নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবসে দেশের উন্নয়ন-অগযাত্রায় সকলের ঐক্য কামনা

আনিসুর রহমান   প্রিন্ট
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:২৩ অপরাহ্ণ

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবসে দেশের উন্নয়ন-অগযাত্রায় সকলের ঐক্য কামনা

নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির শুরুতে বিশেষ মোনাজাতে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

আনিসুর রহমান

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্ট প্রাঙ্গনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতা-কর্মীরা। জাতীয় ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে শামিল হওয়ারও আহ্বান জানানো হয় এ সমাবেশ থেকে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।

রং-বে রংয়ের বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধনের পরই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের জন্যে আজীবন লড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে নেতৃত্ব দেন যুবদলের সাবেক নেতা আমানত হোসেন আমান।

বিএনপি নেতা সরোয়ার খান বাবুর সঞ্চালনায় এ সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু এবং গোলাম ফারুক শাহীন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মোস্তফা কামাল পাশা বাবুল, জসীম ভূইয়া, ভিপি জসিম, এম এ সবুর, লস্কর শরীফ, রহিচ উদ্দিন, দেওয়ান কাউসার, আনিসুর রহমান,  এবাদ চৌধুরী, আমানতউল্লাহ আমান, বাসিত রহমান, মিজানুর রহমান, মনিরুল ইসলাম, জাহিদ প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ মহান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনা এবং দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

গিয়াস উল্লেখ করেন,  প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত রাষ্ট্র ও প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের বিভিন্ন ক্ষেত্রে যে নবজাগরণের সূচনা হয়েছে, তা এগিয়ে নিতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ওয়াশিংটন ডিসিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রেস উইং জানায়, যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত তারেক মোঃ আরিফুল ইসলাম। সকাল ১০ টায় দূতাবাস অডিটোরিয়ামে প্রানবন্ত একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দের উপস্থিতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান প্রথম সচিব মোঃ আবেদুর রহমান ও দ্বিতীয় সচিব মোঃ আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলর ও এইচওসি প্রভাষ লামারং।

রাষ্ট্রদূত আরিফুল ইসলাম তার বক্তৃতায় বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দিকনির্দেশনামূলক নেতৃত্ব বাংলাদেশকে সঠিক পথ দেখিয়েছে। ৭ নভেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশৃঙ্খল পরিবেশ থেকে শৃঙ্খলায় ফিরেছে। তাই ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।’

Facebook Comments Box

Posted ৯:২৩ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us