এজাজ আহম্মেদ
প্রিন্ট
বুধবার, ২৪ জুন ২০২৬ সর্বশেষ আপডেট : ৬:১৯ পূর্বাহ্ণ
সংগৃহীত ছবি
বিশ্বকাপের নকআউট পর্বের মহারণ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ঠিক এমন মুহূর্তে ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও স্নায়ুচাপের অধ্যায়—’টাইব্রেকার’—এর নিয়মে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলতি টুর্নামেন্ট চলাকালেই এই নতুন নিয়ম কার্যকর করার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা চলছে।
বিদ্যমান নিয়ম অনুযায়ী, টাইব্রেকার শুরুর আগে রেফারিকে দুটি কয়েন টস করতে হয়।
প্রথম টস: কোন দল আগে শট নেবে তা নির্ধারণ করে।
দ্বিতীয় টস: মাঠের কোন প্রান্তের গোলপোস্টে শট নেওয়া হবে (অর্থাৎ কোন দলের গ্যালারির সামনে) তা ঠিক করে।
ফিফার নতুন প্রস্তাব অনুযায়ী, দুই টসের ঝামেলা কমিয়ে আনা হবে মাত্র একটি টসে। এই নিয়মে টসজয়ী দল দুটি সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ পাবে—হয় তারা আগে শট নেবে, না হয় নিজেদের সমর্থকপুষ্ট গ্যালারির প্রান্তটি বেছে নেবে। টসজয়ী দল যেটি ছেড়ে দেবে, টস হেরে যাওয়া দল স্বয়ংক্রিয়ভাবেই সেই সুবিধাটি পেয়ে যাবে।
বর্তমান নিয়মে চরম ভাগ্যবিড়ম্বনার শিকার হওয়ার সুনির্দিষ্ট নজির রয়েছে। কোনো দল যদি পরপর দুটি টসেই হেরে যায়, তবে তারা মনস্তাত্ত্বিকভাবে ব্যাকফুটে চলে যায়। তারা আগে শট নেওয়ার সুবিধাও হারায়, আবার নিজেদের সমর্থকদের সামনে খেলার ভরসাও পায় না।
সম্প্র্রতি উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইংলিশ ক্লাব আর্সেনাল এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। পিএসজির বিপক্ষে দুটি টসেই হেরে যাওয়ার পর মাঠের লড়াইয়েও টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় তাদের।
ফুটবল গবেষণায় দেখা গেছে, টাইব্রেকারে যারা আগে শট নেয়, তাদের জয়ের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে। আবার চেনা সমর্থকদের চিৎকার ফুটবলারদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। ফিফা মনে করছে, একটি দল যদি টস ভাগ্যে দুটি সুবিধাই পেয়ে যায়, তবে প্রতিপক্ষ দল শুরুতেই অসম প্রতিযোগিতার মুখে পড়ে। এই ‘অন্যায্য’ সুবিধা বন্ধ করতেই এক টসের নিয়ম আনার পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে ফুটবলের আইন প্রণয়ন সংস্থা ‘আইএফএবি’ (IFAB)-র সঙ্গে এ বিষয়ে আলোচনা সেড়েছে ফিফা।
পরিসংখ্যান ও মনস্তত্ত্ব যা-ই বলুক, ফুটবল মাঠ সব সময়ই অনিশ্চয়তার। সব সুবিধা পেলেই যে জয় নিশ্চিত, বিষয়টি তেমনও নয়। এর সবচেয়ে বড় উদাহরণ ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল। সেবার ফ্রান্স টাইব্রেকারে আগে শট নেওয়ার সুযোগ এবং নিজেদের পছন্দের গোলপোস্ট—দুটি সুবিধা পেয়েও আর্জেন্টিনার কাছে হেরেছিল।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দু-একদিনের মধ্যেই ফিফার পক্ষ থেকে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। আর তা হলে, চলতি বিশ্বকাপের নকআউট পর্ব থেকেই ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন টাইব্রেকারের এই নতুন রূপ।
Posted ৬:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর