Blog

  • কাদের মিয়ার সম্প্রীতির ডিনারে প্রবাসীরা

    কাদের মিয়ার সম্প্রীতির ডিনারে প্রবাসীরা

    শীতের আমেজে বন্ধুত্বের বন্ধন আরো সুসংহত করার অভিপ্রায়ে ২৭ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ওজোনপার্কে একটি পার্টি হলে অভিনব একটি ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। প্রবাসের জনপ্রিয় সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কাদের মিয়ার উদ্যোগে এই ডিনার পার্টিতে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা ছাড়াও ছিলেন অন্য জেলাসমূহের বিশিষ্টজনেরাও। আওয়ামী লীগ, বিএনপির লোকজন একাকার হয়ে সকলেই একেকজন দেশপ্রেমিক প্রবাসী হিসেবে পুরো সময় হাসিখুশিতে মেতেছিলেন।

    আব্দুল কাদের মিয়ার ডিনার পার্টিতে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

    নিজ এলাকার দু:স্থ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গিকার ছিল সকলের মধ্যে। নিজ এলাকার যে কোন সমস্যায় ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ার সংকল্পে জড়ো হওয়া প্রবাসীরা বাংলাদেশকে উন্নয়নে ধাবিত করতেও নিজ নিজ অবস্থান থেকে সরব থাকার কথা বলেছেন। বিপুলসংখ্যক প্রবাসীর এ পার্টিতে গতানুগতিক কোন বক্তব্যের ব্যবস্থা ছিল না। মঞ্চের অস্তিত্বও নজরে আসেনি। স্বাস্থ্যসম্মত-রুচিকর নানা পদের খাবারে সকলেই তৃপ্ত হয়েছেন।

    আব্দুল কাদের মিয়ার ডিনার পার্টিতে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

    সাম্প্রতিক সময়ে প্রবাসীদের মধ্যে সম্প্রীতির এমন আয়োজন সকলকেই উজ্জীবিত করেছে কম্যুনিটিভিত্তিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার পথ সুগম হলো বলে। উল্লেখ্য, এ পার্টিতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, কম্যুনিটি লিডার মামনুনুল হক মামুন, মো. জাফরউল্লাহ, লিটন চৌধুরী, আফসার হোসেন প্রমুখ।

    Facebook Comments Box
  • আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত

    আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত

    নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল ২৮ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।
    পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব ।

    পর্ষদ সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ-সভাপতি ওয়ালটার জনসন, সুব্রত চৌধুরী, টরেস মেফিল্ড, হলিশা ব্রিজারস, জেফ ডরসি, রন বেইলি উপস্থিত ছিলেন।

    সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল তার প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। এছাড়া আটলান্টিক সিটি হাই স্কুলের ছাত্র প্রতিনিধিরাও পর্ষদ সভায় অংশ নেন।বিভিন্ন কমিউনিটির লোকজনও পর্ষদ সভায় বক্তব্য রাখেন ।

    সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পর্ষদ সভায় নিউ জার্সি স্টেটের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Facebook Comments Box
  • জাতীয়করণ হচ্ছে ইবতেদায়ি মাদরাসা

    জাতীয়করণ হচ্ছে ইবতেদায়ি মাদরাসা

    প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হবে।

    মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে বিকালে চারটার দিকে শাহবাগে এই কথা জানান কারিগরি মাদরাসা বিভাগের যুগ্ম সচিব এসএম মাসুদুল হক।

    তিনি জানান, আন্দোলনকারী শিক্ষকদের ছয় দফা দাবি মন্ত্রণালয় মেনে নিয়েছে মন্ত্রণালয়। দাবি ছিল, একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে; সেটা জুন থেকে চালু হবে। ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তকরণ ২০২৫ সাল থেকেই শুরু। প্রাথমিক পর্যায়ে যে ১৫১৯টি অনুদানভুক্ত প্রাথমিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা আছে, সেগুলোসহ অন্যান্য সব মাদরাসা জাতীয়করণ করা হবে।

    অনুদানভুক্ত মাদ্রাসাগুলোকে কোন প্রক্রিয়ায় জাতীয়করণ করা হবে— জানতে চাইলে যুগ্ম সচিব এস এম মাসুদুল হক বলেন, “আগে এমপিওভুক্তি করে তারপরে এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করতে হবে। একটা আইন করতে হবে, তখন জাতীয়করণ করা হবে।”

    এ সময় শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

    যুগ্ম সচিব জানান, ইবতেদায়ি মাদরাসা আলাদা শিক্ষক নিয়োগ দিয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করা হবে। তার এই আশ্বাসে শাহবাগ ছেড়েছেন শিক্ষকরা।

    জাতীয়করণ হলে প্রতিষ্ঠানগুলোতে কী ধরনের সুবিধা মিলবে, এমন প্রশ্নের উত্তরে মাসুদুল হক বলেন, “উপবৃত্তি চালু হবে, মিডডে মিল এবং অবকাঠামোগত উন্নয় শুরু হবে।”

    জাতীয়করণসহ ছয় দফা দাবিতে আন্দোলরত স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষকদের ছত্রভঙ্গে গত রবিবার শাহবাগে কাঁদুনে গ্যাস, জলকামান ব্যবহারের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। এ নিয়ে সোশাল মিডিয়ায় তুমুল সমালোচনা হয়।

    সেদিন থেকে শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনের সড়কে অবস্থান নিয়ে রয়েছেন শিক্ষকরা। ২৭ জানুয়ারি (সোমবার) সেখান থেকে দাবি পূরণে মঙ্গলবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা। তারা হুঁশিয়ার দেন- দাবি না মানলে শাহবাগ থানা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ ঢাকায় অবস্থান করবেন তারা। এর মধ্যে ঘোষিত সময়ে সচিবালয়ে বসা বৈঠকে সুখবর পেলেন দীর্ঘদিন দিন সুবিধাবঞ্চিত থাকা এবতেদায়ী শিক্ষকরা।

    তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে-
    * স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা;
    * রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলোকে মাদরাসা শিক্ষা বোর্ডের কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ;
    * স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার আলাদা নীতিমালা;
    * পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন;
    * প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া;
    * প্রাথমিক বিদ্যালয়ের মতো এবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলার ব্যবস্থা নেওয়া।

    Facebook Comments Box
  • ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

    ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

    ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক।

    মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দেন।

    আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির ছাত্ররা সোমবার রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে।

    গত ১৫ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হয়। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না বলে দাবি করে তারা।

    আন্দোলন জোরদার হয়ে উঠলে সোমবার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় ধরনের রদবদল আনার ঘোষণা দেন। এদিন ছাত্ররা রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটোকোমান্ডা জংশন অবরোধ করেন। এতে করে রাজধানী শহর অচল হয়ে পড়ে।

    উল্লেখ্য, নভেম্বরে আন্দোলনে নামার পর শিক্ষার্থীদের ওপর প্রতিদিনই হামলার ঘটনা ঘটতে থাকে। কিন্তু আন্দোলন দমে না গিয়ে বরং বাড়তে থাকে এবং একটা সময় শতাধিক শহরে ছড়িয়ে পড়ে। একে একে এই আন্দোলনে সমর্থন জানাতে থাকেন বিচার বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

    Facebook Comments Box
  • সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিল ১১৫ বার পিছিয়ে নতুন তারিখ ২ মার্চ

    সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিল ১১৫ বার পিছিয়ে নতুন তারিখ ২ মার্চ

    সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১৫ বারের মতো পিছিয়ে আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও এদিন তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক প্রতিবেদনের জন্য নতুন এই দিন ধার্য করেন।

    সংশ্লিষ্টরা জানান, হত্যা মামলার প্রতিবেদন দাখিলের সময় এতবার পেছানোর নজির নেই। বহুল আলোচিত এই হত্যা মামলাটির প্রতিবেদন দাখিল আর কতবার পেছাবে, সে প্রশ্নও করছেন অনেকে। আশার কথা শুনিয়েছেন এ মামলার বাদীর পক্ষে নিযুক্ত আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

    তিনি বলেন, গত অক্টোবরে হাই কোর্ট ছয় মাসের সময় বেঁধে দিয়েছেন। তদন্তে টাস্কফোর্স গঠন করে দিয়েছেন। বর্তমানে টাস্কফোর্স ও পিবিআই যৌথভাবে কাজ করছে। আশা করছি খুব শিগগিরই এ মামলার তদন্ত শেষ হবে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এর পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

    Facebook Comments Box
  • স্টুডেন্ট ভিসাধারী ৩ বাংলাদেশী গ্রেফতার: একজনকে জেএফকে এয়ারপোর্ট থেকেই ঢাকায় ফেরৎ

    স্টুডেন্ট ভিসাধারী ৩ বাংলাদেশী গ্রেফতার: একজনকে জেএফকে এয়ারপোর্ট থেকেই ঢাকায় ফেরৎ

    অবৈধ অভিবাসীদের গ্রেফতারের পরই নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়ার অভিযানে স্টুডেন্ট ভিসায় আগতরাও টার্গেট হয়েছেন। ৩ বাংলাদেশী ছাত্রকে গ্রেফতার করা হয়েছে স্টুডেন্ট ভিসার শর্ত লংঘনের দায়ে। এরা ভার্সিটিতে না যেতে নিয়মিত কাজ করছিলেন। পিএইচডি কোর্স করতে ঢাকা থেকে জেএফকে অবতরণকারী আরেকজন স্টুডেন্টকে জেএফকে থেকেই ফেরৎ পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগের অফিসার জিজ্ঞাসাবাদের সময় এই স্টুডেন্টের কাছে থেকে সদুত্তর না পাওয়ায় তার ভিসা বাতিল করে ফিরতি ফ্লাইটে উঠিয়ে দেয়া হয়েছে। এমন উদ্বেগজনক তথ্য এ সংবাদদাতাকে দিয়েছেন আমেরিকান বার এসোসিয়েশনের পরিচালক (সরকার বিষয়ক) এবং আমেরিকা সুপ্রিম কোর্টের লাইসেন্সপ্রাপ্ত এটর্নী মঈন চৌধুরী। ডেমক্র্যাটিক পার্টির লিডার এটর্নী মঈন চৌধুরী আরো জানান, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ভিসা গ্রহণের সময় উল্লেখিত তথ্যের ব্যাপারে জানতে চেয়েছিলেন জেএফকে এয়ারপোর্টে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস অফিসার। সঠিক জবাব পাননি। অপরদিকে, স্টুডেন্ট ভিসা লংঘন করে নিয়মিতভাবে কাজ করার তথ্য উদঘাটিত হয় সংশ্লিষ্টদের সেলফোন ট্র্যাকিংয়ে। ভার্সিটি অথবা কলেজের পরিবর্তে ভিন্ন একটি স্থানে প্রতিদিনই দীর্ঘ সময় অবস্থানের তথ্য খতিয়ে দেখার সময় উদঘাটিত হয় ভিসা বাতিলের অপকর্ম।

    অনুসন্ধানে জানা গেছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় আগত অনেক এশিয়ানই বিভিন্ন রেস্টুরেন্ট, সুপার মার্কেট কিংবা ট্র্যাভেল এজেন্সি অথবা চিকিৎসকের প্রাইভেট ক্লিনিকে রিসিপশনিষ্টের কাজ করছেন। কেউ কেউ অনলাইনে ক্লাস করছেন। অবৈধ অভিবাসীদের ধর-পাকড়ের অভিযানে এহেন অপকর্মে লিপ্ত ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট’রাও ধরা পড়ছেন বলে নিউজার্সি, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, ম্যাসেচুসেট্্স, জর্জিয়া, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, আরিজোনা থেকে জানা গেছে।

    এদিকে, আইসের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এ্যানফোর্সমেন্ট) উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজের এক বুলেটিন বলা হয়েছে যে, সোমবার টেক্সাসের বিভিন্ন স্থান থেকে ৮৪ জনসহ সারা আমেরিকা থেকে এক হাজার অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর প্রথম ৭ দিনে গ্রেফতারস হলো ৩৩ অবৈধ অভিবাসী। এরা সকলেই নানা অপকর্মে লিপ্ত ছিল এবং সামাজিক শান্তি বিনষ্টের হুমকি বলেই অবৈধদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালানো হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেকসেথ ফক্স নিউজকে জানান যে, সোমবার আরো ৪ শতাধিক সৈনিক টেক্সাসের সীমান্তে মোতায়েন করা হয়েছে। এরফলে আগের সপ্তাহের তুলনায় বেআইনীভাবে সীমান্ত অতিক্রমকারির সংখ্যা ৯০% কমেছে বলেও দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী।

    আইসের গ্রেফতার-অভিযানে সন্ত্রস্ত গোটা কম্যুনিটি। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজোনপার্ক, ব্রুকলীনের বাংলাদেশী অধ্যুষিত পরিভ্রমণকারে সোমবার অধিকাংশ রেস্টুরেন্ট, সুপারমার্কেট, গ্রোসারি স্টোরে গ্রহকের মত বিক্রেতার সংখ্যাও একেবারেই নগন্য মনে হয়েছে। একধরনের ভীতি তৈরী হয়েছে ইমিগ্র্যান্ট কম্যুনিটিতে। টাইমস স্কোয়ার, ডাউন টাউন, মিডটাউন, আপটাউনের ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে। জানা গেছে, নিউইয়র্কে নূন্যতম মজুরি হচ্ছে ঘন্টায় ১৭ ডলারের মত। অবৈধদের দিয়ে সে সব কাজ করিয়ে ঘন্টায় ৫/৬ ডলার করে দিতে পারায় ব্যবসায় মুনাফা বেশী বলে ব্যবসায়ীরা জানান। যদিও করোনা মহামারির পর অন্যসকল পন্যের মত খাদ্য-বস্ত্র-বিনোদনের সকল পন্যের দামও দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ অবৈধদের দিয়ে ব্যবসা চালাতে না পারলে লাভের অংক অনেক কমবে বলে ব্যবসায়ীরা ট্রাম্পের ওপর নাখোশ।

    প্রসঙ্গত: উল্লেখ্য, গ্রেফতারের পরই নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়ার জন্যে সেনাবাহিনীর বিমান ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। কারণ, যুক্তরাষ্ট্রে ডিটেনশন সেন্টারের ৪১ হাজার বেডই পূরণ হয়ে আছে আগে থেতেই। এজন্যে গ্রেফতারের পরই অবৈধ অভিবাসীদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়ার এই কার্যক্রম চালু করা হয়েছে। আরো উল্লেখ্য, ১৭ লাখের অধিক অভিবাসীর বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি রয়েছে অনেক আগে থেকেই। এর সাথে যোগ হয়েছে গত চার বছর বাইডেন-কমলার আমলে বেআইনীভাবে সীমানা অতিক্রমকারিরা। এ সংখ্যা ২০ লাখের বেশী বলে বিভিন্নভাবে জানা গেছে। এদের সকলকে গ্রেফতার এবং দ্রুত বহিষ্কার করা সম্ভব না হলে বিপুল অর্থ লাগবে থাকা-খাওয়া বাবদ। সে ইস্যুতেও দুশ্চিন্তায় রয়েছে ট্রাম্প প্রশাসন। সেদিকে লক্ষ্য রেখে যারা সীমানা অতিক্রমের পর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন-তাদেরকেও সরাসরি মেক্সিকো-তে পাঠিয়ে দেয়া হবে আবেদনের চ’ড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত। সবকিছু মিলিয়ে সারা আমেরিকায় অভিবাসী-সমাজে টেনশন আর অস্থিরতা বিরাজ করছে।

     

    Facebook Comments Box
  • সাবওয়েতে আবারো ধাক্কা: দুর্বৃত্ত গ্রেফতার

    সাবওয়েতে আবারো ধাক্কা: দুর্বৃত্ত গ্রেফতার

    নিউইয়র্ক সিটির ম্যানহাটানে ওয়াশিংটন হেইটস স্টেশনে (১৭৫ স্ট্রীট) অপেক্ষমান এক নারী যাত্রীকে স্টেশনে আসা একটি ট্রেনের দিকে ধাক্কা দেয় ২৩ বছর বয়সী এক দুর্বৃত্ত। চলতি ট্রেনের বগির সাথে ধাক্কা খেয়ে ২৬ বছর বয়েসী যুবতীটি প্ল্যাটফরমে পড়েন।

    ২৭ জানুয়ারি সকাল ৯টা ৫ মিনিটে এহেন অপকর্মের ঘটনায় সাবওয়ে চড়ে অফিস/কর্মস্থলে যাতায়াতাকারিরা নতুন করে ভীত-সন্ত্রস্ত হয়েছেন। নিউইয়র্কের পুলিশ জানায়, দুর্বৃত্তটিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মার্কিস ব্রাজেলিস এবং সে গৃহহারা। এর আগেও সে এমন অপকর্মের দায়ে গ্রেফতার হয়েছিল। পুলিশ আরো জানায়, এ ট্রেন স্টেশনে দাঁড়ালেই নারী যাত্রিটি ট্রেনে উঠবেন-এ আশায় ছিলেন। কিন্তু পেছন থেকে ধাক্কা দিয়ে তার সে প্রত্যাশাকে মলিন করা হয়।

    তদন্ত কর্মকর্তারা জানান, দুর্বৃত্তটি যে তার ওপর হামলে পড়ছে সেটি বুঝতে পারেননি ঐ নারী যাত্রী এবং এমনকি দুর্বৃত্তটিকে তিনি চেনেন না। মহিলাটি গুরুতর আহত হওয়ায় তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে দুর্বৃত্তটি ঐ ট্রেনেই রওয়ানা দেয়। তবে ধাক্কা দেয়ার পরই একজন যাত্রী ফোনে দুর্বৃত্তটির ছবি উঠিয়েছিলেন। সেটি পুলিশকে দেয়া হয় এবং পরের স্টেশনেই দুর্বৃত্তকে পাকড়াও করা সম্ভব হয়েছে। হ্যান্ডকাপ লাগিয়ে দুর্বৃত্তকে পুলিশের গাড়ি উঠানোর সময় হাসতে দেখা যায়। এবং সে বলতে থাকে যে, নারীটি ভিকটিম হয়েছে একটি কারণে। মার্কিস ব্রাজেলিসকে ম্যানহাটান ক্রিমিনাল কোর্টে সোপর্দ করা হয় বলে সোমবার রাতে জানা গেছে। আদালত সূত্রে জানা গেছে, এর ৫ দিন আগে তাকে গ্রেফতার করা হয়েছিল এক মহিলার বুকে হাত দেয়ায়। এরও আগে ১৯ জানুয়ারিতেও পুলিশ তাকে গ্রেফতার করেছিল আরেকটি অপকর্মের দায়ে। উভয় সময়েই মাননীয় আদালত তাকে জামিনে মুক্তি দেয়।

    প্রসঙ্গত: আরো উল্লেখ্য, নিউইয়র্ক সিটির সাবওয়ে স্টেশন ও ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সশস্ত্র টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এ অবস্থায় রাতের পরিবর্তে সকাল ৯টায় এই অপকর্মটি সংঘটিত হলো।

    Facebook Comments Box
  • প্রবাসী শেরপুর জেলা সমিতির সভাপতি প্রদোষ, সেক্রেটারি ঝন্টু

    প্রবাসী শেরপুর জেলা সমিতির সভাপতি প্রদোষ, সেক্রেটারি ঝন্টু

    প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ’র সভাপতি নাহিদ রায়হান লিখনের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় ১১ জানুয়ারী রোববার নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের আল-আকসা পার্টি হলে। সভায় ২০২৫-২০২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মোঃ আবুল কাশেমের তত্ত্বাবধানে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে প্রকৌশলী প্রদোষ চক্রবর্তীকে সভাপতি ও মোঃ ছামেদুল হক ঝন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর ২৫ জানুয়ারী শনিবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে সংগঠনের এক বর্ধিত সভায় ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্য কর্মকর্তা- সদস্যরা হলেন: মোঃ আক্তারুজ্জামান-সিনিয়র সহ-সভাপতি, সাবেরা জামান চৌধুরী-সিনিয়র-সহ-সভাপতি, মোঃ আল আমিন-সহ-সভাপতি, এস এম আসাদুজ্জামান সেলিম- সহ-সভাপতি, নাইস চৌধুরী -যুগ্ম সাধারণ সম্পাদক, লিটন জামান- সহ সাধারণ সম্পাদক, মোঃ রাকিবুল ইসলাম (রাসেল) -কোষাধ্যক্ষ, খন্দকার মেহেদী হাসান-সাংগঠনিক সম্পাদক, মোঃ সফিউল আলম (সোহাগ)-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোছাঃ সাবিনা ইয়াসমিন- সমাজকল্যাণ সম্পাদক, শিহাব কিবরিয়া (শ্রাবণ) -প্রচার ও দপ্তর সম্পাদক, এবং কার্যকরী সদস্যবৃন্দ – নাহিদ রায়হান লিখন, মোঃ মাসুদ পারভেজ মুক্তা, মোঃ সিরাজুল ইসলাম, মোস্তফা সাদী, মোঃ সাহিদুল আলম (শাহীন), রেখা জামান চৌধুরী, গৌতম চক্রবর্তী মিন্টু, মোঃ শাহিনুর আলম শাহীন, মোস্তারীন আক্তার লিমু, ও মোঃ শহিজুদ্দিন মিয়া (শিমুল)।

    সেক্রেটারি ছামেদুল হক ঝন্টু।

    একই বর্ধিত সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মোঃ আবুল কাশেমকে প্রধান সমন্বয়কারী এবং মোঃ রাকিবুল ইসলাম রাসেলকে আহবায়ক করে ৬ সদস্যবিশিষ্ট অভিষেক উদযাপন কমিটি গঠন করা হয়। উদযাপন কমিটির অন্য সদস্য-কর্মকর্তারা হলেন : গৌতম চক্রবর্তী মিন্টু -যুগ্ম আহ্বায়ক, নাইস চৌধুরী -সদস্য সচিব, লিটন জামান- সদস্য, ও খন্দকার মেহেদী হাসান- সদস্য। উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারী জ্যামাইকার আল-আকসা পার্টি হলে নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হবে।

    Facebook Comments Box
  • বিশ্বশান্তি কামনায় নিউইয়র্কে সনাতনীদের বিশেষ অধিবেশন

    বিশ্বশান্তি কামনায় নিউইয়র্কে সনাতনীদের বিশেষ অধিবেশন

    শ্রীশ্রী ঠাকুরের মূলমন্ত্র ‘ধর্ম যদি নাইরে ফুটলো/জীবন মাঝে নিত্য কর্মে/বাতিল করে রাখলি তারে/কি হবে তোর তেমন ধর্মে’ উচ্চারণের মধ্যদিয়ে গত ২৫ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিশেষ এক প্রার্থনা অধিবেশন হলো।

    নিউইয়র্ক সিটির কুইন্সে অজিত ভৌমিক ও রাত্রি সাহার নিজস্ব বাসভবনে(৮৯-২৬ ১৮৭ প্লেস, হলিস) অনুষ্ঠিত এ অধিবেশনে বিশ্ববাসীর শান্তি কামনা ছাড়াও পারিবারিক সুখ, শান্তি, কল্যান সমৃদ্ধি ও বিশেষ শান্তির জন্য ভগবানের কৃপা প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে ছিলো সদ্্গ্রন্থাদি পাঠ, ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সংগীত পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ:প্রতি ঋত্বিক দিবাকর রায়। অনুষ্ঠানের সকল কার্যক্রমের শুরুতে সনাতনীদের প্রধান ধর্মীয় গ্রন্থ শ্রী মদ্ভগবদগীতা থেকে পাঠ করেন প্রবাসের অন্যতম গীতা পাঠক সুমন বিশ্বাস।

    বিশ্বশান্তি কামনায় সনাতনীদের বিশেষ অধিবেশনে পূজারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

    ধর্মীয় আলোচনা করেন ঋত্বিক কৃষ্ণেদু রুদ্র। শ্রীশ্রী ঠাকুরের স্বহস্তে লিখিত ধর্মীয় গ্রন্থ সত্যানুসরন থেকে পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক সুভাষ তালুকদার। ধর্মীয় গ্রন্থ পূণ্যঁতিথী থেকে পাঠ করেন শংকর বিশ্বাস। ঠাকুরের বাস্তবতার নিরীখে মেধাভিত্তিক আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি কল্যানব্রত পান্থদাস সন্তোষ। নারীনীতি গ্রন্থ থেকে পাঠ করেন মীরা বর্মন। পর্যায়ক্রমে ধর্মীয় সংগীত পরিবেশন করেন অনামিকা মজুমদার, জুলি খোস্তাগির, রাজলক্ষী সাহা ও রাজেশ সাহা। অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের আপ্যায়নের পর বিদায়-সম্ভাষণ জানান হোস্ট অজিত ভৌমিক ও রাত্রি সাহা দম্পতি।

     

    Facebook Comments Box
  • জামিন পেলেন পরীমনি

    জামিন পেলেন পরীমনি

    ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

    সোমবার (২৭ জানুয়ারি) সকালে তিনি ঢাকার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

    রোববার পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী গণমাধ্যমকে জানান তিনি সোমবার আদালতে আত্মসমর্পণ করবেন।

    আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠন শুনানির জন্য রোববার দিন ধার্য ছিলো। তবে অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হননি। এ জন্য তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন।

    অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ গঠন শুনানির পক্ষে আবেদন করে।

    আদালতে সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। আগামী ২০ মার্চ এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। একই সঙ্গে পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

    গত বছরের ২৫ জুন এই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমনি। শুনানি শেষে তাকে জামিন দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত।

    তার আগে ১৮ মার্চ ব্যবসায়ী নাসিরের করা এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

    পরীমনি ও জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপর গত ১৮ এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দুই আসামিকে ২৫ জুন আদালতে হাজির হতে সমন জারি করেন।

    পরীমনির বিরুদ্ধে ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন।

    Facebook Comments Box
  • ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থাকছে না সাত কলেজ

    ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থাকছে না সাত কলেজ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে ২০২৪-২৫ সেশন থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ হচ্ছে। এর মাধ্যমে ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল হচ্ছে।

    সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    এদিন পূর্বের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে সভা শুরু হয়।

    জানা গেছে, দুপুর সাড়ে ১২টা থেকে এই সভা শুরু হয়। সভায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন ঢাবি উপাচার্য ও সাত কলেজে অধ্যক্ষরা। এসময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

    সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন আব্দুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রাশেদা ইরশাদ নাসির, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ আব্দুলাহ আল মামুনসহ বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দীন আহমেদ, হিসাব পরিচালক সাইফুল ইসলাম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন শিশির এবং সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

    Facebook Comments Box
  • সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা

    সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা

    মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশী নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আহাদ মিয়া (৪৫), পিতা-মৃত ইউসুফ আলী, নয়াবস্তি (উলাছড়া বস্তি সংলগ্ন), দশটিকি, কুলাউড়া, মৌলভীবাজার।

    স্থানীয় সূত্র জানায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে নয়াবস্তি এলাকায় প্রতিবছরের ন্যায় আহাদ মিয়া ফসল ফলানোর জন্য জমি ইজারা নেয়। কিন্তু এবছর জমি ইজারা না দেয়ায় ভারতীয় নাগরিক হায়দার আলী গংদের সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

    পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৪টার দিকে আহাদ মারা যায়।

    কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপচার ভারতীয় নাগরিতের হাতে বাংলাদেশি খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    Facebook Comments Box
  • জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ

    জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ

    প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনের সহ-সভাপতি শামীম আহমেদ।

    এসোসিয়েশনের সভাপতি ২১ জানুয়ারি জরুরী কাজে দেশের বাইরে যাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী শামীম আহমেদকে এই দায়িত্ব দেওয়া হয়।

    এসোসিয়েশনের প্রচার ও দপ্তর সম্পাদক ফয়ছল আলম আরো জানান, সংগঠনের সভাপতি যুক্তরাষ্ট্রে ফিরে আসার আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে অধিষ্ঠিত থাকবেন। এদিকে শামীম আহমদ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

    Facebook Comments Box
  • ঢাকায় নিউইয়র্ক স্টেট বিএনপির সভায় জাতীয় নেতৃবৃন্দ

    ঢাকায় নিউইয়র্ক স্টেট বিএনপির সভায় জাতীয় নেতৃবৃন্দ

    নিউইয়র্ক স্টেট বিএনপি উদ্যোগে এক আলোচনা সভা ২৫ জানুয়ারি দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘আব্দুস সালাম হল’ এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপি সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক সাইদুর রহমান সাঈদ। অনুষ্ঠান মঞ্চে বিশেষ সম্মানীত অতিথি হিসেবে উপবেশন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির নির্বাহী সদস্য আলহাজ আবদুল লতিফ সম্রাট এবং গিয়াস আহমেদ, স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন। এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক যুগ্ম আহব্বায়ক হুমায়ুন কবীর, কাউসার আহমেদ, রানা চৌধুরী এবং শাহীন আব্দুল্লাহ।

    প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশারফ প্রবাসের নেতা-কর্মীগণের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে গত ১৫ বছর লাগাতার আন্দোলনের প্রভাব বাংলাদেশে তাৎক্ষণিকভাবে পরিলক্ষিত না হলেও গণতন্ত্র প্রত্যাশী মানুষের আন্দোলনকে ত্বরান্বিত করেছে।
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি ইঙ্গিত করে ড. খন্দকার মোশরাফ বলেন, অনেকেই দাবি করতে চান যে জুলাই-আগস্টের আন্দোলনেই স্বৈরাচারের পতন ঘটেছে, দেশ গণতন্ত্র ফিরে পেয়েছে, দেশের মানুষ আজ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। প্রকৃত সত্য হচ্ছে এই আন্দোলন গত ১৭ বছর যাবতই চলেছে। তা কেউ অস্বীকার করতে পারবে না। বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলায় শাস্তি দেয়া হয়েছিল, তারপরও বিএনপির নেতা-কর্মীরা থেমে থাকিনি। মামলা-হামলা-জেল-গুম-খুন উপেক্ষা করেই বিএনপি রাজপথে সরব ছিল। এটি ইতিহাসই সাক্ষ্য দেবে অনন্তকাল।
    বক্তারা দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের ফসল হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এখোন সময় হচ্ছে বহুল প্রত্যাশিত নির্বাচনের মধ্যদিয়ে জনগণের সরকারের ক্ষমতায় অধিষ্ঠিত করার। এ নিয়ে কালক্ষেপণের অর্থ হবে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটানোর সামিল। বক্তারা আন্দোলনে উৎখাত হওয়া সরকারের মন্ত্রী-এমপিদের লুটতরাজের হদিস উদঘাটনের মাধ্যমে সমুচিত শাস্তির দাবিও জানান। তাহলেই ভবিষ্যতে ক্ষমতায় বসে অন্যরা লুটতরাজে সাহসী হবে না।

    Facebook Comments Box
  • ট্রাম্পমিত্র গ্রাহাম বললেন ক্যাপিটল দাঙ্গাবাজদের ক্ষমা করা ‘ভুল’

    ট্রাম্পমিত্র গ্রাহাম বললেন ক্যাপিটল দাঙ্গাবাজদের ক্ষমা করা ‘ভুল’

    রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মনে করেন, ২০২১ সালের ৬ জানুয়ারি যারা কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গিয়ে পুলিশকে পিটিয়েছে, তাদেরকে ক্ষমা করা ‘ভুল’ সিদ্ধান্ত। ক্যাপিটল হিলে দাঙ্গায় অংশ নেওয়ার অভিযোগে জেল খাটা একজন ‘সেদিন ভুল করেছিলেন’ বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্ষমা প্রত্যাখ্যান করার পর, এবার একই সুরে কথা বলেছেন খোদ ট্রাম্পের এই মিত্র। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, তিনি মনে করেন, যারা সেদিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গিয়ে পুলিশকে বেধড়ক পিটিয়েছে, তাদেরকে ক্ষমা করে দেওয়াটা ‘ভুল’ সিদ্ধান্ত। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প যা করেছেন, তাতে অবাক হননি বলেও জানান এই সিনেটর।

    ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার প্রথম কার্যদিবসেই ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় জড়িত প্রায় ১৬০০ জন দাঙ্গাবাজকে ক্ষমার আদেশ দেন। এই আদেশের পর পরই ক্ষমা প্রত্যাখ্যান করেন ওই দাঙ্গায় দোষী সাব্যস্ত এক নারী পামেলা হেমফিল। তিনি গণমাধ্যমে বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার জন্য কোনও ক্ষমা হওয়া উচিত নয়।

    আর এখন লিন্ডসে গ্রাহামও দাঙ্গাবাজদেরকে ক্ষমা করার সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করলেন। এনবিসি নিউজে গ্রাহাম সতর্ক করে দিয়ে বলেন, “ঢালাও ক্ষমা আরও সহিংসতা ডেকে আনতে পারে। কারণ, এই ক্ষমায় মনে হতে পারে, যা করা হয়েছে তা ঠিকই আছে।”

    গ্রাহাম এও বলেন, “ট্রাম্প দাঙ্গাবাজদের ক্ষমা করে কেবল তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছেন। তাই বিষয়টি নিয়ে অবাক হওয়ার কিছু নেই। “তারপরও আমি বলব, লোকজন যারা শহর পুড়িয়ে দিয়েছে, পুলিশকে মারধর করেছে তাদের জেলের সাজা থেকে বের করে আনা কিংবা ক্ষমা করার বিষয়টি আমি পছন্দ করি না- সে আপনি রিপাবলিকান বা ডেমোক্র্যাট যে-ই হোন না কেন।”

    ট্রাম্প ২০১৬ সালে নির্বাচনে জিতে হোয়াইট হাউজে উঠলেও সেই চার বছর গেছে ‘বিশৃঙ্খলা আর সমালোচনার’ মধ্য দিয়ে। এরপর ২০২০ সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়লেও হেরে যান জো বাইডেনের কাছে।

    দ্বিতীয় দফার নির্বাচনের হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যৌথ অধিবেশনে ডেমোক্র্যাট জো বাইডেনের নির্বাচনে জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় রিপাবলিকান দলের তৎকালীন পরাজিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকরা ভবনটিতে হামলা চালায়। এতে পুলিশসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছিলেন। ট্রাম্প-সমর্থকদের নজিরবিহীন ওই তান্ডবে হতভম্ব হয় যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বের মানুষ। এই হামলাকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর বড় ধরনের আঘাত বলে বর্ণনা করেন অনেকেই। দাঙ্গার ঘটনাকে ‘অভ্যুত্থানচেষ্টা’ বলে অভিহিত করেছেন অনেক আমেরিকান রাজনীতিবিদ।

    Facebook Comments Box