নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৫ মে ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:৪৮ পূর্বাহ্ণ
আইসের গ্রেফতার অভিযান অব্যাহত। ছবি-সংগ্রহ।
রিয়েল আইডি-কে জাল হিসেবে অভিহিত করে আলাবামায় লিওনার্দো গারসিয়া ভেনিগাস (২৫)নামক এক ইউএস সিটিজেনকে গ্রেফতার করেছে আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এর এজেন্টরা। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের মুখপাত্র শনিবার গণমাধ্যমে এ তথ্য স্বীকার করেছেন যে, একজন অবৈধ অভিবাসীকে গ্রেফতারে বাধা দেয়ায় ভেনিগাসকে খেসারত দিতে হচ্ছে এবং এটা প্রচলিত আইনেরই পরিপূরক। উল্লেখ্য, ২১ মে আলাবামা স্টেটের ফলি সিটিতে নির্মাণ প্রকল্প এলাকায় আইস অভিযান চালিয়েছিল একজন অবৈধ অভিবাসীকে গ্রেফতারের জন্যে। সে সময় ফ্লোরিডায় জন্মগ্রহণকারি ভেনিগাস আইস এজেন্টকে বাধাগ্রস্ত করেন। সে সময় আইসের সশস্ত্র এজেন্টের সাথে ভেনিগাসের ধাক্কাধাক্কিও সময় ভেনিগাসকে গুরুতর একজন অপরাধী হিসেবে চিহ্নিত করে গ্রেফতারের ঘটনাটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়েছে ভেনিগাসের জন্ম বৃত্তান্ত। তাই তার রিয়েল আইডি কার্ড যে জাল নয় সেটিও সকলে মনে করছেন। অর্থাৎ জাল রিয়েল আইডির বাহানা করে ভেনিগাসকে গ্রেফতারের প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। রিয়েল আইডি বহনের বিধি কার্যকর হয়েছে ৭ মে থেকে। যদিও তা বাধ্যবাধকতায় পরিণত করা হয়নি বলে কর্র্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। প্রসঙ্গত: উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের মধ্যে যারা গুরুতর অপরাধী তাদেরকে গ্রেফতারের পরই বহিষ্কারের অঙ্গিকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবে দেখা যাচ্ছে, অপরাধের লিপ্ত নন এমন অবৈধ অভিবাসীকেই শুধু নয়, গ্রীণকার্ডধারী এমনকি সিটিজেনকেও গ্রেফতারের ঘটনা ঘটছে। ২০ জানুয়ারিতে গ্রেফতার-বহিষ্কারের এ নির্বাহী আদেশ জারির পর এ যাবত দু’লাখের কাছাকাছি অবৈধ অভিবাসীকে গ্রেফতারের সময় কয়েকশত গ্রীণকার্ডধারীকেও গ্রেফতারের পর বহিষ্কারের ঘটনা ঘটেছে। একই অভিযানে ভিসাধারী ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকেও টার্গেট করা হয়েছে। আর এমন টার্গেটে নিপতিতরা হলেন গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোচ্চার শিক্ষার্থীরা।
ভেনিগাসের পিতা মেক্সিকো থেকে বহুবছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন। বাস করছেন ফ্লোরিডায়। তিনি জানিয়েছেন, ভেনিগাসকে হাতকড়া পরিয়ে আইসের গাড়িতে উঠানোর ঘন্টাখানেক পর তার সিটিজেনশিপের সার্টিফিকেট এবং সোস্যাল সিকিউরিটি নম্বর পরীক্ষা করে মুক্তি দেয়া হলেও পরদিন ঐ একই প্রকল্প এলাকায় হানা দিয়ে আরো কজনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ভেনিগাসের এক ভাইও রয়েছেন বলে পরিবার থেকে অভিযোগ উঠেছে।
এদিকে, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসেলিভেনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, ভার্জিনিয়া, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া স্টেটে হানা দিয়ে গত এক মাসে ৭২০০ জন অভিবাসীকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। এর মধ্যেও বেশ কয়েকজন গ্রীণকার্ডধারী রয়েছেন বলে ইমিগ্রেশনের এটর্নীরা জানান। গ্রেফতার-অভিযানে সন্ত্রস্ত বাংলাদেশীরাও। এরফলে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজোনপার্ক, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড, ব্রঙ্কসের পার্কচেস্টার প্রভৃতি বাণিজ্যিক এলাকায় বেচা-কেনা একেবারেই হ্রাস পেয়েছে। রেস্টুরেন্টে সারাক্ষণ আড্ডায় ব্যস্ত থাকা প্রবাসীরা বিশেষ প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাচ্ছেন না।
এদিকে, এয়ারপোর্টে সীমাহীন জিজ্ঞাসাবাদ-তল্লাশীর কারণে অনেকে আসন্ন কুরবানী ঈদে বাংলাদেশে যাবার পরিকল্পনা বাতিল করেছেন বলে ট্র্যাভেল ব্যবসায়ীরা ২৪ মে জানিয়েছেন। শুধু তাই নয়, প্রিয়-পরিচিতজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগী করতে এক স্টেট থেকে আরেক স্টেটে যেতেও স্বাচ্ছন্দবোধ করছেন না বৈধ-অবৈধ নির্বিশেষে সকলেই। সিটিজেনদের কানাডায় যাবার আগ্রহ একেবারেই স্থিমিত হয়ে পড়েছে ফেরার সময় ঝামেলার আশংকায়। অর্থাৎ ট্রাম্পের এ মেয়াদে কেউই স্বস্তিতে নেই।
Posted ৯:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর