এনওয়াইভয়েস২৪ ডটকম
প্রিন্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ১:২৯ অপরাহ্ণ
নির্বাচনী বিতর্কে অংশগ্রহণকারি প্রার্থীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
(এনওয়াইভয়েস২৪ ডটকম)
নিউইয়র্ক অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কের আয়োজন করেছে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড (এফবিডব্লিউ)। ৩৫ হাজার সদস্যের এই বাংলাদেশ সোসাইটির ৫০ বছরের ইতিহাসে এটাই ছিল প্রথম বিতর্কের আয়োজন এবং এই ধারার মধ্যদিয়ে মার্কিন রাজনীতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সোসাইটি তার পথচলায় গতি পাবে বলে কোন কোন প্রবাসী মনে করছেন। তবে নির্বাচনে প্রার্থীগণের ব্যাক-গ্রাউন্ড থেকে সামনের নির্বাচনে বিজয়ীরাও বিশেষ গোষ্ঠির পারপাস সার্ভ করতেই ব্যস্ত থাকবেন বলে কেউ কেউ মন্তব্য করেছেন। কারণ, বিদায়ী কমিটি তার দু’বছরে এমন কিছু দেখাতে পারেনি, যা আশার সঞ্চার করতে পারে। অধিকন্তু তারা মিথ্যাচারকেই প্রাধান্য দিয়েছেন। অপর প্যানেলের সভাপতি প্রার্থী আগে দু’বছর একই দায়িত্বে থেকেও প্রত্যাশার পরিপূরক কিছু করতে পেরেছেন বলে কেউ মনে করেন না। অর্থাৎ যেই লাউ সেই কদুর মত অবস্থা। বিশেষ করে ‘বাংলাদেশ ডে প্যারেড’র অনুমতি সংগ্রহে সক্ষম হননি দুই প্যানেলের শীর্ষ পদের প্রার্থীরা।
৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক ও উপস্থাপক খালেদ মহিউদ্দিন।
‘আমরা ভবিষ্যতে একটি জনকল্যাণমূলক বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’—এই স্লোগানে আয়োজিত বিতর্কে বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
নির্বাচনী প্রচারণা কম্যুনিটিতে। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বিতর্কে সভাপতি পদে দুই প্যানেলের প্রার্থী আতাউর রহমান সেলিম ও আজমল হোসেন কুনু অংশ নেন। সাধারণ সম্পাদক পদে দুই প্যানেলের প্রার্থী মোহাম্মদ আলী ও ফিরোজ আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দ অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কের আদলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্বের দায়বদ্ধতা এবং কমিউনিটির প্রত্যাশা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
বিতর্কে বাংলাদেশ সোসাইটিকে আরও কার্যকর করার জন্য সাংগঠনিক উন্নয়ন, নতুন কর্মসূচি গ্রহণ, প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত শক্তিকে জনকল্যাণে কাজে লাগানো এবং নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি ভোটার পদ্ধতির সংস্কার, আর্থিক স্বচ্ছতা, ব্যয়ের লাগাম টেনে ধরে সদস্যদের কল্যাণে বেশি অর্থ ব্যয়, প্রশাসনিক জবাবদিহিতা এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ, প্রবীন সাংবাদিক ফজলুর রহমান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সভাপতি শাহ শহিদুল হক সাঈদ, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার নাসির খান পল, কম্যুনিটি লিডার শাহজাহান শেখ, ফখরুল ইসলাম দেলোয়ার, তরিকুল হোসেন বাদল, কাজী আজম, মাকসুদ এইচ চৌধুরী, মাওলানা ফখরুল ইসলাম মাসুম, জয় চৌধুরী প্রমুখ।
হোস্ট ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ডের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান এবং পরিচালক মাহবুবুর রহমান উপস্থিত অতিথি, বিতর্কে অংশগ্রহণকারী প্রার্থী, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবকসহ নেপথ্য কর্মীগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে উপস্থিত অতিথিদের সানাই রেস্টুরেন্টের ব্যবস্থাপনায় নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে ৫টি কেন্দ্রে। এ উপলক্ষে বাংলাদেশী অধ্যুষিত জনপদ নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে।
Posted ১:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24