হত্যা মামলায় বাংলাদেশের সাবেক এমপি মমতাজ বেগম ৪ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৩ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৬ পূর্বাহ্ণ

হত্যা মামলায় বাংলাদেশের সাবেক এমপি মমতাজ বেগম ৪ দিনের রিমান্ডে

বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. সাগর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে মমতাজের জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম, আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, মমতাজের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

এর আগে সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে সাগর পরে হাসপাতালে মারা যান।

এ ঘটনায় গত বছরের ২৭ নভেম্বর নিহত সাগরের মা বিউটি আক্তার মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনকে নামীয় এবং আরও ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম মামলার ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us