এজাজ আহম্মেদ
প্রিন্ট
বুধবার, ২৪ জুন ২০২৬ সর্বশেষ আপডেট : ৮:০৪ পূর্বাহ্ণ
সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ শেষ হতেই বিদায় নিশ্চিত হয়েছে পাঁচটি দলের। ফিফার নতুন টাইব্রেকার নিয়মের কারণে আগের তুলনায় অনেক দ্রুত নির্ধারিত হচ্ছে দলগুলোর ভাগ্য, ফলে কাগজে-কলমে সম্ভাবনা থাকলেও বাস্তবে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হচ্ছে কয়েকটি দলকে।
এবারের বিশ্বকাপে পয়েন্ট সমান হলে প্রথমে গোল ব্যবধান নয়, বিবেচনায় নেওয়া হচ্ছে মুখোমুখি লড়াইয়ের ফল (হেড টু হেড)। এরপর দেখা হচ্ছে গোল ব্যবধান, গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড এবং সবশেষে ফিফা র্যাঙ্কিং। এই পরিবর্তিত নিয়মের প্রভাবেই দুই ম্যাচ শেষে বিদায় নিশ্চিত হয়েছে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান ও পানামার।
গ্রুপ ‘এল’-এ নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে ঘানার বিপক্ষে মাঠে নেমেছিল পানামা। তবে ১-০ গোলের পরাজয়ে টানা দুই ম্যাচ হারায় তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়।
সবচেয়ে হতাশাজনক বিদায় তুরস্কের। আর্দা গুলার ও কেনান ইলদিজদের দল দুই ম্যাচে মোট ৬২টি শট নিলেও গোলের দেখা পায়নি। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারার পর ১০ জনের প্যারাগুয়ের বিপক্ষেও গোল করতে ব্যর্থ হয়ে বিদায় নিশ্চিত হয় তুরস্কের।
হাইতির বিশ্বকাপ স্বপ্নও থেমে গেছে মাত্র দুই ম্যাচে। প্রথমে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারার পর ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলের পরাজয় তাদের বিদায় নিশ্চিত করে।
কোচ পরিবর্তন করেও ভাগ্য ফেরাতে পারেনি তিউনিসিয়া। জাপানের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানের হারের পর টানা দ্বিতীয় পরাজয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় উত্তর আফ্রিকার দলটি।
নবাগত জর্ডানও লড়াই করেও শেষ রক্ষা করতে পারেনি। অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হারের পর আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে তাদের।
ফিফার নতুন নিয়ম এবারের বিশ্বকাপকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অনিশ্চিত করে তুলেছে। ফলে গ্রুপ পর্বের শুরু থেকেই প্রতিটি ম্যাচ এখন হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।
Posted ৮:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর