এজাজ আহম্মেদ
প্রিন্ট
বুধবার, ২৪ জুন ২০২৬ সর্বশেষ আপডেট : ৮:১৪ পূর্বাহ্ণ
সংগৃহীত ছবি
মাঠের লড়াই শুরুর আগেই আবহাওয়ার কারণে অনিশ্চয়তায় পড়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। তবে সম্ভাব্য বজ্রঝড় ম্যাচ আয়োজন নিয়ে তৈরি করেছে শঙ্কা।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর কথা থাকলেও ওই সময়েই তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। ফলে ম্যাচ শুরুতে বিলম্ব কিংবা খেলা চলাকালে স্থগিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই খেলা বন্ধ করতে হয়। এছাড়া শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা না করে খেলা পুনরায় শুরু করা যায় না। ফলে আবহাওয়া খারাপ হলে দীর্ঘ সময়ের বিরতির সম্ভাবনা রয়েছে।
এর আগেও চলতি বিশ্বকাপে এমন পরিস্থিতি দেখা গেছে। ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে নতুন করে ওয়ার্মআপ করে মাঠে ফিরতে হয়েছিল ফুটবলারদের।
সম্ভাব্য বিলম্বের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে স্কটল্যান্ড। দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ পিছিয়ে গেলে তা মোকাবিলার জন্য তাদের আলাদা পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি যাই হোক, দল প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে স্কটল্যান্ডের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ ষোলো নিশ্চিত করতে তাদের অন্তত এক পয়েন্ট প্রয়োজন। তবে হারলেও অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে সুযোগ টিকে থাকতে পারে।
অন্যদিকে, ব্রাজিল শিবিরে রয়েছে সুখবর। চোট কাটিয়ে তারকা ফরোয়ার্ড নেইমারের ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। তার উপস্থিতি ম্যাচের আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে পারে।
তবে সব হিসাব-নিকাশ ছাপিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকলে দর্শকরা উপভোগ করবেন হাইভোল্টেজ এক লড়াই, আর বজ্রঝড় দেখা দিলে অপেক্ষা করতে হতে পারে ম্যাচ শুরুর জন্য।
Posted ৮:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর