বিশ্বকাপ মিশনে শুরুর আগেই বাধা, লিভরামেন্তোর বদলি চালোবাহ

এজাজ আহম্মেদ   প্রিন্ট
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:২৮ পূর্বাহ্ণ

বিশ্বকাপ মিশনে শুরুর আগেই বাধা, লিভরামেন্তোর বদলি চালোবাহ

সংগৃহীত ছবি

বিশ্বকাপ অভিযান শুরুর আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। কাফ মাসলের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার টিনো লিভরামেন্তো। তার পরিবর্তে চেলসির ডিফেন্ডার ট্রেভো চালোবাহকে দলে অন্তর্ভুক্ত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

এফএর এক বিবৃতিতে জানানো হয়, রবিবার দলের অনুশীলনের সময় চোট পান লিভরামেন্তো। পরবর্তী স্ক্যান ও চিকিৎসকদের মূল্যায়নে নিশ্চিত হওয়া গেছে যে তিনি আর চলমান বিশ্বকাপে অংশ নিতে পারবেন না। ফলে বাধ্য হয়েই তার বিকল্প হিসেবে চালোবাহকে ডেকে পাঠানো হয়েছে। ইতোমধ্যে তিনি কানসাস সিটিতে ইংল্যান্ড দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

লিভরামেন্তোকে মূলত তার বহুমুখী দক্ষতার কারণেই বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছিল। রাইট ব্যাক ও লেফট ব্যাক—দুই পজিশনেই সমান স্বাচ্ছন্দ্যের সঙ্গে খেলতে পারেন তিনি। বিশেষ করে চোটপ্রবণ রিস জেমসের ব্যাকআপ হিসেবে তাকে গুরুত্বপূর্ণ বিকল্প মনে করা হচ্ছিল।

অন্যদিকে চালোবাহ সাম্প্রতিক মৌসুমে চেলসির হয়ে অধিকাংশ ম্যাচে সেন্টার ব্যাক হিসেবে খেললেও রাইট ব্যাক পজিশনেও তার অভিজ্ঞতা রয়েছে। ফলে রক্ষণভাগে কিছুটা হলেও ভারসাম্য ফিরে পাওয়ার আশা করছে ইংল্যান্ড।

আগামী বুধবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচ খেলতে দলটি ডালাসের উদ্দেশে রওনা দেবে। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দলের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত চোটে আক্রান্ত ফুটবলারের পরিবর্তে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। সেই সুযোগই কাজে লাগিয়ে শেষ মুহূর্তে চালোবাহকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ড।

তবে বিশ্বকাপের মতো বড় আসরের শুরুতেই লিভরামেন্তোর ছিটকে যাওয়া ইংল্যান্ডের জন্য নিঃসন্দেহে বড় এক ধাক্কা হয়ে থাকল।

Facebook Comments Box

Posted ১০:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us