অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২৪ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ১১:০৬ পূর্বাহ্ণ
ফাইল ছবি
ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবালকে। সাভারের বিকেএসপি মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। টসের পর তামিম বলেন, ‘আমার খুব খারাপ লাগছে, বুকে ব্যথা করছে।’
দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে স্থানীয় কেপিজে হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে এনজিওগ্রাম করে তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা জানান, ব্লকটি শতভাগ এবং তাৎক্ষণিকভাবে হার্টে রিং পরানো হয়। বর্তমানে তার শ্বাস-প্রশ্বাস যন্ত্রের সাহায্যে স্বাভাবিক রয়েছে, তার জ্ঞান ফিরেছে।
মোহামেডান ক্রিকেট ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন বলেন, ‘ডাক্তাররা বলেছেন, যদি রিং কাজ করে, তাহলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। আপাতত তাকে শিফট করার অবস্থায় নেই।’
বিসিবি পরিচালক মাহবুব আনাম এবং মোহামেডানের কর্মকর্তারা জানিয়েছেন, তামিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া সম্ভব হয়নি, কারণ তার অবস্থা সংকটাপন্ন।
বর্তমানে কেপিজে হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তামিম। হাসপাতালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ, সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ অন্যান্য কর্মকর্তারা, সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং তামিমের পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।
Posted ১১:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর