এনওয়াইভয়েস২৪ডটকম
প্রিন্ট
রবিবার, ১১ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ৬:২৫ অপরাহ্ণ
ফাল্গুনি রহমান জলিকে সেরা অভিনেত্রীর এওয়ার্ড দিচ্ছেন সিফা আমিন ও কণা রেজা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এনওয়াইভয়েস২৪ ডটকম
উত্তর আমেরিকা তথা বহির্বিশ্বে বাংলাদেশের চলচ্চিত্র, টিভি, রেডিও’র শিল্পী-অভিনেতা-পরিচালকসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীগণকে পুরস্কার প্রদানের জমকালো একটি অনুষ্ঠান হলো ১০ অক্টোবর শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটিতে ‘ইভাঞ্জেল চার্চের পার্টি হলে’। গত ২৫ বছর যাবত শো-টাইম মিউজের ব্যানারে অনুষ্ঠানটি হচ্ছে ‘ঢালিউড এওয়ার্ড’ শিরোনামে। এবারের আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিল আমেরিকায় স্বল্প ও মাঝারি আয়ের বয়স্ক মানুষদের চিকিৎসা-সেবায় অনন্য অবদান রাখা Ôঅ্যল কাউন্টি হেল্থকেয়ার গ্রুপ’। ৭ ক্যাটাগরিতে ৩৭ জনকে প্রদান করা হয় ‘ঢালিউড এওয়ার্ড’। এছাড়া, আমেরিকার বহুজাতিক সমাজে বাংলা ভাষা ও সংস্কৃতি লালন ও বিকাশে কর্মরত ১৩টি সংগঠন ও ব্যক্তিকেও বিপুল করতালির মধ্যে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাংলাদেশের গণমাধ্যম ও বিনোদনজগতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে প্রদান করা হয় আজীবন সম্মাননা (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)।
কম্যুনিটি সার্ভিসে অবদান রাখায় `ঢালিউড সম্মাননা’ স্মারকপ্রাপ্ত ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে নায়ক সাকিব খান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
চলচ্চিত্রে ২৭ বছরের দাপুটে বিচরণ এবং নায়ক হিসেবে বিশেষ অবস্থানে উন্নীত হওয়া সাকিব খানকে প্রদান করা হয় ‘সেরা নায়ক’র এওয়ার্ড।
এওয়ার্ডপ্রাপ্ত অন্যেরা হলেন : সেরা নায়িকা-তমা মির্জা, সেরা চলচ্চিত্র-বরবাদ, সেরা পরিচালক-রায়হান রাফি, সেরা খলনায়ক-মিশা সওদাগর, আর্ট এ্যান্ড কালচারে বিশেষ অবদানের জন্যে আফজাল হোসেনকেও এ সময় এওয়ার্ড প্রদান করা হয়। এগুলো হস্তান্তর করেন এওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি ‘অ্যল কাউন্টি হেল্থকেয়ার গ্রুপ’র চেয়ারওম্যান সিফা আমিন, জনপ্রিয় কন্ঠশিল্পী রিজিয়া পারভিন, নজরুল ইসলাম, ফাহাদ সোলায়মান প্রমুখ।
প্রবাসের সেরা শিল্পী হিসেবে `ঢালিউড এওয়ার্ড’ নিচ্ছেন শাহ মাহবুব এবং তা প্রদান করেন রিজিয়া পারভিন ও নজরুল ইসলাম। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
উত্তর আমেরিকায় বসবাসরতদের মধ্যে ‘ঢালিউড এওয়ার্ড পেয়েছেন সেরা কন্ঠশিল্পী-শাহ মাহবুব এবং নারী কন্ঠশিল্পী-অঙ্কন ইয়াসমিন, রকস্টার-কামরুজ্জামান বাবু, নারী রকস্টার-রেশমি মির্জা, মেলডি সিঙ্গার-রন্টি দাস, সেরা নারী কন্ঠশিল্পী (পপুলাল চয়েস) বিন্দু কণা, সেরা গীতিকার-হুমায়ূন কবির ঢালি। আরো পুরস্কার পেয়েছেন সেরা টিভি অভিনেতা-ফারহান আহমেদ জভান, সেরা অভিনেত্রী-অর্চিটা স্পর্শিয়া, পপুলার চয়েসে সেরা অভিনেত্রী-সামিরা খান মাহি, সেরা সঙ্গীত পরিচালক-ইবরার টিপু, সেরা প্লেব্যাক সিঙ্গার-ইমরান মাহমুদুল এবং সেরা নারী প্লেব্যাক সিঙ্গার-দিলশাদ নাহার কণা, পপুলার চয়েসে বেস্ট প্লেব্যাক সিঙ্গার-মিলা ইসলাম, সেরা সহ-অভিনেতা-নিরব হোসেন, সেরা সহ-অভিনেত্রী-প্রার্থনা ফারহিন দীঘি, পপুলার চয়েসে সেরা সহ-অভিনেতা-মামুনুন ইমন, সেরা-সহ অভিনেত্রী-শিরিন আকতার শিলা, পপুলার চয়েসে সেরা অভিনেত্রী-ফাল্গুনি রহমান জলি, চরিত্রের সাথে একাকার হওয়া সেরা অভিনেতা-চঞ্চল চৌধুরী, সেরা উপস্থাপিকা-শারমিনা সিরাজ, সেরা মডেল-নিবিড় আদনান নাহিদ এবং সেরা নারী মডেল-তাঞ্জিনা মিথিলা।
ঢালিউড এওয়ার্ড-এ সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের পর সমবেত নাচের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের সঞ্চালনা করেন শো টাইম মিউজিকের কম্যুনিকেশন্স ডাইরেক্টর শারমিনা সিরাজ সোনিয়া। এ সময় আয়োজক সংগঠনের শীর্ষ কর্মকর্তা তথা সিইও খায়রুল ইসলাম খোকন, প্রধান উপদেষ্টা ফাহাদ সোলায়মান এবং ডিজিটাল মার্কেটিং ডাইরেক্টর মেহেদী হাসানকে উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত জগতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
ঢালিউড এওয়ার্ড’- এ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সিফা আমিন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নাচ-গান আর হাস্য-রসাত্মক কথামালার সাথে সঙ্গতি রেখে সুদূর এ প্রবাসে বেড়ে উঠা প্রজন্মে বাংলা সংস্কৃতির বিশুদ্ধ ধারা প্রসারের যে কোন উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার করেন প্রধান অতিথি অ্যল কাউন্টি হেলথকেয়ার গ্রুপের চেয়ারওম্যান সিফা আমিন। সিফা আমিন তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আমন্ত্রিত অতিথি, শিল্পী, গায়ক, ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলা চলচ্চিত্রের সমৃদ্ধ ঐতিহ্য ও প্রতিভাকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া প্রয়োজন। একইসাথে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের শিল্পী ও নির্মাতারা আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি পরিচিতি ও স্বীকৃতি পাওয়ার যোগ্য। এ লক্ষ্য অর্জনে সম্মিলিত উদ্যোগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সিফা আমিন আরও বলেন, ভবিষ্যতে অ্যল কাউন্টি হোম কেয়ার ও তার সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানও বাংলা চলচ্চিত্রের উন্নয়ন, প্রচার এবং আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে পাশে থাকবে।
এ সময় তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথি, শিল্পী ও প্রবাসী বাংলাদেশিদের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিখ্যাত ‘নবান্ন রেস্টুরেন্টে’ আমন্ত্রণ জানান। ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার ও বাঙালিয়ানা সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে প্রবাসে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচিতি সমুন্নত রাখার প্রত্যয়ে পরিচালিত নবান্ন পার্টি হলের কথাও ব্যক্ত করেন সিফা।
সেরা গীতিকার হিসেবে `ঢালিউড এওয়ার্ড’ নিচ্ছেন হুমায়ূন কবির ঢালি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
মধ্যরাতে অনুষ্ঠানের সমাপ্তিকালে আয়োজকদের পক্ষে খায়রোল ইসলাম খোকন নানা প্রতিকূলতা সত্বেও বিপুল সাড়া দেয়ায় প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে বিশাল এ আয়োজনে আর্থিক সহযোগিতা প্রদানকারি ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকদের আরেকজন শারমিনা সিরাজ সোনিয়া।
কম্যুনিটি সার্ভিসে শো-টাইম মিউজিকের বিশেষ সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন : ব্যাংকার আকিব হোসাইন, ইঞ্জিনিয়ার এম এ খালেক, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান কামরু, সমাজ-সংগঠক মিয়া মো. দুলাল, ফুস্কা হাউজের মাসুদ রহমান, ব্যবসায়ী উত্তম কুমার মন্ডল, লায়ন জেএফএম রাসেল এবং আহসান হাবিব । উল্লেখ্য শো-টাইম মিউজিকের প্রতিষ্ঠাতা-সিইও আলমগীর খান আলম ঢাকা থেকে ভিডিওতে সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
Posted ৬:১৫ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24