গ্রেস মেং-এর চেষ্টায় সিনিয়র সেন্টারের সংস্কারে কংগ্রেসের অনুদান সাড়ে ৮ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:১৫ পূর্বাহ্ণ

গ্রেস মেং-এর চেষ্টায় সিনিয়র সেন্টারের সংস্কারে কংগ্রেসের অনুদান সাড়ে ৮ লাখ ডলার

ফ্লাশিংয়ের সিনিয়র সেন্টার সংস্কারে সাড়ে ৮ লাখ ডলারের চেক এনেছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।

নিউইয়র্ক সিটির ফ্লাশিংয়ে প্রবীনদের বসবাসকেন্দ্র ‘মার্টিন ল্যান্ডে হাউজ’র সংস্কারে কংগ্রেসের বিশেষ তহবিল থেকে সাড়ে ৮ লাখ ডলার এনেছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। চেকটি এই কেন্দ্রের পরিচালনার দায়িত্বরত ‘সেল্ফহেল্প কম্যুনিটি সার্ভিস’কে প্রদান উপলক্ষে ৫ ডিসেম্বর শুক্রবার বর্নাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শতাধিক প্রবীনসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারিরা এতে ছিলেন। এ সময় প্রদত্ত বক্তব্যে ডেমক্র্যাটিক পার্টির এই কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, প্রবীনদের কল্যাণে কাজের বিশেষ একটি অঙ্গিকার রয়েছে আমার। সে তাগিদেই ৬৫ বছরের পুরনো এই ভবনটিকে সংস্কারের জন্যে কংগ্রেসের অনুদানের চেষ্টা করেছি। মার্টিন ল্যান্ডে হাউজের সংস্কারের এই অর্থ আনতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। কারণ, সংস্কারের পর এটি বয়স্কদের বসবাসে স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরী করবে। আবাসন ব্যয় সাশ্রয়ী হবে। একইসাথে সকলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্মল আনন্দদায়ক পরিবেশে বাকিটা জীবন অতিবাহিত করার সুযোগ তৈরী করবে। ভবনটিকেও সবধরনের ঝুঁকিমুক্ত করতে সক্ষম হবে-যা আরো বহুবছর ব্যবহার করা যাবে। গ্রেস মেং ‘সেল্ফহেল্প কম্যুনিটি সার্ভিস’র সাথে জড়িত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারা অসাধারণ কাজ করছেন প্রবীনদের জন্যে। প্রবীনদের কথা অনেকেই ভাবি না, অথচ সকলকেই প্রবীন হতে হবে এবং জীবনের শেষদিনগুলো যাতে সুন্দরভাবে কাটানো যায়-তা নিয়ে কালক্ষেপণের অবকাশ থাকা উচিত নয়।

ফ্লাশিংয়ের সিনিয়র সেন্টারের সমাবেশে বক্তব্য দিচ্ছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। ছবি- এনওয়াইভয়েস২৪ডটকম। ।

এ সময় স্থানীয় সিটি কাউন্সিলওম্যান স্যান্দ্রা উং বলেন, এই মার্টিন ল্যান্ডে হাউজটি ১৯৭০ সালে ৩০০ জন প্রবীনের নিরাপদ বসবাসের অন্যতম অবলম্বন হিসেবে কাজ করছে। ভবনটিতে প্রবীনরা নিজ ভাষা ও সংস্কৃতির আদলে সময় কাটাতে পারছেন। এমনি অবস্থায় কংগ্রেসের প্রদত্ত অনুদানের অর্থ ভবনে বসবাসরতদের দিনাতিপাতকে আরো আনন্দময় করবে। তারা সকলেই এই ভবনকে আরো আপন ভাবতে দ্বিধা করবেন না। আর এমন একটি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্যে আমি সিটি কাউন্সিলের পক্ষ থেকে কংগ্রেসওম্যানকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন থেকেই গ্রেস মেং তার নির্বাচনী এলাকার সামগ্রিক কল্যাণে নিবেদিত রয়েছেন এবং এজন্যে তিনি বারবার নির্বাচিত হচ্ছেন বিপুল জনসমর্থনে।

ফ্লাশিংয়ের সিনিয়র সেন্টারের সমাবেশে প্রবীনরা। ছবি- এনওয়াইভয়েস২৪ডটকম। ।

এ সময় কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আরো বক্তব্য দেন সেল্ফহেল্প রিয়েল্টি গ্রুপের নির্বাহী পরিচালক লিসা ট্রুব এবং সেল্ফহেল্প কম্যুনিটি সার্ভিসের সিইও স্টুয়ার্ট ক্যাপলেন। এই ভবনের বাসিন্দাগণের কয়েকজন আবেগ-আপ্লুত হয়ে গ্রেস মেং-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। কারণ, ভবনটি জরাজীর্ন হয়ে পড়ায় অনেকে দুশ্চিন্তায় নিপতিত হয়েছিলেন।

Facebook Comments Box

Posted ৮:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us