নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী যোহরানকে ঘিরে বাংলাদেশীরাও উজ্জীবিত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৩৮ পূর্বাহ্ণ

নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী যোহরানকে ঘিরে বাংলাদেশীরাও উজ্জীবিত

জনসংযোগে যোহরান মামদানি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্ক সিটির চারশত বছরের ইতিহাসে প্রথম একজন মুসলমান প্রধান রাজনৈতিক দল ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হবার সক্ষমতা অর্জনের পর যোহরান মামদানি (৩৩) রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ ক্ষমতাসীন বিত্তশালীদের রোষানলে পড়েছেন। গত ২৪ জুন অনুষ্ঠিত প্রাইমারিতে (দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন) এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন যে, ৪ নভেম্বরের মূল নির্বাচনে যোহরান যদি বিজয়ী হন তাহলে নিউইয়র্ক সিটির কর্তৃত্ব তিনি হোয়াইট হাউজে ন্যাস্ত করবেন। একইসাথে এই সিটির বর্তমান মেয়র এরিক এডামস এবং দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে হেরে যাওয়া নিউইয়র্কের সাবেক স্টেট গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো পরস্পরকে আহবান জানাচ্ছেন যে কোন একজন নির্বাচন থেকে সরে গেলেই যোহরানকে পরাজিত করার পথ সুগম হবে। এরা দু’জনই ডেমক্র্যাট। তারা মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এরিক এডামস নানা অপকর্মের মামলা থেকে রক্ষা পাবার জন্যে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমর্থক হয়ে উঠায় এই সিটির ডেমক্র্যাটরা তাকে বর্জনের ঘোষণা দেয়ায় ট্রাম্পের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। যোহরানের বিরুদ্ধে আরো ক’জন স্বতন্ত্র প্রার্থী ছাড়াও মাঠে রয়েছেন রিপাবলিকান কার্টিজ স্লিওয়া। সকল প্রার্থীর ওপর এ মাসের ২ থেকে ৬ তারিখের মধ্যে ‘স্লিঙ্গশট স্ট্র্যাটেজিক’ চালানো এক জরিপে দেখা যাচ্ছে যে, নিকটতম প্রতিদ্বন্দ্বি ক্যুমোর চেয়ে যোহরান ১৫% এগিয়ে আছেন। অর্থাৎ জরিপে অংশগ্রহণকারিগণের ৩৫% যোহরানকে ভোট দেয়ার কথা বলেছেন। ২৫% বলেছেন যে তারা ক্যুমোকে ভোট দেবেন। আর রিপাবলিকান কার্টিজকে দেবেন ১৪%। মেয়র এরিক এডামসকে দেবেন ১১%। ১০৩৬ জন রেজিস্টার্ড ভোটারের ওপর পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারিগণের মধ্যে যাদের কলেজ পর্যন্ত লেখাপড়া নেই এবং যাদেও বয়স ৪৫ থেকে ৬৪ বছরের মধ্যে তারা কেউই যোহরানকে ভোট দেবেন না। অর্থাৎ ভোটার হিসেবে নয়া তালিকাভুক্ত এবং উচ্চ শিক্ষিতরাই ঝুকেছেন যোহরানের পক্ষে। শুধু তাই নয়, রিপাবিলকান পার্টির সমর্থক হিসেবে তালিকাভুক্তদের ৭% যোহরানকে ভোট দেয়ার কথা বলেছেন।

এস্টোরিয়ায় একটি নির্বাচনী সমাবেশে যোহরান মামদানির সাথে ওসমান চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এদিকে, যোহরানের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য যতো বেশী হচ্ছে ততোই সাধারণ ভোটারের মধ্যে তরুণ এই মুসলিম আমেরিকানের গ্রহণযোগ্যতা বাড়ছে। সর্বশেষ ৮ জুলাই ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স (ইউএফটি) ইউনিয়নের পক্ষ থেকে যোহরানকে সমর্থনের ঘোষণা দেয়া হলো। দু’লাখ ভোটারের প্রতিনিধিত্বকারি এই সংস্থার সমর্থন লাভের মধ্যদিয়ে যোহরানের বিজয়ের পথ আরো সুগম হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন। একইদিন সন্ধ্যায় এস্টোরিয়ায় একটি সমাবেশে যোহরান ভোটারগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন যে, এই সিটির ইতিহাসে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে তিনি সবচেয়ে বেশী ভোট পেয়ে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হয়েছেন। ভোটের সংখ্যা ছিল ৫৬৫৬৩৯ অর্থাৎ গৃহিত ভোটের ৫৬.২১%। এ সমাবেশে ছিলেন কুইন্স কম্যুনিটি বোর্ড-২ এর সদস্য বাংলাদেশী আমেরিকান ওসমান চৌধুরী। তিনি বলেছেন, সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে যোহরানের বিকল্প নেই। নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীতে মুসলিম সদস্য হিসেবে ডেমক্র্যাট যোহরানের ভ’মিকা সবসময় প্রশংসিত হচ্ছে এবং অভিবাসী সমাজের পক্ষে সদা সরব থাকায় তার জনপ্রিয়তার পাল্লা প্রতিদিনই বাড়ছে। এজন্যে প্রাইমারি নির্বাচনে বাংলাদেশীসহ সকল সম্প্রদায়ের ভোটারের মধ্যে ব্যাপক সাড়া পড়েছিল। এই সিটির তালিকাভুক্ত ভোটারের দু’লাখের অধিক হলেন মুসলমান। এছাড়া আরো লাখ খানেক সিটিজেন রয়েছেন যারা ভোটার হিসেবে এখোন তালিকাভুক্ত হচ্ছেন। অর্থাৎ যোহরানকে ঘিরে মুসলিম কম্যুনিটিতে ব্যাপক জাগরণ তৈরী হয়েছে-যাতে বাংলাদেশীরাও আবর্তিত হচ্ছেন। প্রসঙ্গত: উল্লেখ্য, ইতিমধ্যেই এই সিটির কুইন্সের জ্যামাইকা, ওজোনপার্ক, জ্যাকসন হাইটস, ব্রঙ্কসের পার্কচেস্টার, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশীদের উদ্যোগে যোহরানের সমর্থনে সভা-সমাবেশ হয়েছে। সকলেই সংগঠিত হয়ে কেন্দ্রে গিয়ে যোহরানের বিজয়ে কাজের অঙ্গিকার করছেন।

যোহরান মামদানি এস্টোরিয়ায় একটি নির্বাচনী সমাবেশে। পাশে ওসমান চৌধুরীসহ নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এদিকে, ইউএফটি’র আগে যোহরানকে দ্ব্যর্থহীন সমর্থনের ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটির হোটেল-মোটেলের অধিকার নিয়ে কর্মরত ‘হোটেল ট্রেড কাউন্সিল’, ‘দ্য নিউইয়র্ক স্টেট নার্সেস এসোসিয়েশন’, ‘এসইআইইউ ৩২বিজে’ নামক শ্রমিক ফেডারেশনগুলো। এসব সংগঠন গত প্রাইমারিতে এান্ড্রু ক্যুমোর সমর্থক ছিল।

Facebook Comments Box

Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us