মন্ট্রিয়লে ৩৯তম ফোবানা কনভেনশনে থাকবে

বাংলাদেশ ও কম্যুনিটির উন্নয়ন-প্রত্যাশা সম্পর্কিত ৪টি সেমিনার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও কম্যুনিটির উন্নয়ন-প্রত্যাশা সম্পর্কিত ৪টি সেমিনার

ফোবানা।

কানাডা-বাংলাদেশ সলিডারিটি’র আয়োজনে মন্ট্রিয়লের প্লাজা ডাউনটাউন হোটেলে আসছে লেবার ডে উইকেন্ড তথা আগস্টের ২৯ থেকে ৩১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য ৩৯তম ফোবানা কনভেনশনে বাংলাদেশের পরিস্থিতিসহ প্রবাসীদের স্বপ্ন-যাত্রা আলোকে গুরুত্বপূর্ণ সেমিনার থাকবে। আয়োজকরা ২৩ জুলাই এ সংবাদদাতাকে জানান যে, এই কনভেনশনে মেধা প্রজ্ঞা আর অভিজ্ঞতা সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক আলোচনার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে সেমিনার। উল্লেখ্য, আগস্টের ৩০ তারিখ শনিবার অপরাহ্ণ ২টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সেমিনার। বাংলাদেশ আর কানাডার স্বার্থ-সংশ্লিষ্ট সম-সাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে মোট চারটি কিনোট/মূল বক্তৃতার আয়োজন করা হয়েছে। অংশ নেবেন কানাডা আর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিকগণ, কানাডার সরকারি-বেসরকারি সেক্টরে কর্মরত অভিবাসী-বাংলাদেশি এবং কানাডায় বাংলা-ভাষাভাষী আলোকিত ব্যক্তিরা।

সেমিনার ব্যবস্থাপনা, সমন্বয় আর পরিচালনায় থাকবেন লেখক, বিতার্কিক, কলামিস্ট এবং অণুজীব বিষয়ে কানাডায় একটি বহুজাতিক কর্পোরেশনের ডিরেক্টর (টেকনিক্যাল সার্ভিস) ড. শোয়েব সাঈদ।

সাইবেরিয়া ফেডারেল বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক,বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক, বিশিষ্ট কলামিস্ট ড. এন এন তরুণ চক্রবর্তী বক্তৃতা করবেন “অর্থনৈতিক জাতীয়তাবাদের যুগে কানাডা-আমেরিকা বাণিজ্য যুদ্ধ” শীর্ষক বিষয়ে। এই অধিবেশনে সভাপতি থাকবেন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জন গলব্রেইথ।

কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের তড়িৎ এবং কম্পিউটার প্রকৌশলে পিএইচডিরত তরুণ গবেষক, সাংস্কৃতিক এ্যাক্টিভিস্ট আযফার আদীব উপস্থাপন করবেন “প্রযুক্তি, পরিচয় ও প্রবাস: ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা” শীর্ষক বক্তৃতা। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মোলসন বিজনেজ স্কুলের হিসাব রক্ষণ বিভাগের অধ্যাপক ড. মজিদুল ইসলাম।

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ক্লাসিক্যাল স্টাডিস বিভাগের অধ্যাপক, বিশিষ্ট লেখক, ইতিহাসবিদ ড. শুভ বসু উপস্থাপন করবেন “বৈশ্বিক রাজনীতির পরিবর্তন, জুলাই গণ-অভ্যুত্থান এবং বাংলাদেশের ভবিষ্যৎ”। এই সেশনে প্রিজাইডিং চেয়ার থাকছেন অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ের আইন এবং লিগ্যাল স্টাডিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হাসান।

কানাডা সরকারের কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক ড. নাসিম সাঈদি বক্তৃতা করবেন “অভিবাসীর অর্থনীতি, অর্থনীতিতে অভিবাসী” শীর্ষক বিষয়ে। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন অর্থনীতিতে কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ এম আহসান। এসব সেমিনারের প্যানেল আলোচনায় থাকবেন একঝাঁক প্রজ্ঞাবান আলোকিত বাংলাদেশি/বাংলা ভাষাভাষী শিক্ষক, গবেষক, লেখক, সামাজিক সাংস্কৃতিক এ্যাক্টিভিস্ট। তাঁদের অন্যতম হচ্ছেন বেটার বাংলাদেশ ফাউন্ডেশন-বিবিএফ’র চেয়ারম্যান এবং সিইও অধ্যাপক মাসুদ এ খান, চট্টগ্রাম ভেটেনারি এবং এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. আশিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.আবু সালেহ মোহাম্মদ সোয়াদ, কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল রিসার্চ স্কলার এবং কালচারাল এক্টিভিস্ট সৈকত, কানাডা সরকারের পলিসি এনালিস্ট শরিফ হাসান, কানাডা সরকারের এনালিস্ট আকলিমা চমন, ম্যাকগিলের গবেষক আজনা ইসলাম, মণিপুরি সংস্কৃতি, ঐতিহ্য বিশেষজ্ঞ হামোম প্রমোদ, মণিপুরি সাহিত্য সংস্কৃতি এ্যাক্টিভিস্ট শেরাম রিপন।

ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন আতিকুর রহমান এবং নির্বাহী সচিব রহিম নিহাল জানান, যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন সিটি থেকে প্রবাসীরা সপরিবারে তিনদিনের এই মহাসম্মেলনে অংশ নেবেন। ইতিমধ্যেই কয়েক ডজন সংগঠন তালিকাভুক্ত হয়েছে নিজ নিজ পরিবেশনা (নাটক, গান, নাচ, আবৃত্তি, টক-শো)’র জন্যে। আয়োজক কমিটির উদ্ধৃতি দিয়ে তারা আরো জানান, কানাডা সরকারের প্রতিনিধিরাও ফোবানা সম্মেলনে আসবেন। সবগুলো ইভেন্টে গুরুত্ব দেয়া হবে প্রবাস প্রজন্মকে।

Facebook Comments Box

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us