তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বকাপে ইতিহাসের নতুন সূচনা

এজাজ আহম্মেদ   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:২৯ পূর্বাহ্ণ

তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, বিশ্বকাপে ইতিহাসের নতুন সূচনা

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপে শুধু আয়োজকের সংখ্যাই বাড়েনি, বদলে গেছে উদ্বোধনী অনুষ্ঠানের দীর্ঘদিনের প্রচলিত ধারাও। প্রথমবারের মতো তিনটি দেশেই অনুষ্ঠিত হবে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপের প্রথম ম্যাচকে ঘিরে আজ মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনী আয়োজন। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানের পর রাত ১টায় মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ শিল্পকে তুলে ধরাই থাকবে এ অনুষ্ঠানের মূল আকর্ষণ।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। তিনি বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডাই ডাই (লেটস গো)’ পরিবেশন করবেন। তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়। এছাড়া জে বালভিন, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, লিলা ডাউনস, মানা ও লস অ্যাঞ্জেলেস আজুলসসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী অংশ নেবেন।
পরদিন কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ আয়োজনে কানাডার ইতিহাস ও গৌরবময় মুহূর্তগুলো তুলে ধরা হবে আধুনিক প্রযুক্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, আলেসিয়া ক্যারা, নোরা ফাতেহি এবং বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়।
তৃতীয় ও শেষ উদ্বোধনী অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে। বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া এ আয়োজনে থাকবে বিশাল ভিজ্যুয়াল শো, আলোকসজ্জা এবং ফুটবলের গল্পভিত্তিক বিশেষ উপস্থাপনা। মঞ্চ মাতাবেন কেটি পেরি, অ্যানিত্তা, লিসা, ফিউচার, রেমা ও টাইলারের মতো আন্তর্জাতিক তারকারা।
অলিম্পিকসহ বিশ্বের বিভিন্ন বড় ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠান নির্মাণে অভিজ্ঞ প্রযোজক মার্কো বালিচের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে এবারের তিনটি অনুষ্ঠান। ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও আবহ তুলে ধরা হলেও তিনটি অনুষ্ঠানের মূল বার্তা একটিই—ফুটবল মানুষের ভেদাভেদ ভুলিয়ে বিশ্বকে এক সুতোয় গাঁথতে পারে।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই ব্যতিক্রমী আয়োজন নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। তিন মহাদেশ, তিন শহর এবং এক স্বপ্ন—ফুটবলের বিশ্বমঞ্চে উৎসবের আলো ছড়িয়ে দিতে প্রস্তুত বিশ্ব।

Facebook Comments Box

Posted ৯:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us