এজাজ আহম্মেদ
প্রিন্ট
রবিবার, ২৮ জুন ২০২৬ সর্বশেষ আপডেট : ৯:০৪ পূর্বাহ্ণ
সংগৃহীত ছবি
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে মুম্বাইয়ের বান্দ্রার ঐতিহাসিক গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট-ই ছিল বলিউড সুপারস্টার সালমান খান-এর স্থায়ী ঠিকানা। তবে এবার সেই ঠিকানা বদলানোর জোর সম্ভাবনা তৈরি হয়েছে। বান্দ্রার ছিম্বাই এলাকায় সমুদ্রসংলগ্ন একটি নতুন ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমোদন পেয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৬ জুন মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (এমসিজেএমএ) নতুন ভবন নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেয়। যদিও সালমান খান পরিবারসহ স্থায়ীভাবে নতুন ভবনে উঠবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
জানা গেছে, নতুন ভবনটি নির্মিত হবে সালমান খানের বর্তমান বাসভবনের কাছেই। জমিটি তার মা সালমা খান-এর নামে নিবন্ধিত। সেখানে ১৯৫৬ সালের আগে নির্মিত একটি পুরোনো দোতলা বাড়ি ছিল, যা সম্প্রতি জরাজীর্ণ হয়ে পড়ায় ভেঙে ফেলা হয়েছে।
অনুমোদিত নকশা অনুযায়ী, ভবনটিতে থাকবে একটি গ্রাউন্ড ফ্লোর, স্টিল্ট পার্কিং এবং ওপরের দিকে ছয়টি আবাসিক তলা। প্রায় ১,০১৪ বর্গমিটার জায়গাজুড়ে গড়ে উঠবে এই আবাসন প্রকল্প, যার নির্মাণকাজ পরিচালনা করবে সাচ ডেভেলপার্স। এর আগে ২০২৫ সালের অক্টোবরে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) প্রকল্পটির প্রাথমিক অনুমোদন দিয়েছিল।
পরিবেশগত শর্ত অনুযায়ী, নির্মাণকাজে কোনো পুরোনো গাছ কাটা যাবে না। পাশাপাশি প্রকল্প এলাকায় স্থানীয় প্রজাতির নতুন গাছ লাগানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
নতুন আবাসন প্রকল্পের খবরটি এমন সময়ে সামনে এলো, যখন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বিষ্ণোই গ্যাং-এর গুলিবর্ষণের ঘটনার পর সালমান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বর্তমানে তিনি ওয়াই-প্লাস (Y+) ক্যাটাগরির নিরাপত্তা সুবিধার আওতায় রয়েছেন।
প্রধান সড়ক থেকে কিছুটা ভেতরে অবস্থিত নতুন জায়গাটি আগের তুলনায় বেশি ব্যক্তিগত পরিসর এবং উন্নত নিরাপত্তা নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে। ১৯৭৪ সাল থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করে আসা সালমান খানের সম্ভাব্য নতুন ঠিকানার খবরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি
Posted ৯:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর