নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩৩ পূর্বাহ্ণ
আজীবন মুক্তিযোদ্ধার প্রচ্ছদ।
বিশ্বভ্রমণে একাত্তরের মুক্তিযুদ্ধের ডক্যুমেন্টারি ‘আজীবন মুক্তিযোদ্ধা’র নায়ক বিজ্ঞানী এবং সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী। কলকাতা, দিল্লী, জামানী, নেদারল্যান্ড, বেলজিয়াম এবং ইস্তাম্বুলের বেশ কটি স্থানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘আজীবন মুক্তিযোদ্ধা’র প্রদর্শনীতে সশরীরে উপস্থিত থেকে দশক-শ্রোতাগণের কৌতুহল মেটানোর অভিপ্রায়ে ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী। সাথে রয়েছেন সহধর্মীনি-বিজ্ঞানী ও বীর মুক্তিযোদ্ধা ড. জিনাত নবী।
কলকাতার নলিনীগুহ সভাঘরে ১২ সেপ্টেম্বর ‘এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরাম’র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্বভ্রমণের অভিযাত্রা শুরু হবে এই মুক্তিযোদ্ধা দম্পতির। ‘আমরা আবহমান সৃজনে, নির্মাণে’ শীর্ষক এ আলোচনায় সভাপতিত্ব করেন বরেণ্য শিক্ষাবিদ ড. পবিত্র সরকার। পরদিন ১৩ সেপ্টেম্বর ‘আজীবন মুক্তিযোদ্ধা’ প্রদর্শিত হবে কলকাতার বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ‘ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউট অব ইন্ডিয়া’ নামক একটি থিঙ্কট্যাংক ১৬ সেপ্টেম্বর এবং ‘ভারতীয় রিটায়ার্ড আর্মি অফিসাস ক্লাব’র উদ্যোগে নয়াদিল্লীতে আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর। এরপর ১৯ সেপ্টেম্বর জার্মানীর মিউনিখের সন্নিকটে আউসবার্গ এবং ২০ সেপ্টেম্বর ফ্রাঙ্কফুর্টে প্রদর্শনী হবে।
নেদারল্যান্ডের আর্মস্টারডামে ২১ সেপ্টেম্বর এবং বেলজিয়ামের ব্রাসেলস সিটিতে ২৩ সেপ্টেম্বরের পর ‘আজীবন মুক্তিযোদ্ধার শেষ প্রদর্শনী হবে তুরস্কের ইস্তাম্বুলে অন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। নাদিম ইকবাল নির্মিত ‘আজীবন মুক্তিযোদ্ধা’র এই বিশ্বভ্রমণের পর ৩ অক্টোবর যুক্তরাষ্ট্রে ফেরার কথা ড. নুরুন্নবী দম্পতির। উল্লেখ্য, একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে টাঙ্গাইলের কাদের সিদ্দিকীর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অসমসাহস আর মেধার স্বাক্ষর রাখা ড. নুরুন্নবীর যুদ্ধ-স্মৃতির ওপর এই প্রামাণ্যচিত্রটি ইতিমধ্যেই বাংলাদেশ ও সারাবিশ্বে সুধীজনের দৃষ্টি কেড়েছে।
Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর