অধীন প্রতিটি সিটি এজেন্সিকে তাদের মোট বিজ্ঞাপন ব্যয়ের অন্তত ৫০ শতাংশ এথনিক ও কমিউনিটি মিডিয়ায় দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হয়।

মেয়র মামদানি বলেন, সরকারি সেবা তখনই অর্থবহ হয়, যখন সেই সেবার তথ্য প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে। তাঁর মতে, যাদের সরকারি তথ্য ও সেবা সবচেয়ে বেশি প্রয়োজন, অনেক ক্ষেত্রেই তারাই সেই তথ্য থেকে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন থাকেন। সিদাহমেদ অভিবাসী নিউইয়র্কারদের জন্য তাদের ভাষা ও ব্যবহৃত প্ল্যাটফর্মে আস্থাভিত্তিক সাংবাদিকতা গড়ে তুলেছেন উল্লেখ করে মেয়র বলেন, মানুষের কাছে কীভাবে পৌঁছানো হচ্ছে, সেটিও বার্তার মতোই গুরুত্বপূর্ণ।

সিদাহমেদ বলেন, অভিবাসী নিউইয়র্কারদের সঙ্গে প্রয়োজনীয়, কখনো জীবনরক্ষাকারী সেবা ও তথ্যের সংযোগ তৈরি করার লক্ষ্যেই তিনি ডকুমেন্টেড প্রতিষ্ঠা করেছিলেন। এখন পুরো শহরজুড়ে একই কাজ বিস্তৃত করার পাশাপাশি নিউইয়র্কের বৈচিত্র্যময় এথনিক ও কমিউনিটি সংবাদমাধ্যমকে শক্তিশালী করতে কাজ করতে চান তিনি।

উল্লেখ্য, সিদাহমেদের নিয়োগ এমন একটি দপ্তরে, যার দায়িত্ব সরাসরি নিউইয়র্কের ভাষাগত ও জাতিগত বৈচিত্র্যের সঙ্গে সম্পৃক্ত। নতুন দায়িত্বে তিনি একদিকে সিটি সরকারের তথ্য ও সেবাগুলো বিভিন্ন ভাষাভাষী ও জাতিগত সম্প্রদায়ের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। অন্যদিকে এথনিক ও কমিউনিটি মিডিয়ার সঙ্গে সরকারি বিজ্ঞাপন, তথ্যপ্রবাহ ও যোগাযোগের সম্পর্ক আরও জোরদার করাও তাঁর দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হবে।

 

Facebook Comments Box

Posted ৮:০৭ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us