বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চলছে : রিজভী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২১ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৮ পূর্বাহ্ণ

বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চলছে : রিজভী

ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, গত ১৬ বছর শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চালিয়েছেন। সেই অপপ্রচার বর্তমানেও চলছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

অনুষ্ঠানে রিজভী বলেন, ফ্যাসিবাদের নির্যাতনের হাত থেকে ডা. জুবাইদা রহমানের মতো মানুষও রেহাই পাননি। একটি প্রখ্যাত পরিবারের সন্তান ডা. জুবাইদা রহমান। তার নামেও মিথ্যা মামলা দিয়েছে। অথচ তিনি বিনম্র আন্তরিকতার একজন মানুষ, রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধের অনন্য একজন মানুষ, তাকেও তারা ছাড় দেয়নি।

তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজের ইচ্ছামতো বাংলাদেশের ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিলেন। দেশে গণতন্ত্র থাকলে এমনটা সম্ভব হতো না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটি সম্ভব হতো না, যা শেখ হাসিনা করেছেন।

দেশে প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত ইতিহাস রচনা হবে, প্রকৃত গবেষণা হবে। যে গবেষণার ফলাফল দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে পারব।

বিএনপির এই মুখপাত্র বলেন, দেশে সংকট এখনো কাটেনি। গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং প্রতিষ্ঠিত করতে এখনো অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা; এ কাজগুলো আমাদের করতে হবে।

আর আমাদের গণতন্ত্র বিনির্মাণে তারেক রহমান যে ভূমিকা রাখবেন, সে আভাস আমরা পাচ্ছি।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us