দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টিনার দুঃসংবাদ, মাঠের বাইরে মন্তিয়েল

এজাজ আহম্মেদ   প্রিন্ট
শনিবার, ২০ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ৭:২৯ পূর্বাহ্ণ

দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টিনার দুঃসংবাদ, মাঠের বাইরে মন্তিয়েল

সংগৃহীত ছবি

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন ভোরে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোটের ধাক্কা পেয়েছে লিওনেল স্কালোনির দল। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ম্যাচটিতে খেলতে পারবেন না দলের রাইট ব্যাক গনসালো মন্তিয়েল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মন্তিয়েলের অনুপস্থিতিতে শুরুর একাদশে দেখা যেতে পারে নাউয়েল মোলিনাকে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম একাদশে ছিলেন মন্তিয়েল। তবে চোটের কারণে বৃহস্পতিবার দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি। পরবর্তী পরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়ে। যদিও চোটটি গুরুতর নয়, তারপরও কোনো ঝুঁকি নিতে চাইছেন না কোচ স্কালোনি।

দলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মন্তিয়েল আজ ও আগামীকাল অনুশীলন করলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাকে বিবেচনা করা হচ্ছে না। ফলে তার জায়গায় মোলিনারই একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার আগেও চোটে ভুগছিলেন মন্তিয়েল। তবে বর্তমান চোটের সঙ্গে আগের সমস্যার কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে। এর আগে রিভার প্লেটের হয়ে অ্যাপার্তুরা টুর্নামেন্টের সেমিফাইনালে অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই কারণে বেলগ্রানোর বিপক্ষে ফাইনালেও খেলতে পারেননি এই ডিফেন্ডার।

বিশ্বকাপ প্রস্তুতি পর্বেও পুরোপুরি ফিট ছিলেন না মন্তিয়েল। প্রায় এক সপ্তাহ আলাদা অনুশীলন করার পাশাপাশি হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচও মিস করেন তিনি। পরে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফেরার বার্তা দিয়েছিলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

তবে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবরও আছে। কোচিং স্টাফের আশা, অস্ট্রিয়া ম্যাচের পর জর্ডানের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে পর্যাপ্ত সময় হাতে থাকায় দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারবেন মন্তিয়েল। তাই তার এই চোটকে দীর্ঘমেয়াদি কোনো দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছে না দল।

সূত্র: ওয়ান ফুটবল

Facebook Comments Box

Posted ৭:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us