অজিৎ ভৌমিক
প্রিন্ট
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৯:১৫ অপরাহ্ণ
গ্রেফতারকৃত সকল সাংবাদিকের মুক্তি এবং দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবিতে নিউইয়র্কে মানববন্ধনে কথা বলছেন ফরিদা ইয়াসমিন। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
অজিৎ ভৌমিক
সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতারকৃত সকল সাংবাদিকের নি:শর্ত মুক্তি এবং দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও বরখাস্তকৃত সাংবাদিকদের সসম্মানে পুনর্বহালের দাবিতে ৭ নভেম্বর শনিবার অপরাহ্নে নিউইয়র্কে ‘প্রবাসী সাংবাদিক ফোরাম’র ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিনর এবং সঞ্চালনা করেন সাংবাদিক পিনাকি তালুকদার।
বাংলাদেশে গণমাধ্যমের ওপর অঘোষিত দমন-পীড়নের ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ, কক্ষপথ-৭১’র পক্ষ্য থেকে এডভোকেট মিয়া জাকির, বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, কম্যুনিটি সংগঠক মোজাহিদ আনসারী, সোলায়মান আলী, এডভোকেট সোনিয়া সুলতানা, শেখ আবিদ হোসেন, পলাশ নন্দী, মিনহাজ সাম্মু, প্রমুখ।
সাংবাদিক নেতাগণের মধ্যে কথা বলেছেন শাবান মাহমুদ, শিতাংশু গুহ, সাজ্জাদ হোসেন সবুজ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি (নির্বাচিত) বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, শহীদুল হক জীবন, সুমী খান, শামিমা দৌলা, আব্দুল হামিদ, অজিৎ ভৌমিক প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, হত্যা মামলার আসামী করার হুমকি দেয়া হচ্ছে। ফলে কেউই সত্যনিষ্ঠ সাংবাদিকতায় সক্ষম হচ্ছেন না। এরফলে বাংলাদেশে অন্যায়-অবিচার লাগামহীনভাবে বেড়েছে। ভিন্নমত পোষণকারিরা মবের শিকার হচ্ছেন। হত্যার ঘটনাও ঘটছে সর্বত্র। যার সর্বশেষ নজির হলেন ইকবাল সোবহান চৌধুরী। তাকেও হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে নেয়া হলো।
সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বহির্বিশ্বে কর্মরত বাংলাদেশী সাংবাদিকদের নিয়ে বাংলাদেশে গণমাধ্যমের ওপর চলমান দমন-পীড়নের আলোকে একটি আন্তর্জাতিক সেমিনারের প্রস্তাব পেশ করেছেন। তা’না হলে বাংলাদেশে অমানবিক পরিস্থিতি রুখে দেয়া কঠিন হয়ে পড়বে।
Posted ৯:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24